হিপহপের মঞ্চে...

শুরুটা বাসার ছাদে। ফাঁকা পেলে আবাহনী মাঠের পাশে অথবা ফুটপাতেই চলত চর্চা। এখনো সেভাবেই চলছে। ফুটপাতে অনুশীলন করেই ব্লু পপার্স ড্যান্স ক্রু নামের দলটি এবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছে। দিন-রাত চলছে অনুশীলন। দেশের বাইরে গিয়ে নিজেদের সেরাটা তো দেওয়া চাই!
ব্লু পপার্স মূলত একটা হিপহপ নাচের দল। এরই মধ্যে দেশের বিভিন্ন অনুষ্ঠানে নেচে আলোচনায় এসেছে তারা। সেই সুবাদেই বাংলাদেশ থেকে তারা অংশ নিচ্ছে ১৫তম ওয়ার্ল্ড হিপহপ ড্যান্স কম্পিটিশনে। এ বছর ৮ থেকে ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হবে হিপহপ ড্যান্সের এই জনপ্রিয় প্রতিযোগিতা। ‘নন অ্যাফিলিয়েট স্পেশাল ইনভাইটেশন’ হিসেবে ব্লু পপার্স ড্যান্স ক্রু এই প্রতিযোগিতায় ‘অ্যাডাল্ট’ বিভাগে অংশ নেবে। সম্ভাব্য আট সদস্যের দল নিয়ে এখন চলছে জোর প্রস্তুতি। দলে আছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র (ইউআইইউ) আবদুল্লাহ গালিব খান, হাসিন আহবাব, অভি প্রামাণিক, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া হৃদ ইফ্ফাদ, মাস্টারমাইন্ড স্কুলের গোলাম রাব্বানী, গ্রিন ডেমস স্কুলের আহনাফ নুয়ান, সরকারি তিতুমীর কলেজের রাসেল সরকার ও তায়কোয়ান্দো খেলোয়াড় কামরুল।
বিশ্বের জনপ্রিয় নাচের মধ্যে হিপহপ অন্যতম। মূলত পশ্চিমা সংস্কৃতি হিসেবে পরিচিত এই নাচের চর্চা চলে বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রভিত্তিক নাচের সংগঠন হিপহপ ইন্টারন্যাশনাল ২০০২ সাল থেকে ওয়ার্ল্ড হিপহপ ড্যান্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে। প্রতিযোগিতা নিয়ে ব্লু পপার্সের অন্যতম সংগঠক আবদুল্লাহ গালিব খান বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সরাসরি যেসব দেশ হিপহপ ইন্টারন্যাশনালের সদস্যভুক্ত, সেখানে আলাদা প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি দেশ থেকে দল নির্বাচন করা হয়। এ রকম ৪৬টি দেশ আছে যারা তাদের তালিকাভুক্ত। ভারত বেশ কয়েক বছর ধরে এই প্রতিযোগিতায় যাচ্ছে তালিকাভুক্ত দেশ (অ্যাফিলিয়েট কান্ট্রি) হিসেবে। আমাদের ইচ্ছা আছে নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে বাংলাদেশকে সেখানে যুক্ত করার।’
ভিনদেশি এই নাচ কোথায় শিখেছে ব্লু পপার্স? প্রশ্নের উত্তর মিলল আরেক সদস্য গোলাম রাব্বানীর কথায়, ‘আমরা ইউটিউব দেখেই নাচের স্টেপগুলো আয়ত্তে আনার চেষ্টা করি। এ ছাড়া নিয়মিত শরীর চর্চা করতে হয়। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় যাওয়ার জন্য অনেক দিন ধরেই আমরা চেষ্টা করছিলাম। শেষমেশ সুযোগ এল এ মাসেই। আমরা সেখানে দেশি ঐতিহ্যগুলোকে নাচের মাধ্যমে তুলে ধরব।’
অনেক দিন ধরে হিপহপ নাচের চর্চা করছেন তাঁরা। দলের সদস্য ৫৭ জন। তবে সেখান থেকে আটজন নিয়ে গড়া হয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতার দল। সুযোগটা কীভাবে এল? বিশ্বমঞ্চে নাচার? দলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেল, কয়েক দফা অনলাইনে আলোচনা, নাচের ভিডিও আর কার্যক্রম দেখেই হিপহপ ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ দলটিকে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়। মোট চারটি বিভাগে এখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়—অ্যাডাল্ট, ভার্সিটি, জুনিয়র ও মেগা ক্রু। প্রিলিমিনারি, সেমি ফাইনাল ও ফাইনাল—এই তিনটি ধাপে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। আর প্রতিটি বিভাগ থেকেই তিনটি দল বিজয়ী হিসেবে সোনা, রুপা ও তামার পদক পাবে। পুরস্কার হিসেবে রয়েছে অর্থমূল্য।
সবকিছু প্রায় গুছিয়ে আনলেও ব্লু পপার্স এখন পৃষ্ঠপোষক খুঁজছে। কারণ, প্রতিযোগিতায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়া-আসা, থাকা, খাওয়ার সব খরচ নিজেদেরই বহন করতে হবে। আবদুল্লাহ গালিব খান বলেন, ‘অনেক দেশেই বড় বড় প্রতিষ্ঠান হিপহপ প্রতিযোগিতার দলগুলোকে আর্থিক সাহায্য করে। আমরা প্রথমবারের মতো এমন একটি সুযোগ পেলেও স্পনসরের জন্য অনিশ্চয়তায় রয়েছি। কোনো প্রতিষ্ঠান আমাদের স্পনসর হিসেবে এগিয়ে আসুক—সেটাই আমাদের চাওয়া।’