হাজী দানেশের ৬ নভেম্বরের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ৬ নভেম্বর বৃহস্পতিবারের পূর্বনির্ধারিত পরীক্ষা ৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ নভেম্বর যেসব ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেসব ইউনিটের পরীক্ষা ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী ‘সি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা শনিবার সকাল সাড়ে নয়টা থেকে ১১টা এবং ‘ই’ ইউনিটের পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্য ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিনের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি সভা আজ অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।