পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষা বর্ষের সম্মান ১ম বর্ষে ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও জমাদানের ভোগান্তি দূর করার লক্ষ্যে মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আসন্ন ২০১০-১১ শিক্ষা বর্ষের সম্মান ১ম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন-প্রক্রিয়া মোবাইল ফোনের মাধ্যমে করা যাবে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য ও ফলাফল পাওয়া যাবে মোবাইল ফোনের মাধ্যমে। এ বিষয়ে প্রয়োজনীয় সব কার্যক্রম বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে সম্পন্ন করেছে। আরও জানানো হয়, আবেদন-প্রক্রিয়া ১০ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ নভেম্বর বিকেল চারটা ৩০ মিনিটে। আগামী ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ, বি, সি—তিনটি ইউনিটের অধীনে এ বছর ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা, যা মোবাইল ফোনের মাধ্যমে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.pstu.ac.bd এবং মোবাইল ফোন নম্বর ০১৭২৯০৭৭৬০৪ (অফিস চলাকালীন) থেকে ভর্তি-সংশ্লিষ্ট সব তথ্য পাওয়া যাবে।