সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
প্রশ্ন: আসনের উপকারিতা কী?
উত্তর: নিয়মিত আসন অনুশীলন করলে শরীরের প্রতিটি স্নায়ুকোষ ও স্নায়ুতন্ত্র, টিস্যু, পেশি সতেজ হয় এবং কর্মক্ষম থাকে। এতে শরীর সুস্থ থাকে। মন প্রশান্ত থাকে।
প্রশ্ন: পূজা ও ধর্মানুষ্ঠানের সময় আমরা কী করি?
উত্তর: পূজা ও ধর্মানুষ্ঠানের সময় আমরা উপবাস থাকি। পূজা হয়ে গেলে আমরা উপবাস ভেঙে আহার গ্রহণ করি।
প্রশ্ন: গোমুখাসনের একটি উপকারিতা বর্ণনা করো।
উত্তর: গোমুখাসনের একটি উপকারিতা হলো এ আসন অনুশীলনে পরিপাকতন্ত্রের সব সমস্যা দূর হয়।
প্রশ্ন: উপাসনার ক্ষেত্রে আসনের ভূমিকা কী?
উত্তর: আসন দেহ ও মনের সুস্থতা আসে ও আমাদের প্রশান্ত করে তোলে এবং আমাদের দেহ ও মনকে একাগ্রচিত্তে ঈশ্বরের উপাসনার জন্য প্রস্তুত করে।
প্রশ্ন: স্বাস্থ্যরক্ষার জন্য কী কী নিয়ম পালন করতে হয়?
উত্তর: স্বাস্থ্যরক্ষার জন্য বেশ কিছু নিয়ম পালন করতে হয়। সেগুলোর মধ্যে রয়েছে নিয়মিত খেলাধুলা, ব্যায়াম, যোগব্যায়াম, পরিমিত আহার, মাঝে মাঝে উপবাস, সুখে-দুঃখে সব অবস্থায় মনকে প্রফুল্ল রাখা ইত্যাদি।
প্রশ্ন: শরীর ও মনের সুস্থতা প্রয়োজন কেন?
উত্তর: যে শরীর ও মন দিয়ে আমরা ঈশ্বর ও দেবতাদের উপাসনা করব, তা যদি সুস্থ না থাকে, তাহলে আমরা সঠিকভাবে তাঁর উপাসনা করতে পারব না। তাই সঠিকভাবে ধর্মচর্চার জন্য শরীর ও মনের সুস্থতা প্রয়োজন।
প্রশ্ন: আমরা কখন উপবাস থাকি আর কখন উপবাস ভাঙি?
উত্তর: বিভিন্ন পূজা-পার্বণ ও ধর্মানুষ্ঠানের সময় আমরা উপবাস থাকি। পূজা হয়ে গেলে আমরা উপবাস ভেঙে আহার গ্রহণ করি। যেমন: সরস্বতী পূজার সময় আমরা অঞ্জলি দেওয়ার পর আহার গ্রহণ করি।
প্রশ্ন: আসন কী?
উত্তর: আসন হচ্ছে শরীরকে একটি নির্দিষ্ট অবস্থায় স্থির করে রাখা। এটি যোগব্যায়ামের একটি বিশেষ পদ্ধতি।
বিনয় চন্দ্র পাল, শিক্ষক।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল