হিসাববিজ্ঞান ১ম পত্র
প্রশ্ন: ভ্যাট কি? বাংলাদেশে কোন সনে ভ্যাট চালু হয়? উত্তর: বাংলাদেশের কর ব্যবস্থায় একটি নতুন সংযোজন হিসেবে মূল্য সংযোজন কর (VAT) ব্যবস্থার সৃষ্টি হয়েছে। কর ফাঁকি রোধ, করের আওতা বৃদ্ধি, কর ব্যবস্থার সরলিকরণ করে সরকারের রাজস্ব বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভ্যাট চালু করা হয়েছে। এ মূল্য সংযোজন কর ব্যবস্থা বাংলাদেশে নতুন হলেও বিশ্বের উন্নত, অনুন্নত অনেক দেশে আগে থেকেই ভ্যাট ব্যবস্থা চালু ছিল। সংযোজিত মূল্যের উপর আরোপিত করই হল মূল্য সংযোজন কর (VAT)। অন্যভাবে বলা যায় যে, মোট উৎপাদিত পণ্যের মূল্যের উপর নির্ধারিত কর হতে মোট উপকরণের মূল্যের উপর নির্ধারিত করের পার্থক্য। অর্থাৎ উৎপাদনকারী পণ্যকে বিক্রয়যোগ্য করার জন্য কাঁচামাল বা উপকরণের সঙ্গে যে পরিমাণ মূল্য সংযোজন করে তার উপর নির্দিষ্ট হারে প্রদত্ত করকে মূল্য সংযোজন কর (Value Added Tax) বলে। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাখ্যা অনুযায়ী, ‘উৎপাদক তার কাঁচামাল বা ক্রীত পণ্যের মূল্যের সঙ্গে নতুন বা উন্নততর পণ্য বিক্রয় করার পূর্বে যে ব্যয় বা মূল্য যুক্ত করা হয় তাকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বলা হয়। নিচের একটি উদাহরণের মাধ্যমে মূল্য সংযোজন কর সম্বন্ধে দেখানো হল: একজন উপাদানকারী ৮,০০০ টাকার কাঁচামাল ক্রয় করে প্রক্রিয়াকরণ করে বিক্রয় উপযোগী করে ২০,০০০ টাকার বিক্রয় করল। এ ক্ষেত্রে মূল্য সংযোজন কর প্রদান করতে হবে (২০,০০০১৫%)-(৮,০০০১৫%)=(৩,০০০-১,২০০)=১,৮০০ টাকা। উপরের আলোচনা থেকে পরিশেষে বলা যায় যে, কোন পণ্যের কাঁচামালকে প্রক্রিয়াকরণ করে ব্যবহার উপযোগী করার জন্য পণ্য তৈরি করা হয়। সেই পণ্যের বর্ধিত মূল্যের উপর জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা নির্ধারিত করকে মূল্য সংযোজন কর বলা হয়। বাংলাদেশে নির্ধারিত করের পরিমাণ ১৫%। বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই থেকে ভ্যাট চালু হয়।