হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
অধ্যায়-৭
প্রশ্ন: সর্বাঙ্গাসন কাকে বলে?
উত্তর: যে আসন অভ্যাস করলে দেহের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ, সবল ও নীরোগ হয়, তাকে সর্বাঙ্গাসন বলে।
প্রশ্ন: গোমুখাসন নামকরণের কারণ কী?
উত্তর: এ আসন অনুশীলনের সময় অনুশীলকারীর পায়ের অবস্থান গরুর মুখের মতো হয়। তাই এ আসনের নাম গোমুখাসন।
প্রশ্ন: মুনি-ঋষিরা যোগসাধনার পদ্ধতি উদ্ভাবন করলেন কেন?
উত্তর: মুনি-ঋষিরা ঈশ্বরের উপসানা করতে গিয়ে দেখলেন শরীর নীরোগ ও কর্মক্ষম না হলে ঈশ্বর চিন্তা কেন, কোনো কাজই ভালোভাবে করা যায় না। তখন তারা শরীর ও মনকে সুস্থ রেখে ঈশ্বরের উপাসনা করার জন্য যোগসাধনার পদ্ধতি উদ্ভাবন করলেন।
প্রশ্ন: গোমুখাসনের দুটি উপকারিতা লেখো।
উত্তর: গোমুখাসনের দুটি উপকারিতা হলো—
১. এ আসন অনুশীলনে পরিপাকতন্ত্রের সমস্যা দূর হয়।
২. এ আসন অনুশীলনে পায়ের বাত রোগের উপশম ঘটে।
প্রশ্ন: আসন ধর্মের অঙ্গ কীভাবে?
উত্তর: আসন দেহ ও মনের সুস্থতা আনে। আমাদের প্রশান্ত করে তোলে। কিছু কিছু আচার-অনুষ্ঠানে নিয়মানুযায়ী নির্দিষ্ট আসনে বসতে হয়। আবার আসন আমাদের দেহ ও মনকে একাগ্রচিত্তে ঈশ্বরের উপাসনার জন্য প্রস্তুত করে। এভাবে আসন হয়েছে ধর্মের অঙ্গ।

অধ্যায়-৮
প্রশ্ন: দেশপ্রেম বলতে কী বোঝায়?
উত্তর: প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে পৃথিবীর নির্দিষ্ট একটি ভূখণ্ডে, যা তার কাছে তার দেশ। মানুষ জন্মভূমি বা দেশের আলো-বাতাস, অন্ন-জলে লালিত-পালিত হয়ে বেড়ে ওঠে। এ কারণে জন্মভূমি বা দেশের প্রতি একধরনের আবেগময় অনুরাগ জন্মায়। এ অনুরাগ ও ভালোবাসাই দেশপ্রেম।
প্রশ্ন: দেশপ্রেমিক কীভাবে দেশের স্বাধীনতাকে রক্ষা করেন?
উত্তর: দেশপ্রেমিক দেশের স্বাধীনতা রক্ষার্থে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করেন। এমনকি প্রয়োজনে দেশের জন্য হাসিমুখে জীবন দিতেও দ্বিধা বোধ করেন না।
প্রশ্ন: দেশপ্রেম মানুষের মধ্যে কী সৃষ্টি করে?
উত্তর: দেশপ্রেম মানুষের মধ্যে আবেগ, উদ্যম ও কর্মচাঞ্চল্য সৃষ্টি করে। দেশ ও জাতির অগ্রগতির লক্ষ্যে প্রেরণাময় চালিকা শক্তি হিসেবে কাজ করে।
প্রশ্ন: রানী বিদুলা পুত্রকে ভর্ত্সনা করলেন কেন?
উত্তর: সিন্ধুদেশের রাজা সৌবীররাজ্য আক্রমণ করে সঞ্জয়কে পরাজিত করে রাজ্য অধিকার করে। রাজ্য হারিয়ে সঞ্জয় কোনো চেষ্টা না করাতে মা বিদুলা সঞ্জয়কে ভর্ত্সনা করলেন।
প্রশ্ন: ‘শত্রুকে পরাজিত করে হারানো রাজ্য উদ্ধার করো’—উক্তিটি কে এবং কাকে করেছিলেন?
উত্তর: আলোচ্য উক্তিটি সঞ্জয়ের মা রানী বিদুলা তাঁর ছেলে সঞ্জয়কে উদ্দেশ্য করে বলেছিলেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকালধ
শিক্ষক