১ম স্থান অধিকারীর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজিয়া কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ সালের ঘ-ইউনিটের ভর্তি-পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১ম স্থান অধিকার করে বর্তমানে সামাজিক বিজ্ঞান অনুষদের উন্নয়ন অধ্যয়ন বিভাগে পড়াশোনা করছেন। ভর্তি-পরীক্ষায় কী করে ভালো করা যায়, ভর্তি-পরীক্ষার পূর্বপ্রস্তুতি নিয়ে কথা হয় নাজিয়া কবিরের সঙ্গে। পড়াশোনা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। এ সময়ে পরীক্ষার্থীদের প্রথম করণীয় কী? নাজিয়া কবির: পরীক্ষার্থীরা ইতিমধ্যেই পরীক্ষার জন্য বেশ প্রস্তুতি নিয়ে ফেলেছেন। সে ক্ষেত্রে আমি মনে করি, প্রার্থীদের এখন নতুন করে বেশি কিছু মাথায় নেওয়ার দরকার নেই। আমার মতে, পরীক্ষার্থীরা তাঁদের মন ভালো রেখে বর্তমান প্রস্তুতির ধারাটিকে অব্যাহত রেখে নিয়মিত লেখাপড়া চালিয়ে যেতে পারেন। পড়াশোনা: এই সময় কী কী বিষয়ে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন? নাজিয়া কবির: ‘ঘ’ ইউনিটে সাধারণত বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলি থেকে প্রশ্ন আসে। সে ক্ষেত্রে পরীক্ষার্থীরা এই তিনটি বিষয়ের প্রস্তুতিই ভালোভাবে নিতে পারলে তাঁরা ভর্তি-পরীক্ষায় ভালো করবেন বলে আমার মনে হয়। পড়াশোনা: সব সময় পড়ালেখা করতে কি আর ভালো লাগে? সে ক্ষেত্রে পরীক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এখন আর কী কী করতে পারেন? নাজিয়া কবির: আমি মনে করি পরীক্ষার্থীরা নিয়মিত লেখাপড়ার সঙ্গে সঙ্গে চলতি বিশ্বের বিভিন্ন ঘটনার প্রতি সজাগ থাকতে পারেন। সহপাঠীদের সঙ্গে বিভিন্ন জটিল বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। তাতে যেকোনো বিষয় সম্পর্কে ভালো ধারণা হবে। এতে করে প্রস্তুতি ভালো হয়। পড়াশোনা: মডেল টেস্ট প্রস্তুতি কি পরীক্ষার্থীদের কোনো সাহায্য করতে পারে বলে আপনার মনে হয়? নাজিয়া কবির: পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য মডেল টেস্ট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মডেল টেস্টে অংশ নেওয়ার মাধ্যমে পরীক্ষার সময় ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা হয়। এতে করে পরীক্ষার্থীরা তাঁদের পরীক্ষার প্রশ্নের কাঠামো সম্পর্কে ভালো ধারণা পেতে পারেন। আর তা ছাড়াও এর মাধ্যমে তাঁদের অনুশলীন অব্যাহত থাকে। আর মডেল টেস্টের মাধ্যমে তাঁদের দুর্বলতা তাঁরা বের করতে পারেন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। পড়াশোনা: প্রশ্নপত্র হাতে পেয়ে অনেক পরীক্ষার্থী হতবাক হয়ে যান। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেয়ে কী করবেন? নাজিয়া কবির: পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেয়ে হতবাক হওয়ার কিছু নেই। পরীক্ষার্থীর প্রথম করণীয় হলো, উত্তরপত্রে নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে উত্তরপত্র ভরাট করা। এখানে ভুল হলে পরীক্ষা ভালো দিয়েও কোনো লাভ হবে না। আর প্রশ্নপত্রে দেওয়া নির্দেশাবলি ভালোভাবে পড়তে হবে। এতে করে পরীক্ষার্থীর ভয় অনেকটা কমে যাবে বলে আমি মনে করি। পড়াশোনা: পরীক্ষার্থীরা পরীক্ষার হলে সময় কীভাবে ব্যবহার করবেন? নাজিয়া কবির: একেকজন একেক বিষয়ে পারদর্শী। সে ক্ষেত্রে যিনি যে বিষয়ে পারদর্শী, তিনি সেই বিষয়টি আগে পূরণ করবেন। আর কোনো রকম তাড়াহুড়ো না করে বিষয়ভিত্তিক সময় বণ্টন করতে হবে। আমি মনে করি, নিয়মিত অনুশীল করলে পরীক্ষার্থী নিজেই বুঝবেন, কোন বিভাগে কতটুকু সময় বণ্টন করা দরকার। পড়াশোনা: নেগেটিভ মার্কিং সম্পর্কে কিছু বলুন। নাজিয়া কবির: পরীক্ষার্থীদের অবশ্যই অন্ধকারে ঢিল ছোড়া থেকে বিরত থাকতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা যায়। এ কারণে নিশ্চিত না হলে উত্তর না করাই আমার মতে ভালো। অনেক সময় নেগেটিভ মার্কিংয়ের কারণে সঠিক উত্তরের নম্বরও কমে যায়, যা পরীক্ষার্থীদের অনার্সের বিষয় নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে। প্রতিটি বিভাগে ন্যূনতম নম্বরের উত্তর দেওয়ার দরকার নেই। পড়াশোনা: পরীক্ষার আগে কোন বিষয়গুলো দেখে নিতে হবে? নাজিয়া কবির: পরীক্ষার আগের দিন পরীক্ষার্থী তাঁর পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে রাখবেন। আর কোনো রকম আত্মবিশ্বাস হারানো যাবে না। পরীক্ষার্থী যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, সে ক্ষেত্রে সমস্যা তাঁর জন্যই। প্রস্তুতি ভালো থাকলেও পরীক্ষা ভালো হবে না। আর পরীক্ষা ভালো না হলে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া যাবে না। পড়াশোনা: পরীক্ষার্থীদের প্রতি বিশেষ পরামর্শ কী? নাজিয়া কবির: আমার মতে নিয়মিত পড়াশোনার বিকল্প নেই। এত দিন পরীক্ষার্থীরা যা পড়েছেন, সেটা মাথায় নিয়ে সুন্দর করে পরীক্ষা দিতে হবে। সর্বোপরি দুশ্চিন্তামুক্ত থাকতে হবে এবং কোনো প্রকার ভুল করা যাবে না। কৃষ্ণ কুমার সাহা