পরামর্শ
প্রিয় শিক্ষার্থীরা, হিসাববিজ্ঞান একটি প্রায়োগিক বিষয়। প্রচুর অনুশীলনীর মাধ্যমে তুমি সহজেই এই বিষয়ে A+ পেতে পারো। তবে পরীক্ষায় প্রশ্নের উত্তরে তোমাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে।
হিসাববিজ্ঞানে দুটি বিভাগ রয়েছে। ক অংশ হলো বাধ্যতামূলক। এখানে তোমাকে দুটি আর্থিক বিবরণী প্রস্ত্তত করতে হবে আর খ অংশে তোমাকে জাবেদা, খতিয়ান, হিসাবের শ্রেণিবিভাগ, লেনদেন, রেওয়ামিল, নগদান বই, উৎপাদন ব্যয় বিবরণী, পারিবারিক হিসাব থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাই প্রথমে তোমাকে প্রশ্নটি ভালোভাবে পড়তে হবে। যেমন: আর্থিক বিবরণী প্রস্ত্ততের ক্ষেত্রে নিট ক্রয়, নিট বিক্রয়, নিট দেনাদার, নিট পাওনাদার, বিক্রীত পণ্যের ব্যয় সম্পর্কে জানতে হবে এবং আর্থিক অবস্থা নির্ণয়ে সম্পত্তিগুলো শ্রেণিবিন্যাস করে অর্থাৎ প্রথমে চলতি সম্পত্তি, তারপর দীর্ঘমেয়াদি বিনিয়োগ, তারপর চলতি সম্পত্তি এবং বিলম্বিত বিজ্ঞাপন থাকলে অন্যান্য সম্পত্তি লিখতে হবে। দায় পাশে প্রথমে চলতি দায় তারপর দীর্ঘমেয়াদি দায় এবং মালিকানা স্বত্ব লিখতে হবে। খ অংশে তোমাকে হিসাবের শ্রেণিবিভাগ অর্থাৎ সম্পদ দায়, আয়, ব্যয়, মালিকানা স্বত্ব সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং হিসাব সমীকরণের প্রভাব এবং লেনদেনের প্রভাব সম্পর্কে ভালো ধারণা নিতে হবে। রেওয়ামিলের ক্ষেত্রে কোনো কোনো দফা রেওয়ামিলে আসবে না এবং চলতি সম্পত্তি ও চলতি দায় সম্পর্কে জানতে হবে। নৈর্ব্যক্তিক ৪০-এর মধ্যে সম্পূর্ণ নম্বর পাওয়ার জন্য মূল বই ভালোভাবে পড়বে এবং টেস্ট পেপার থেকে নামকরা স্কুলগুলোর নৈর্ব্যক্তিক প্রশ্ন ভালোভাবে পড়বে। সর্বোপরি ভালোভাবে উপরিউক্ত অধ্যায়গুলো অনুশীলন করলে অবশ্যই ভালো রেজাল্ট করবে।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা