তাসনুভা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ সালের ভর্তি পরীক্ষায় গ-ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বর্তমানে বাণিজ্য অনুষদের ফাইন্যান্স বিভাগে পড়াশোনা করছেন। ভর্তি পরীক্ষায় কীভাবে ভালো করা যায়, ভর্তি পরীক্ষার পূর্ব-প্রস্তুতি এবং লেখাপড়ার ধরন নিয়ে কথা হয় তাসনুভা শারমিনের সঙ্গে।পড়াশোনা প্রতিবেদক: ভর্তি পরীক্ষায় সাফল্যের জন্য প্রথম করণীয় কী? তাসনুভা শারমিন: আসলে কোথায় আমি পড়তে চাই; সে জিনিসটা আগে ঠিক করতে হবে। মূলকথা হলো, ইচ্ছে আর আগ্রহ। আমি যদি আমার লক্ষ্যটা ঠিক করতে পারি, তবেই সে লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারব। পড়াশোনা প্রতিবেদক: এ সময় নিয়মিত পড়াশোনার সঙ্গে আর কী কী করা যেতে পারে বলে আপনি মনে করেন? তাসনুভা শারমিন: এ সময় নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সংবাদ দেখা ও পত্র-পত্রিকা পড়া উচিত বলে আমি মনে করি। পাশাপাশি সহপাঠীদের সঙ্গে ইংরেজি ও হিসাববিজ্ঞানের জটিল বিষয়গুলো নিয়ে গভীরভাবে পর্যালোচনা করা যেতে পারে। এতে করে বিষয়গুলো নিয়ে পরিষ্কার ধারণা হয়ে যাবে। পড়াশোনা প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য মডেল টেস্টগুলো কি উপকারী বলে আপনি মনে করেন? তাসনুভা শারমিন: অবশ্যই। একজন পরীক্ষার্থী যদি নিয়মিত মডেল টেস্ট দিতে থাকেন, সে ক্ষেত্রে তাঁর সময় ব্যবস্থাপনা ভালো হবে এবং প্রস্তুতির কোন দিকে দুর্বলতা রয়েছে, সেটি পরিষ্কার হবে, কোন প্রশ্নের উত্তর আগে করতে হবে আর কোনটির পরে, সেটি সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়। কারণ প্রশ্ন অনেক এবং সময় অল্প। তাই সময় সম্পর্কে পরীক্ষার্থীর ভালো ধারণা থাকা উচিত বলে আমি মনে করি।পড়াশোনা প্রতিবেদক: পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা কী হওয়া উচিত? তাসনুভা শারমিন: এ বিষয়টি পরীক্ষার্থীর সম্পূর্ণ নিজস্ব। কারণ, দেখা যায়, কেউ ইংরেজিতে ভালো, আবার কেউ হিসাববিজ্ঞানে। সে ক্ষেত্রে যে যেই বিষয়টি ভালো পারেন বা বোঝেন, সে বিষয়টির উত্তর আগে করা উচিত বলে আমি মনে করি। আর সময় সবার জন্যই ৬০ মিনিট। সে ক্ষেত্রে ১০০টি প্রশ্নের জন্য ৬০ মিনিট খুবই কম সময়। সে ক্ষেত্রে প্রশ্নপ্রতি সময় বরাদ্দ না করে বিষয়প্রতি সময় বরাদ্দ করা উচিত বলে আমি মনে করি। পড়াশোনা প্রতিবেদক: বিষয়ভিত্তিক প্রস্তুতি নিয়ে কিছু বলেন।তাসনুভা শারমিন: ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান ও ব্যবসায়িক নীতি থেকে প্রশ্ন আসে। এ ক্ষেত্রে আমি মনে করি, পরীক্ষার্থীদের প্রতিদিন ইংরেজি ও হিসাববিজ্ঞান পড়া উচিত। আর প্রতিটি বিষয়ের জন্য অনেক বই থেকে প্রস্তুতি না নিয়ে দুই-তিনটি বই থেকে প্রস্তুতি নেওয়া উচিত। হিসাববিজ্ঞানে খুব বেশি মুখস্থ করে লাভ নেই, হিসাববিজ্ঞান বুঝে নিতে হবে।পড়াশোনা প্রতিবেদক: নেগেটিভ মার্কিংয়ের জন্য ভর্তি পরীক্ষায় প্রশ্নের উত্তর করার সময় কোন ধরনের সতর্কতা অবলম্বন করতে পারে পরীক্ষার্থীরা? তাসনুভা শারমিন: ভর্তি পরীক্ষায় প্রতি চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ১.২ নম্বর কাটা যাবে। আমি মনে করি, যাঁদের খুবই ভালো প্রস্তুতি আছে, তাঁরা ১০০টি প্রশ্নের উত্তরের ঝুঁকি নিতে পারেন। তবে প্রস্তুতি যদি খুব ভালো না থাকে, তবে এই ঝুঁকি নেওয়া উচিত হবে না। পরীক্ষার্থীদের প্রতি আমার পরামর্শ হলো, তাঁরা যেন সব প্রশ্নের উত্তর করেন। অনেক সময় পরীক্ষার্থীদের সঠিক উত্তর জানা থাকা সত্ত্বেও মনে ভয় আসতে দেখা যায়, সে ক্ষেত্রে একটু ভেবেচিন্তে ভয় দূর করে উত্তর করা উচিত বলে আমার মনে হয়।পড়াশোনা প্রতিবেদক: পরীক্ষার হলে কোন বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে? তাসনুভা শারমিন: পরীক্ষার হলে অবশ্যই সম্পূর্ণ মনোযোগ নিজের খাতার প্রতি দিতে হবে। খেয়াল রাখবে, একটি বিষয়ের নির্ধারিত স্থানে যেন অন্য বিষয়ের উত্তর না দেওয়া হয়। যেমন—বাংলার ঘরে যেন ইংরেজি অথবা ইংরেজির ঘরে হিসাববিজ্ঞানের উত্তর বসানো না হয়। পড়াশোনা প্রতিবেদক: পরীক্ষার্থীদের প্রতি আপনার বিশেষ পরামর্শ কী? তাসনুভা শারমিন: আমি মনে করি, নিয়মিত লেখাপড়ার কোনো বিকল্প নেই। পরীক্ষার্থীরা এত দিন যা পড়েছেন, সেটা সুন্দর করে মাথায় সাজিয়ে রাখতে হবে, মাঝেমধ্যে পর্যালোচনা করতে হবে না দেখে। সর্বোপরি দুশ্চিন্তামুক্ত থাকতে হবে, যেন টেনশনের কারণে জানা প্রশ্নের উত্তর ভুল না হয়। সে ক্ষেত্রে ভুল সংশোধনের পথ নেই।# সাক্ষাত্কারটি নিয়েছেন কৃষ্ণ কুমার সাহা