১ম স্থান অধিকারীর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনা: এ সময় পরীক্ষার্থীরা কীভাবে শুরু করতে পারে?আবদুল আলিম: যাঁরা কলা বা মানবিক থেকে পাস করেছেন, তাঁদের জন্য বরাদ্দ ‘খ’ ইউনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট এক বিশাল ব্যাপার। এখানে তিনটি অনুষদ মিলে একটা ইউনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ভর্তি পরীক্ষা হয় এখানে। ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী ভর্তি হয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিষয়ে। আমি মনে করি, এ সময় ইংরেজি বিষয়ের ওপর একটু বেশি জোর দিতে হবে। যেকোনো ভালো বিষয়ে সুযোগ পেতে হলে পরীক্ষার্থীদের ইংরেজিতে ভালো নম্বর পেতে হবে। পড়াশোনা: এ সময় পরীক্ষার্থীর কী কী বিষয়ে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে বলে আপনার মনে হয়? আবদুল আলিম: ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব বিষয়ের প্রস্তুতিই এখন থেকে নেওয়া শুরু করা উচিত বলে আমি মনে করি। বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের জন্য নিয়মিত অনুশীলন এবং ভালোমতো বুঝেশুনে আলোচনা করে পড়তে হবে। প্রয়োজনে বন্ধুদের সঙ্গে মিলেমিশে পড়া যেতে পারে। এতে করে কঠিন বিষয়গুলোর জটিলতার অবসান হবে।পড়াশোনা: নিয়মিত লেখাপড়ার পাশাপাশি আর কী কী করা যেতে পারে?আবদুল আলিম: আমার মতে, পরীক্ষার্থীরা নিয়মিত লেখাপড়ার পাশাপাশি টিভিতে সংবাদ দেখা, বিবিসি শোনা, পত্রপত্রিকা পড়া এবং অবশ্যই নিয়মিত খেলাধুলা করতে পারেন। সে ক্ষেত্রে এর জন্য সময় বরাদ্দ করে নিতে হবে। পড়াশোনা: অনেক পরীক্ষার্থী মডেল টেস্টে অংশ নিয়ে থাকেন। সে ক্ষেত্রে আপনার মতে মডেল টেস্ট কি ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে কোনো ভূমিকা রাখে?আবদুল আলিম: অবশ্যই। মডেল টেস্টে অংশ নেওয়ার মাধ্যমেই পরীক্ষার্থীরা তাঁদের প্রস্তুতি সম্পর্কে অবহিত হতে পারেন। সে ক্ষেত্রে পরীক্ষার্থীরা মডেল টেস্টের পর তাঁদের দুর্বলতাগুলো খুঁজে বের করে সেটি সারিয়ে নিতে পারেন। পড়াশোনা: পরীক্ষার্থীরা পরীক্ষার হলে অনেক সময় ঘাবড়ে যান। প্রশ্নপত্র হাতে পেয়ে পরীক্ষার্থীরা প্রথমত কী করবে? আবদুল আলিম: পরীক্ষার্থীদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তাঁরা আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার হলে ঢুকতে হবে এবং প্রশ্নপত্র হাতে পেয়ে পরীক্ষার্থীরা প্রশ্নপত্রে উল্লিখিত নির্দেশাবলি ভালোভাবে পড়বেন এবং সে অনুযায়ী উত্তরপত্রে নাম, রোল নম্বর, সেট কোড পূরণ করবেন। পড়াশোনা: পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কীভাবে সময় ব্যবস্থাপনা করতে পারেন? আবদুল আলিম: যেহেতু প্রশ্ন অনেক এবং সময় কম, সে ক্ষেত্রে পরীক্ষার্থী যে বিষয়ে ভালো, সে বিষয়টি আগে উত্তর করতে পারেন। আর পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক সময় বরাদ্দ করে নেওয়া উচিত বলে আমি মনে করি। আর পরীক্ষার হলে পুরো সময় শেষ হওয়ার কিছু সময় আগেই উত্তর সম্পন্ন করা উচিত। সে ক্ষেত্রে নাম, রোল নম্বরগুলো পুনরায় পরীক্ষা করা যেতে পারে। পড়াশোনা: নেগেটিভ মার্কিং থাকার কারণে উত্তর দেওয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীদের কোন কোন দিকে সতর্ক হওয়া উচিত বলে আপনি মনে করেন? আবদুল আলিম: যেহেতু নেগেটিভ মার্কিং আছে, সেহেতু উত্তর দেওয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীদের অবশ্যই উত্তর নির্বাচনের ক্ষেত্রে সচেতন হওয়া উচিত। পুরো প্রশ্ন এবং সম্ভাব্য সব উত্তর দেখে তার পর উত্তর করা উচিত। কারণ সম্ভাব্য উত্তরগুলো সবই কাছাকাছি থাকে। তাই আমি মনে করি, সব প্রশ্নের সম্ভাব্য উত্তর না দেখে উত্তর করলে অনেক সময় জানা প্রশ্নের উত্তর ভুল হয়ে যেতে পারে।পড়াশোনা: বিষয়ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে কোন কোন বিষয়ে জোর দিতে হবে?আবদুল আলিম: বিষয়ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে আমরা মানবিক থেকে যাঁরা এসেছি, তাঁদের অবশ্যই ইংরেজি বিষয়ের ওপর বেশি জোর দেওয়া উচিত বলে আমি মনে করি। আর যাঁরা ভর্তি পরীক্ষায় ভালো করতে চান, তাঁদের ইংরেজির সঙ্গে সাধারণ জ্ঞানে জোর দিতে হবে। কারণ সাধারণ জ্ঞানের সঠিক উত্তরের মাধ্যমে আপনার নম্বর অনেক বাড়বে। পড়াশোনা: পরীক্ষার্থীদের প্রতি আপনার বিশেষ পরামর্শ কী?আবদুল আলিম: পরীক্ষার্থীদের প্রতি আমার বিশেষ পরামর্শ হলো, পরীক্ষার্থীরা কখনোই হতাশ হবেন না। তাঁদের পূর্ণ আত্মবিশ্বাসী হতে হবে। আর ভালোভাবে প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারলে সাফল্য আসবেই। # সাক্ষাৎকারটি নিয়েছেন কৃষ্ণ কুমার সাহা