হিসাববিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: সমন্বয় দাখিলার সংজ্ঞা দাও। সমন্বয় দাখিলার প্রয়োজনীয়তা কী? উত্তর: সমন্বয় দাখিলা ‘সমন্বয়’ এবং ‘দাখিলা’ শব্দের একত্রিত রূপ। সাধারণ অর্থে সমন্বয় হলো, কোনো বিষয়ের প্রকৃত অবস্থা নির্ণয়ের প্রক্রিয়া বা পদ্ধতি। অর্থাৎ সমন্বয় হলো, কোনো হিসাব বা লেনদেনের সঠিক পরিমাণ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় যোগ বা বিয়োগ করা। আর দাখিলা শব্দের অর্থ হলো, লিপিবদ্ধকরণ অর্থাৎ কোনো লেনদেনের দ্বৈতসত্তা বিশ্লেষণের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট নির্ণয়পূর্বক জাবেদায় লিপিবদ্ধ করা। সুতরাং বলা যায়, কোনো নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের প্রকৃত ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য যেসব বিষয়ের যোগ-বিয়োগের প্রয়োজন হয়, ওই সব বিষয়ের জন্য প্রয়োজনীয় দাখিলা প্রদানকে সমন্বয় দাখিলা বলে। সমন্বয় দাখিলা সম্পর্কে কয়েকজন হিসাববিজ্ঞানীর মতামত নিচে দেওয়া হলো: (১) Pyle and Larson-এর মতে, ‘নির্দিষ্ট সময়ের আয় নির্ধারণ এবং আয়ের সঙ্গে ব্যয়ের সমন্বয়ের জন্য যে জাবেদার প্রয়োজন হয়, তাকে সমন্বয়ী জাবেদা বলে।’(২) Jeffery Slater-এর মতে, ‘কোনো নির্দিষ্ট হিসাবকাল শেষে নির্দিষ্ট কিন্তু খতিয়ান হিসাবের উদ্বৃত্ত পরিবর্তন করে সংশোধিত সঠিক উদ্বৃত্ত নির্ণয়ের জন্য যেসব দাখিলার প্রয়োজন হয়, তাদের সমন্বয় দাখিলা বলে।’উপরিউক্ত আলোচনা ও সংজ্ঞার আলোকে বলা যায়, নির্দিষ্ট হিসাব বছর শেষে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের সঠিক পরিমাণ নির্ণয়ের লক্ষ্যে খতিয়ান উদ্বৃত্তগুলোর পরিবর্তনের জন্য যেসব দাখিলা প্রদান করা করা হয়, তাদের সমন্বয় দাখিলা বলা হয়।সমন্বয় দাখিলার প্রয়োজনীয়তা:কারবার প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব তথা ক্রয়-বিক্রয় হিসাব, লাভ-লোকসান হিসাব এবং উদ্বৃত্তপত্র তৈরি করার মাধ্যমে প্রতিষ্ঠানের সঠিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য রেওয়ামিলের অন্তর্ভুক্ত খতিয়ান হিসাবের উদ্বৃত্তগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সময়কালের সঙ্গে সম্পর্কিত অলিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে লিপিবদ্ধ করার জন্য এবং অন্য হিসাব হিসাবকালের সঙ্গে সম্পর্কিত লেনদেনগুলো বাদ দেওয়ার জন্য সমন্বয় দাখিলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। নিচে সমন্বয় দাখিলার প্রয়োজনীয়তা আলোচনা করা হলো: হিসাবকাল ধারণার বাস্তবায়ন: সমন্বয়করণের অপিহার্য ধারণা হলো হিসাবকাল ধারণা। চলমান ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মিত সঠিক ফলাফল নিরূপণ ও আর্থিক অবস্থা যাচাই করার লক্ষ্যে যে নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়, তাকে হিসাবকাল বলে। হিসাবকাল নির্বাচন হিসাববিজ্ঞানের অন্যতম একটি স্বীকৃত ধারণা। এ ধারণা অনুযায়ী, একটি নির্দিষ্ট সময়কালের আয় থেকে ওই সময়ের ব্যয় বাদ দিয়ে কারবারের আর্থিক ফলাফল নির্ণয় করা হয়। সে ক্ষেত্রে আয়-ব্যয়ের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু বিষয়ের যোগ-বিয়োগের লক্ষ্যে সমন্বয় দাখিলার প্রয়োজন হয়। বকেয়া ধারণার পূর্ণ বাস্তবায়ন: বকেয়া ধারণা অনুযায়ী, নগদ লেনদেনের পাশাপাশি বকেয়া লেনদেনগুলোকেও যথাযথভাবে লিপিবদ্ধ করতে হয়। আর এ বকেয়া লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য প্রয়োজন হয় সমন্বয় দাখিলার। হিসাব খাতের সঠিক অঙ্ক নির্ণয়: নির্দিষ্ট হিসাবকাল শেষে রেওয়ামিলে উল্লিখিত বিভিন্ন হিসাব খাতের টাকার অঙ্ক সঠিক অঙ্কে পরিণত করার নিমিত্তে সমন্বয় দাখিলার প্রয়োজন হয়।সঠিক ফলাফল নির্ণয়: নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের মালিক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ প্রতিষ্ঠানের সঠিক ফলাফল জানতে চায়। সঠিক ফলাফল নির্ণয়ের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট সময়ের মুনাফা-জাতীয় আয় ও ব্যয়ের প্রকৃত পরিমাণ এবং তা নির্ণয় সম্ভব হয় সমন্বয় দাখিলার মাধ্যমে। সঠিক আর্থিক অবস্থান নির্ণয়: উদ্বৃত্তপত্র প্রস্তুতের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। উদ্বৃত্তপত্রে সম্পদ, দায় ও মূলধনের পরিমাণ সঠিক অঙ্কে পরিণত করার জন্য সমন্বয় দাখিলার একান্ত প্রয়োজন।প্রশ্ন: অনিশ্চিত হিসাব কী? অনিশ্চিত হিসাব কেন খোলা হয়? উত্তর: সাধারণ অর্থে কোনো হিসাব সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলে তার বিপরীতে সাময়িক ব্যবস্থাস্বরূপ যে হিসাব খোলা হয়, তাকে অনিশ্চিত হিসাব বলে। অন্যভাবে বলা যায়, ডেবিট ও ক্রেডিট হিসাব খাতের কোনো একটি পক্ষ সঠিকভাবে খুঁজে পাওয়া না গেলে সাময়িকভাবে লিপিবদ্ধ করার জন্য অথবা রেওয়ামিলের যোগফলে পার্থক্য দেখা দিলে সমতা আনয়নের জন্য ওই পার্থক্য দ্বারা যে হিসাব খোলা হয়, তাকে অনিশ্চিত হিসাব বলে। সুতরাং অনিশ্চিত হিসাব একটি সাময়িক হিসাব। হিসাবরক্ষণ কার্যক্রমে এক বা একাধিক বিশেষ পরিস্থিতির উদ্ভব হলে সাময়িক ব্যবস্থাস্বরূপ এ-জাতীয় হিসাব খোলা হয়। ওই পরিস্থিতি নিরসন হওয়ার সঙ্গে সঙ্গে এ-জাতীয় হিসাব বিলুপ্ত হয়। সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে অনিশ্চিত হিসাব খোলা হয়।যখন কোনো লেনদেনের একটি পক্ষ জানা থাকলেও অপর পক্ষ সম্পর্কে জানা না যায়, তখন অজানা হিসাবটির নাম সাময়িকভাবে অনিশ্চিত হিসাব রাখা হয়। পরবর্তীকালে অজানা পক্ষটি উদ্ঘাটিত হলে অনিশ্চিত হিসাবকে বিপরীত দাখিলা দিয়ে বন্ধ করা হয়। রেওয়ামিল প্রস্তুতের সময় দুই পাশের যোগফল সমান না হলে যে পাশে কম হবে, সে পাশে পার্থক্যের পরিমাণ দ্বারা অনিশ্চিত হিসাব লিখে দুই পাশের সমতা বিধান করা হয়। পরবর্তীকালে গরমিলের কারণ জানা গেলে সেগুলোর জন্য অনিশ্চিত হিসাবকে দাখিলার মাধ্যমে বন্ধ করা হয়।