হিসাববিজ্ঞান ১ম পত্র
জাবেদা প্রশ্ন: প্রকৃত জাবেদা কী? প্রকৃত জাবেদায় কোন কোন লেনদেন লিপিবদ্ধ করা হয়? উত্তর: বড় প্রতিষ্ঠানগুলোতে লেনদেনের প্রকৃতি অনুযায়ী জাবেদার শ্রেণীবিভাগ ব্যবহার করা হয়। অর্থাৎ ধারে ক্রয়সংক্রান্ত লেনদেন ক্রয় বইতে, ধারে বিক্রয়সংক্রান্ত লেনদেন বিক্রয় বইতে, নগদসংক্রান্ত লেনদেন নগদান বইতে—এভাবে যেসব লেনদেন কোনো বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা যায় না ওই সব লেনদেন লেখার জন্য যে জাবেদা বই ব্যবহার করা হয় তাকে প্রকৃত জাবেদা বলে। প্রকৃত জাবেদা সম্পর্কে হিসাববিজ্ঞানীদের মতামত Hermanson and others-এর মতে, সাধারণ জাবেদা হলো ওই সমস্ত লেনদেন লিপিবদ্ধকারণের কাজে ব্যবহূত সাধারণবিষয়ক জাবেদা যা অন্য কোনো বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা যায় না। অধ্যাপক সুধাংশু শেখর ভট্টাচার্যের মতে, যেসব লেনদেন কোনো নির্দিষ্ট প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা যায় না, যেসব লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে সহকারি হিসাবের বই ব্যবহূত হয় তাকে প্রকৃত জাবেদা বলে। পরিশেষে বলা যায়, যেসব লেনদেন কোনো বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা যায় না ওই সব লেনদেন লিপিবদ্ধ করার জন্য যেসব জাবেদা ব্যবহার করা হয় তাকে প্রকৃত জাবেদা বলা হয়।প্রকৃত জাবেদায় নিম্নলিখিত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় প্রকৃত জাবেদায় কোন ধরনের লেনদেন লেখা হবে তা প্রতিষ্ঠানের আকার আয়তন ও জাবেদার শ্রেণীবিভাগ ব্যবহারের ওপর নির্ভর করে। লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী জাবেদার শ্রেণীবিভাগ ব্যবহার করে যেসব লেনদেন লিপিবদ্ধ করা হয়েছে এর বাইরে যেসব লেনদেন থাকে ওই সব লেনদেন সাধারণত প্রকৃত জাবেদায় লেখা হয়। সাধারণভাবে স্বীকৃত প্রকৃত জাবেদার লেনদেনগুলো নিচে আলোচনা করা হলো: প্রারম্ভিক দাখিলা: প্রতিষ্ঠানের শুরুতে আনীত পূর্ববর্তী হিসাব সময়ের সম্পত্তি ও দায়সমূহ বর্তমান বছরে আনার জন্য যে দাখিলা দেওয়া হয় তাই প্রারম্ভিক দাখিলা। সমাপনী দাখিলা: চূড়ান্ত হিসাব প্রস্তুতের সময় প্রতিষ্ঠানের আয় ও ব্যয়সমূহের উদ্বৃত্ত যে দাখিলার মাধ্যমে ক্রয়-বিক্রয় ও লাভ-লোকসান হিসাবে স্থানান্তর করা হয় তাকে সমাপনী দাখিলা বলে। সমন্বয় দাখিলা: চূড়ান্ত হিসাব করার সময় যেসব দাখিলার মাধ্যমে কোনো বিষয় সমন্বয় করা হয় ওই সব দাখিলাকে সমন্বয় দাখিলা বলে। প্রকৃত জাবেদার মাধ্যমে এসব সমন্বয় দাখিলা দেওয়া হয়।ভুল সংশোধনী দাখিলা: হিসাবে কোনো ভুলত্রটি দেখা দিলে তা যে দাখিলার মাধ্যমে সমন্বয় করা হয় তাকে ভুল সংশোধনী দাখিলা বলে। ওই দাখিলা প্রকৃত জাবেদায় দেখানো হয়।স্থানান্তর দাখিলা: এক হিসাব হতে অন্য হিসাবে স্থানান্তরের জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে স্থানান্তর দাখিলা বলে। এ ধরনের স্থানান্তর দাখিলা প্রকৃত জাবেদায় দেখানো হয়। পাল্টা দাখিলা: একই হিসাবের একদিক থেকে অন্যদিকে স্থানান্তরের জন্য যে দাখিলা প্রদান করা হয় তাকে পাল্টা দাখিলা বলে। বিল প্রত্যাখ্যানজনিত দাখিলা: প্রাপ্য ও প্রদেয় বিলের প্রত্যাখ্যান দাখিলা প্রকৃত জাবেদার মাধ্যমে দেখানো হয়। অন্যান্য দাখিলা: উপরিউক্ত দাখিলাগুলো ছাড়াও ধারে সম্পত্তি ক্রয়-বিক্রয়, মালিক কর্তৃক ব্যবসা থেকে উত্তোলন বিক্রয় অথবা ফেরতসংক্রান্ত দাখিলা, অনাদায়ী পাওনাসংক্রান্ত দাখিলা, যৌথ উদ্যোগসংক্রান্ত দাখিলা ইত্যাদি। প্রশ্ন: ঘটনা বলতে কী বোঝায়? ‘সব লেনদেনই ঘটনা কিন্তু সব ঘটনাই লেনদেন নয়’—ব্যাখ্যা করো। উত্তর: সব লেনদেনই ঘটনা কিন্তু সব ঘটনা লেনদেন নয়। আলোচ্য উক্তিটি ব্যাখ্যা করার জন্য ঘটনা ও লেনদেনের সংজ্ঞা জানা প্রয়োজন। মানুষের ব্যক্তিগত সামাজিক বা রাষ্ট্রীয় বা অর্থনৈতিক জীবনের প্রতি মুহূর্তে প্রত্যেক বা পরোক্ষভাবে সংগঠিত প্রতিটি কর্মকাণ্ডই হলো ঘটনা।ঘটনা: ঘটনা হলো কোনো অবস্থার পরিবর্তন। দৈনন্দিন জীবনে ঘটনা অহরহ ঘটছে। প্রকৃতপক্ষে মানুষের জীবনই ঘটনা প্রবাহের সমষ্টি। ঘটনা শুভ হতে পারে, আবার অশুভও হতে পারে। ঘটনা আর্থিক মূল্যে নিরূপণযোগ্য হতে পারে, আবার আর্থিকমূল্যে নিরূপণযোগ্য নাও হতে পারে। সুতরাং দেখা যায়, একটি ঘটনা তখনই লেনদেন বলে গণ্য হয় যখন ওই ঘটনার মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। (১) ঘটনাটির ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। (২) ঘটনাটি অবশ্যই অর্থের মাপকাঠিতে নিরূপণযোগ্য হতে হবে। (৩) প্রতিটি ঘটনার দুটি পক্ষ থাকবে। (৪) প্রতিটি ঘটনা স্বয়ংসম্পূর্ণ ও স্বাধীন হবে। (৫) প্রতিটি ঘটনার প্রমাণস্বরূপ উপযুক্ত দলিল ও কাগজাদি থাকবে। (৬) ভবিষ্যৎ ঘটনার ক্ষেত্রে একে অবশ্যই অতীত অভিজ্ঞতার আলোকে অর্থের মানদণ্ডে পরিমাপ করা সম্ভব হতে হবে। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি। উপরিউক্ত বৈশিষ্ট্যগুলোর অনুপস্থিতি ঘটনাকে শুধু ঘটনাই বলা যাবে, লেনদেন বলে গণ্য হবে না। সুতরাং বলা যায়, সব লেনদেনই ঘটনা কিন্তু সব ঘটনা লেনদেন নয়।