
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস-পরীক্ষা হলেও আতঙ্কে আছেন শিক্ষার্থীরা। গত ৫ জানুয়ারি দেশব্যাপী সহিংসতা শুরু হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় দেড় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত আটজন।
প্রত্যক্ষদর্শী, প্রক্টরের কার্যালয় ও শাহবাগ থানা সূত্র এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এক মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২১৯টি পরীক্ষার সবগুলো সময়মতো হয়েছে।
১৫ জানুয়ারি পর্যন্ত অবরোধ চলাকালীন নিয়মিত ক্লাস হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। তবে অবরোধের পাশাপাশি হরতালে ক্লাস অনিয়মিত হয়ে পড়ে। একপর্যায়ে সব ক্লাস বন্ধ হয়ে যায়। তবে দু-তিন দিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস চালু রাখার চেষ্টা করছে। তবে এই সময়ের মধ্যে মোট কতগুলো ক্লাস হওয়ার কথা বা কতগুলো হয়েছে, সে সম্পর্কে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো তথ্য নেই।
সেমিস্টার পদ্ধতির শিক্ষাব্যবস্থায় ক্লাসে উপস্থিতি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্লাস থাকলে বাধ্য হয়েই শিক্ষার্থীদের আসতে হয়। তবে বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কম। গত সপ্তাহের বিভিন্ন সময়ে কলা ভবন, কার্জন হল ও সামাজিক বিজ্ঞান অনুষদ ঘুরে দেখা গেছে, বেশির ভাগ শ্রেণিকক্ষে তালা দেওয়া। তবে বিভাগীয় কার্যালয়, ডিনের কার্যালয় ও প্রশাসনিক ভবন খোলা। দুপুরের পর অবশ্য নির্দিষ্ট সময়ের আগেই অনেক কর্মকর্তা-কর্মচারী চলে যান।
কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘বড় বড় কয়েকটি ঘটনায় ক্লাস হয়নি। এ ছাড়া নিয়মিত ক্লাস হচ্ছে। যেসব ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে শুক্র ও শনিবার ক্লাস নেওয়া হবে।’
শিক্ষক ও শিক্ষার্থীদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাম্পাসে প্রায় প্রতিদিনই ককটেল ফাটছে, তাতে প্রত্যেকেই আতঙ্কিত। ছাত্রদলের ডাকা দুই দফা ধর্মঘটের সময় সুপার গ্লু লাগিয়ে নষ্ট করা হয়েছে কার্জন হলের ১৭টি কক্ষের তালা।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী দাবি করেছেন, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গত এক মাসে তাঁদের ৩০-৩৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
হলগুলোতে ছাত্রলীগ প্রতিনিয়ত নজর রাখছে। দিনভর সংগঠনের নেতা-কর্মীরা ক্যাম্পাসে টহল দেন, রাতের বেলায়ও মিছিল হয়। গত এক মাসে ছেলেদের ছয়টি হল থেকে ছাত্রদল ও শিবিরের কর্মী সন্দেহে অন্তত ১৮ জনকে পিটিয়ে বের করে দিয়েছে ছাত্রলীগ। অবশ্য ছাত্রলীগের নেতা-কর্মীদের নিজেদের মধ্যেই সন্দেহ দানা বাঁধছে। ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. সোহাগ মিয়াকে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে হাতুড়ি দিয়ে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছেন তাঁরই সহকর্মীরা।
জ্যেষ্ঠ পরিবহন ব্যবস্থাপক মো. আজিজুল হক জানান, হরতাল-অবরোধেও বিশ্ববিদ্যালয়ের সব রুটের সবগুলো বাস প্রতিদিন চলছে।
জানতে চাইলে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, হরতাল-অবরোধে সারা দেশের শিক্ষাব্যবস্থাই একটা বিপর্যয়ে পড়েছে। এর মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা-ক্লাস-পরীক্ষা হচ্ছে। যেটুকু ক্ষতি হয়েছে, তা পূরণ করতে অতিরিক্ত ক্লাস নেওয়া ছাড়া কোনো উপায় নেই।
আরও পড়ুন: