হল্যান্ডের সন্ধ্যা হলুদ ফুল বাংলাদেশে

শীতপ্রধান দেশ হল্যান্ডের সূর্যমুখী-জাতীয় একটি ফুল ইভিনিং প্রিমরোজ। এই ফুলগাছের বীজ বাংলাদেশে এনে এ দেশের আবহাওয়ার উপযোগী করে বড় করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী। বাংলায় তাঁরা ফুলটির নাম দিয়েছেন সন্ধ্যা হলুদ ফুল। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝিতে গাছে ফুল এসেছে, যা এখনো সতেজ।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) প্লান্ট বায়োটেকনোলজি বিভাগের প্রধান নূর মোহাম্মাদ ইফতেখার আলম শুরুতে গবেষণা শুরু করেন। পরে বিভাগের ছাত্র মোস্তফা শাকিল, যুবায়ের হুসাইন, সাদরুল হাসান চৌধুরী, জহুরুল ইসলাম, জুলকারনাইনসহ আরও কয়েকজন জাহাঙ্গীর আলমকে সহায়তা করেছেন। গবেষকদের দাবি, বাংলাদেশে ইভিনিং প্রিমরোজ জন্ম নিল এই প্রথম। শিক্ষার্থীরা জানালেন, সুবাস, শোভাবর্ধন ও তেলবীজে ফুলটির কদর রয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রাথমিকভাবে বাংলাদেশের আবহাওয়ায় উপযোগী করে গাছটির জন্ম দিতে ও ফুল ফোটাতে সক্ষম হয়েছি। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আবহাওয়া ও পরিবেশগত দিক দিয়ে আমাদের দেশ অনেকটা ভিন্ন। তবে আমাদের জন্মানো গাছ ও ফুল প্রকৃত আকার থেকে সামান্য ছোট। টিস্যু কালচারের মাধ্যমে আমরা গাছটির ফুলের আকার ও মান উন্নয়নের চেষ্টা করছি।’
জাহাঙ্গীর আলম জানালেন, নূর মোহাম্মাদ ইফতেখার আলম প্রায় দেড় বছর আগে হল্যান্ড থেকে ইভিনিং প্রিমরোজফুলের কিছু বীজ নিয়ে আসেন। নূর মোহাম্মদ ও জাহাঙ্গীর আলম দুজনই গাছের জন্ম দেওয়া ও ফুল ধরানোর জন্য গবেষণা শুরু করেন। শুরুতে এক বছর ধরে দুজনের সম্মিলিত প্রচেষ্টার পরও তাঁরা ব্যর্থ হন। অবশেষে গত বছরের ডিসেম্বরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে বীজ থেকে গাছ হয়, তাতে ফুলও ধরে। বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল হক ও বিভাগীয় সভাপতি নিলুফা আক্তার বানু গবেষণায় সহায়তা করেছেন।
গবেষণার সঙ্গে জড়িত শিক্ষার্থীরা জানালেন, বাংলাদেশে তেলবীজ ও বাগানের শোভা বর্ধনের জন্য অনেক জাতের সূর্যমুখী চাষ করা হলেও কাট-ফ্লাওয়ারের (কেটে রাখার পর যেসব ফুল অনেক দিন থাকে) কোনো জাত নেই। কাট-ফ্লাওয়ার হওয়ার কারণে ফুলটি ফুলদানিতে অনেক দিন পর্যন্ত সতেজ থাকে এবং শুকিয়ে যাওয়ার পরও সুবাস ছড়ায়।
জাহাঙ্গীর আলম বলেন, ‘সুযোগ-সুবিধার কমতি থাকা সত্ত্বেও প্রাকৃতিক ফুল চাষ থেকে রপ্তানি আয় দিন দিন বাড়ছে। তাই এই কাট-ফ্লাওয়ার জাতটি নিয়ে আরও গবেষণা করতে পারলে আমরা হয়তো এর সুফল পাব।’ এ ছাড়া টিউলিপ ফুল এ দেশে ফোটানোর জন্য বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ গবেষণা করছে।