১০ সেকেন্ডের জয়যাত্রা

গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০১৪ উপলক্ষে আয়োজিত ‘৯.৮৮ আলট্রা শর্টফিল্ম মেকিং চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন বাংলাদেশের দুই শিক্ষার্থী
‘৯.৮৮ আলট্রা শর্টফিল্ম ফেস্টিভ্যাল’-এ কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী ৫৯২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে বাংলাদেশের এম এইচ এম মুবাশশিরের চলচ্চিত্র ‘ডিপেনডেন্স’ তৃতীয় স্থান লাভ করে (বিস্তারিত: www.9point88.com)।

মুবাশশির ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন একটি গো প্রও ভিডিও ক্যামেরা ও ১২ মাসের শুটিং পিপল মেম্বারশিপ। তাঁর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে গ্লাসগো ফিল্ম থিয়েটার, ফিল্ম হাউস ও ড্যান্ডি কনটেম্পোরারি আর্টস এবং চ্যানেল-ফোরের শুটিং গ্যালারিতে।
গ্লাসগো ২০১৪ কমনওয়েলথ গেমস উপলক্ষে আয়োজিত গ্লাসগো কালচারাল প্রোগ্রামের একটি অংশ ছিল ‘৯.৮৮ আলট্রা শর্টফিল্ম মেকিং চ্যালেঞ্জ’। এই প্রতিযোগিতায় ‘দ্য লাস্ট অ্যাক্ট’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ‘স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ জিতেছেন বাংলাদেশের কাজী আলী তামাদ্দুন (বিস্তারিত: www.9point88.com)। এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা চ্যানেল-ফোর চলচ্চিত্রটি সম্প্রচার করে। এ ছাড়া যুক্তরাজ্যের অনেক থিয়েটারেও এটি প্রদর্শিত হয়।
তামাদ্দুন বুয়েটে পুরকৌশল বিষয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতেন অ্যানিমেশন ও মোশন গ্রাফিক ডিজাইনিং নিয়ে। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। সম্প্রতি তামাদ্দুন উচ্চশিক্ষার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাডায় রিসার্চ ফেলো হিসেবে যোগ দিয়েছেন।