হরতালেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যেও আগামীকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সেশনজট দূর করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী সব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে। এর পরপরই জামায়াতে ইসলামী হরতালের ডাক দেয়। এর আগে গত বুধবার যখন মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন আপিল বিভাগ খারিজ করেছিলেন তখনো হরতাল ডেকেছিল দলটি। ওই দিন বৃহস্পতিবার হরতালের মধ্যেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের ডিগ্রি (পাস) কোর্সের প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়।