আবু নাহিদ ২০০৯-১০ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি-পরীক্ষায় ১ম স্থান অধিকার করে বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে লেখাপড়া করছেন। সামনেই মেডিকেল কলেজে ভর্তি-পরীক্ষা। অনেক শিক্ষার্থীরই জীবনের স্বপ্ন বড় হয়ে ডাক্তার হওয়া। ডাক্তার হতে হলে কোন মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, ভর্তি-পরীক্ষায় কী করে ভালো করা যাবে, ভর্তি-পরীক্ষাপূর্ব প্রস্তুতি কীভাবে নিতে হবে, লেখাপড়ার ধরন কী—এসব নিয়ে কথা হয় আবু নাহিদের সঙ্গে। পড়াশোনা: আর বেশি দিন বাকি নেই মেডিকেল কলেজে ভর্তি-পরীক্ষার। আপনার মতে পরীক্ষার্থীদের এই সময়টায় কী করা উচিত?আবু নাহিদ: অনেকেরই জীবনের স্বপ্ন, একজন ডাক্তার হবেন। সে ক্ষেত্রে তাঁর প্রাথমিক পদক্ষেপ হলো এই ভর্তি-পরীক্ষা। পরীক্ষার্থীদের মাথায় রাখতে হবে, দিন দিন প্রতিযোগিতা বাড়ছে। তাই শুধু প্রস্তুতি নিলেই হবে না, সময় ও সুযোগ মিলিয়ে কাজ করে যেতে হবে। আর আমি মনে করি, সময় ও সুযোগের সদ্ব্যবহার করতে পারলেই স্বপ্ন সত্যি হবে।পড়াশোনা: ভর্তি-পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন হতে পারে? আপনার কী উপদেশ? আবু নাহিদ: মেডিকেল ভর্তি-পরীক্ষার প্রশ্ন মূলত উচ্চমাধ্যমিকের সিলেবাস থেকেই হয়ে থাকে। জীববিজ্ঞান, বিশেষ করে প্রাণিবিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, ইংরেজি ও সাধারণ জ্ঞান নিয়েই ভর্তি-পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন হয়ে থাকে। তাই আমার মতে, যদি সিলেবাসভুক্ত বিষয়গুলোর নির্দিষ্ট বই, অর্থাৎ যে বইটি পরীক্ষার্থী নিজে এইচএসসির জন্য পড়েছেন, সেটি ভালোমতো পড়েন, তাহলেই ৮০ শতাংশ কাজ হয়ে যাবে। অন্যান্য লেখকের বই পাশাপাশি রাখলে বাকিটুকুও হয়ে যাবে।পড়াশোনা: দেখা যায়, অনেক পরীক্ষার্থীরই ইংরেজিতে দুর্বলতা রয়েছে। কীভাবে প্রস্তুতি নিলে তাঁরা এ দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে?আবু নাহিদ: আমার দেখা অভিজ্ঞতা হচ্ছে, ইংরেজিতে যাঁদের বেসিক ভালো তাঁরাই ভর্তি-পরীক্ষার ইংরেজি বিষয়ে ভালো করে থাকেন। ইংরেজির কোনো সিলেবাস নেই। তাই আমি মনে করি, পরীক্ষার্থীরা তাঁদের ইংরেজি ব্যাকরণের জ্ঞান বাড়ানোর ওপর জোর দিতে পারেন। তবে হ্যাঁ, ইংরেজিতে ভালো দখল না থাকলেও যদি ইংরেজির বেসিক ভালো থাকে, তাহলে তাঁরা ইংরেজিতে ভালো করতে পারবেন।পড়াশোনা: মেডিকেলের ভর্তি-পরীক্ষায় সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন আসে। পরীক্ষার্থীরা সাধারণ জ্ঞানের প্রস্তুতি কীভাবে নেবে?আবু নাহিদ: পরীক্ষায় ১০ নম্বরের সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে। নম্বর ১০ হলেও প্রার্থীদের ফলাফলে ব্যবধানও এখান থেকেই তৈরি হয়ে যায়। তাই কোনো প্রার্থী যদি প্রতিযোগিতায় ব্যবধান তৈরি করতে চান, সে ক্ষেত্রে তাঁকে সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে নিতে হবে। সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য বাজারে প্রচলিত ভালো কোনো প্রকাশনীর সর্বশেষ প্রকাশিত সাধারণ জ্ঞানবিষয়ক বইটি পড়া যেতে পারে। তবে পরীক্ষার্থীরা যদি বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু তথ্য মিলিয়ে দেখে নেন, তাহলে বেশি ভালো হয়।পড়াশোনা: প্রার্থীরা বিজ্ঞানের বিষয়গুলোর প্রস্তুতি কীভাবে নেবে? আবু নাহিদ: আমি মনে করি, পরীক্ষার্থীরা যদি বইয়ের অবজেকটিভ প্রশ্নগুলো দাগ দিয়ে রাখেন, তাহলে রিভিশন দেওয়ার ক্ষেত্রে অল্প সময়েই তাঁরা অনেক বেশি পড়তে পারবেন। এতে করে পড়ার সময় গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়বে না। পদার্থবিদ্যার ক্ষেত্রে পরীক্ষার্থীদের অবশ্যই সব সূত্র মুখস্থ রাখতে হবে। কারণ, যেকোনো জায়গা থেকে অঙ্ক আসতে পারে। সে ক্ষেত্রে সূত্র মুখস্থ না থাকলে উত্তর করা সম্ভব হবে না। আর রসায়নের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বারবার পড়তে হবে। মোট কথা, বিজ্ঞানের বিষয়গুলোই মূল। এখানে কোনো রকম হেলাফেলা করা চলবে না।পড়াশোনা: অনেক পরীক্ষার্থী কোচিংয়ে না গিয়েও ভালো করে থাকেন। সে ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রতি আপনার পরামর্শ কী?আবু নাহিদ: কারও কারও মেধা খুব ভালো থাকতে পারে। আমার মনে হয়, মেডিকেলে ভর্তির ক্ষেত্রে সহায়ক শক্তি হিসেবে কাজ করে কোচিং। তবে চটকদার বিজ্ঞাপন দেখে নয়, ভালো করে খোঁজ-খবর নিয়েই কোচিং সেন্টার কিংবা শিক্ষক বাছাই করতে হবে।পড়াশোনা: পরীক্ষার্থীদের প্রতি আপনার শেষ পরামর্শ কী?আবু নাহিদ: পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস রাখতে হবে। পরীক্ষার হলে অমনোযোগী হওয়া যাবে না। খেয়াল রাখতে হবে, নির্দিষ্ট বিষয়ের উত্তর নির্দিষ্ট স্থানে করতে যেন ভুল না হয়। আত্মবিশ্বাস নিয়ে ভালো প্রস্তুতিসহকারে পরীক্ষা দিতে পারলে সফলতা আসবেই।# সাক্ষাত্কার নিয়েছেন কৃষ্ণ কুমার সাহা