হিসাববিজ্ঞান ২য় পত্র
প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান ২য় পত্র থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: বিনিময় বিলের অমর্যাদা বা প্রত্যাখ্যান বলতে কী বোঝ? কত উপায়ে একটি বিল অমর্যাদা বা প্রত্যাখ্যাত হতে পারে?উত্তর: বিনিময় বিল ভবিষ্যতে টাকা পরিশোধের এক ধরনের প্রতিশ্রুতি বিধায় ভবিষ্যতে নির্দিষ্ট তারিখে পরিশোধের বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। আদিষ্টের স্বীকৃতি ছাড়া বিনিময় বিল গুরুত্বহীন বিধায় আদিষ্টের স্বীকৃতি লাভ করাও অধিক গুরুত্বপূর্ণ বিষয়। এ দুই অবস্থার কোনোটিতে আদিষ্ট বা স্বীকৃতিকারী ব্যর্থ হলে তাকে বিলের অমর্যাদা বা প্রত্যাখ্যান বলে। নিচে প্রত্যাখ্যানের সংজ্ঞা দেওয়া হলো:এস পি জাইন এবং কে এল নারাংয়ের মতে, ‘স্বীকৃতি বা পরিশোধের জন্য উপস্থাপনের পর আদিষ্ট কর্তৃক বিলে স্বীকৃতি বা পরিশোধ না করাকে বিনিময় বিলের প্রত্যাখ্যান বলে।’উপরিউক্ত আলোচনা ও সংজ্ঞা বিশ্লেষণে বোঝা যায়, যদি আদিষ্ট কর্তৃক বিল স্বীকৃত না হয় বা স্বীকৃতির পর মেয়াদের শেষে বিল পরিশোধ না হয়, তাকে বিলের অমর্যাদা বা প্রত্যাখ্যান বলে।বিনিময় বিল দুভাবে প্রত্যাখ্যাত হয়। যেমন:ক. অস্বীকৃতিজনিত প্রত্যাখ্যান খ. অপরিশোধজনিত প্রত্যাখ্যানক. অস্বীকৃতিজনিত প্রত্যাখ্যান: বিনিময় বিল প্রস্তুত হওয়ার পর আদিষ্টের কাছে উপস্থাপিত হলে আদিষ্ট যদি বিলে স্বীকৃতি না দিয়ে ফেরত পাঠায়, তাকে অস্বীকৃতিজনিত প্রত্যাখ্যান বলে। যথাযথভাবে উপস্থাপনের পর যদি ৪৮ ঘণ্টার মধ্যে স্বীকৃতি দেওয়া না হয়, তখন বিলটি প্রত্যাখ্যান হয়েছে ধরা হবে। হস্তান্তরযোগ্য দলিল আইনের ৯১ ধারা অনুসারে নিম্নোক্ত ক্ষেত্রে বিল অস্বীকৃতির জন্য প্রত্যাখ্যান হয়েছে বলে গণ্য হবে:১. যথানিয়মে উপস্থাপনের পর ৪৮ ঘণ্টার মধ্যে আদিষ্ট বিলে স্বীকৃতি না দিলে;২. একাধিক আদিষ্টের ক্ষেত্রে তারা পরস্পর অংশীদার না হলে, যেকোনো একজন স্বীকৃতি দিতে অস্বীকার করলে;৩. স্বীকৃতির জন্য উপস্থাপন আবশ্যক নয়, এমন বিলের ক্ষেত্রে উপস্থাপন না করার দরুন অস্বীকৃতি হলে;৪. আদিষ্ট চুক্তি সম্পাদনে অক্ষম হলে;৫. আদেষ্টা ও আদিষ্টের মধ্যে পূর্ব চুক্তি অনুসারে বিল প্রস্তুত না হলে;৬. বাণিজ্যিক বিলের ক্ষেত্রে দেনাদার পাওনাদার না হলে;খ. অপরিশোধজনিত প্রত্যাখ্যান: মেয়াদ পূর্তিতে কোনো বিনিময় বিল আদেষ্টা বা অনুমোদিত প্রাপক বা অন্য কোনো ধারক কর্তৃক যথাযথভাবে সংশ্লিষ্ট বিলের আদিষ্ট বা স্বীকৃতিকারীর কাছে বা তার প্রতিনিধির কাছে পরিশোধের জন্য উপস্থাপিত হওয়ার পর যদি আদিষ্ট বা স্বীকৃতিকারী বিল পরিশোধ না করে, তাকে অপরিশোধজনিত প্রত্যাখ্যান বলে।বিনিময় বিল যদি একাধিক ব্যক্তির কাছে অনুমোদিত হয় বা বাট্টাকৃত হয়, তবে প্রত্যাখ্যানের পর এক পক্ষ অন্য পক্ষের কাছে টাকা দাবি করতে পারে। বিল প্রত্যাখ্যানের পর সর্বশেষ ধারককে বিলের সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবহিত করতে হয় এবং আইনিব্যবস্থা গ্রহণের জন্য নথিভুক্তকরণ ও প্রতিবাদ করতে হয়। নিম্নলিখিত কারণে বিনিময় বিলের অপরিশোধজনিত প্রত্যাখ্যান হতে পারে:১. বিলের আদিষ্ট বা স্বীকৃতিকারী যদি ইচ্ছাকৃতভাবে বিল পরিশোধ না করে;২. আদিষ্টের মৃত্যু বা দেউলিয়া ঘোষিত হলে;৩. আদিষ্টের টাকার অভাব দেখা দিলে;৪. শর্তানুযায়ী বিল প্রস্তুত করা না হলে;৫. বৈদেশিক বিলের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন না করলে।