হিসাববিজ্ঞান ১ম পত্র
খতিয়ানপ্রশ্ন: খতিয়ান কী? খতিয়ানকে সব বইয়ের রাজা বলা হয় কেন?উত্তর: Ledger শব্দটির বাংলা পরিভাষা হলো খতিয়ান। Ledger শব্দটি Ledge শব্দ থেকে উৎপত্তি হয়েছে। Ledge শব্দটির অর্থ হলো শেলফ বা তাক। গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রাদি যেমন তাক বা শেলফে সাজিয়ে রাখা হয়, তেমনি একটি প্রতিষ্ঠানে সংঘটিত লেনদেনগুলো পৃথক পৃথক শিরোনামে বা হিসাবে খতিয়ানে লিপিবদ্ধ করে স্থায়ীভাবে সাজিয়ে রাখা হয়। একাধিক হিসাবের সমষ্টিগত নাম খতিয়ান। নিচে কতিপয় বিশিষ্ট লেখকের সংজ্ঞা দেওয়া হলো: লেখকের নাম: L C Croper সংজ্ঞা: যে বইয়ে কারবারি লেনদেনগুলোকে শ্রেণীবদ্ধ করে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়, তাকে খতিয়ান বলে।লেখকের নাম: William Picklesসংজ্ঞা: খতিয়ান হচ্ছে জাবেদা বা সহকারী বইয়ে লেখা যাবতীয় দাখিলার গন্তব্যস্থল।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকৃতির সমুদয় লেনদেন জাবেদা থেকে স্থানান্তরিত করে সমজাতীয় ভিত্তিতে শ্রেণীবিন্যাস করে তাকে পৃথক পৃথক শিরোনামে সংক্ষিপ্ত আকারে যে হিসাব বইয়ে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়, তাকে খতিয়ান বলে। খতিয়ানকে সব হিসাব বইয়ের রাজা বলা হয়: খতিয়ান হচ্ছে হিসাবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। খতিয়ানকে সব হিসাব বইয়ের রাজা বলা হয়। কারণ, খতিয়ানে প্রতিটি লেনদেন স্থায়ীভাবে ও পাকাপাকিভাবে লিপিবদ্ধ করা হয়। তাই যেকোনো সময় হিসাব সম্পর্কিত যেকোনো তথ্য খতিয়ান থেকে সংগ্রহ করা যায়। ওই তথ্য সঠিকভাবে বিচার-বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা যায়। খতিয়ানের মাধ্যমেই হিসাবরক্ষণের সব উদ্দেশ্য সাধিত হয়। তাই হিসাবের ক্ষেত্রে খতিয়ানের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। খতিয়ানকে সব হিসাব বইয়ের রাজা বলার কারণ নিচে আলোচনা করা হলো: ফলাফল জানা: খতিয়ানের মাধ্যমে কারবার প্রতিষ্ঠানের যেকোনো সময়ের লেনদেনের ফলাফল জানা যায়। গাণিতিক শুদ্ধতা যাচাই: খতিয়ান সংরক্ষণের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। একটি নির্দিষ্ট সময় শেষে খতিয়ানের জের রেওয়ামিলে স্থানান্তরের মাধ্যমে এটা সম্ভব হয়। তুলনামূলক বিচার-বিশ্লেষণ: প্রতিটি লেনদেন খতিয়ানে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়। তাই চলতি বছরের প্রতিটি তথ্যের সঙ্গে বিগত বছরের প্রতিটি তথ্যের তুলনামূলক বিচার-বিশ্লেষণ করা যায়। চূড়ান্ত হিসাব প্রস্তুত: খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা একটি নির্দিষ্ট সময় শেষে কারবার প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি হিসাব ও উদ্বৃত্তপত্র প্রস্তুত করা যায়। ফলে কারবারের আর্থিক অবস্থা জানা যায়। ভুল-ক্রুটি উদ্ঘাটন ও প্রতিরোধ: লেনদেনসমূহ প্রথমে জাবেদায় লিপিবদ্ধ করে পরে খতিয়ানে তারিখ অনুযায়ী প্রতিটি লেনদেনকে শ্রেণীবিন্যাস করে লিপিবদ্ধ করা হয়। তাই সহজেই ভুল-ত্রুটি উদ্ঘাটন ও প্রতিরোধ করা যায়। খাতওয়ারি আয়-ব্যয় জানা: খতিয়ানে প্রতিটি আয়-ব্যয়ের হিসাব পৃথকভাবে সংরক্ষণ করা হয়। ফলে প্রতিটি আয়-ব্যয়ের খাতওয়ারি হিসাব জানা যায়। তথ্য ও ফলাফল অবগত হওয়া: প্রতিষ্ঠানে খতিয়ান সংরক্ষণ করলে এর মাধ্যমে খুব সহজেই দ্রুত সব তথ্য ও আর্থিক ফলাফলের বিষয় সঠিকভাবে অবগত হওয়া যায়। মোট দেনা-পাওনার পরিমাণ জানা যায়: খতিয়ানে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব পৃথকভাবে সংরক্ষণ করা হয়। ফলে প্রতিষ্ঠানের মোট দেনা-পাওনার পরিমাণ সম্পর্কে জানা যায়। হিসাবের পাকা বা চূড়ান্ত বই: খতিয়ানকে হিসাবের পাকা বা চূড়ান্ত বই বলা হয়। কারণ, খতিয়ানের সাহায্যে কারবারের চূড়ান্ত হিসাব প্রস্তুত করা যায়। কারবারি নীতি ও সিদ্ধান্ত গ্রহণ: খতিয়ান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কারবারি নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করা যায়। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, হিসাবরক্ষণের প্রায় সব উদ্দেশ্যই খতিয়ানের মাধ্যমে সম্পন্ন হয়। খতিয়ান কারবার প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার দর্পণ বিশেষ। খতিয়ান হলো হিসাবের একটি স্থায়ী তথ্যভান্ডার। খতিয়ান থেকে তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণপূর্বক সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। খতিয়ান থেকে হিসাবরক্ষণের প্রায় সব সুবিধাই পাওয়া যায়, যা অন্য কোনো হিসাব থেকে সম্ভব নয়। তাই খতিয়ানকে সব হিসাব বইয়ের রাজা বলা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল