বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাঅধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ ‘কোষ বিভাজন’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্নোত্তরের জন্য প্রয়োজনীয় চিত্র পাঠ্যবই থেকে দেখে নেবে। মনে রাখবে, রচনামূলক অংশে ছবিগুলো সঠিক, সুন্দর ও চিহ্নিত হতে হবে।প্রশ্ন: কোষ কী? কোষের প্রকারভেদ আলোচনা করো।উত্তর: কোষের প্রকৃত সংজ্ঞা দেওয়া প্রায় অসম্ভব। মতভেদ থাকলেও বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়া যেতে পারে। নিচে কয়েকটি সংজ্ঞা দেওয়া হলো।১. কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক।২. জীবনকে প্রকাশ করার মতো বিভিন্ন গুণসম্পন্ন একখণ্ড প্রোটোপ্লাজমই কোষ। ৩. কোষ হলো জীবনের ভৌত সত্তার মৌলিক একক। ৪. জীবের যে ক্ষুদ্রতম সাংগঠনিক একক, যা অনুকূল পরিবেশে স্বনির্ভর, যা আবরণীবেষ্টিত নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত, পূর্বতন কোষ থেকে সৃষ্টি এবং নতুন কোষ উত্পাদনে সক্ষম তাকে কোষ বলে।(বি. দ্র.: পরীক্ষার খাতায় সব সংজ্ঞা না লিখে পছন্দমতো দু-তিনটি সংজ্ঞা লেখাই যথেষ্ট)কোষের প্রকারভেদ: সব জীবের কোষ এক রকম নয়। আকার, আকৃতি ও গঠনগত কাজের পার্থক্য আছে। নিচে প্রকারভেদ আলোচনা করা হলো।# জীবদেহের গঠন অনুসারে কোষ দুই প্রকার। যথা: উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ।উদ্ভিদকোষ: উদ্ভিদের দেহ গঠনকারী কোষই উদ্ভিদকোষ।বৈশিষ্ট্য: ১. কোষপ্রাচীর জড় প্রকৃতির সেলুলোজে নির্মিত। ২. উদ্ভিদকোষে প্লাস্টিড থাকে। ৩. বড় আকৃতির এক বা একাধিক কোষগহ্বর থাকে। ৪. সঞ্চিত খাদ্য শর্করা (শ্বেতসার)। ৫. প্লাজমা পর্দায় মাইক্রোভিলাই থাকে না। ৬. নিউক্লিয়াস সাধারণত পরিধির দিকে থাকে। ৭. উদ্ভিদকোষে সেন্ট্রোসোম থাকে না। ৮. গলজিবস্তুর উপস্থিতি কম।প্রাণিকোষ: প্রাণিদেহ গঠনকারী কোষই প্রাণিকোষ।বৈশিষ্ট্য: ১. কোনো কোষপ্রাচীর নেই। ২. সাধারণত প্লাস্টিড থাকে না। ৩. কোষগহ্বর থাকলেও ক্ষুদ্র ক্ষুদ্র। ৪. প্রাণিকোষে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। ৫. প্লাজমা পর্দা মাইক্রোভিলাই থাকে। ৬. নিউক্লিয়াস সাধারণত কোষের কেন্দ্রে থাকে। ৭. সর্বদা সেন্ট্রোসোম বর্তমান। ৮. গলজিবস্তু থাকে।# নিউক্লিয়াসের গঠন অনুসারে দুই প্রকার। যথা: প্রাককেন্দ্রিক কোষ ও সুকেন্দ্রিক কোষ।প্রাককেন্দ্রিক কোষ: যেসব কোষে সুসংগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন নেই, সেগুলোকে প্রাককেন্দ্রিক কোষ বা আদি কোষ বলে। যেমন: ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি।বৈশিষ্ট্য: কোষে কোনো সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নিউক্লিয়াস নেই। ২. নিউক্লিয়াস আবরণী ও নিউক্লিওলাস নেই। ৩. রাইবোসোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু নেই। ৪. কোষের গঠন প্রাচীন ও সরল। ৫. ক্রোমোসোমের পরিবর্তে ক্রোমাটিন দানা থাকে। ৬. কোষের বিভাজন অ্যামাইটোসিস।সুকেন্দ্রিক কোষ: যেসব কোষে সুস্পষ্ট ও সুসংগঠিত নিউক্লিয়াস থাকে, সেগুলোকে সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ বলে। যেমন: অধিকাংশ প্রাণীর কোষ।বৈশিষ্ট্য: ১. কোষে সুস্পষ্ট সুনির্দিষ্ট নিউক্লিয়াস বর্তমান। ২. কোষে সুস্পষ্ট নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিওলাস আছে। ৩. মাইট্রোকন্ড্রিয়া, রাইবোসোমসহ বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু বর্তমান। ৪. কোষের গঠন উন্নত ও জটিল। ৫. নিউক্লিয়াসে ক্রোমোসোম থাকে। ৬. কোষের বিভাজন মাইটোসিস।# কার্যকারিতা অনুসারে কোষ দুই প্রকার। যথা: দেহকোষ ও জননকোষ।দেহকোষ: যেসব কোষ জীবদেহ গঠন করে, কিন্তু যৌনজনন কাজে অংশ নেয় না, সেগুলোকে দেহকোষ বলে। যেমন: পেশিকোষ, আবরণী কোষ ইত্যাদি।বৈশিষ্ট্য: ১. বহুকোষী জীবের দেহ গঠন করে। ২. পূর্বতন দেহকোষ থেকে সৃষ্ট। ৩. প্রধানত চার ধরনের আবরণী পেশি, স্নায়ু, যোজক। ৪. ক্রোমোসোমের সংখ্যা ডিপ্লয়েডসংখ্যক। ৫. মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। ৬. জাইগোট সৃষ্টিতে অক্ষম।জননকোষ: যেসব কোষ জীবের দেহ গঠনে অংশ নেয় না, কিন্তু যৌনজনন কাজে অংশ নেয়, সেগুলোকে জননকোষ বলে। যেমন: শুক্রাণু।বৈশিষ্ট্য: ১. কেবল যৌন প্রজননে অংশগ্রহণ করে। ২. জনন মাতৃভাষা থেকে সৃষ্ট। ৩. দুই ধরনের শুক্রাণু ও ডিম্বাণু। ৪. ক্রোমোসোমের সংখ্যা হ্যাপ্লয়েড (n) সংখ্যক। ৫. মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। ৬. শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে জাইগোট গঠিত হয়।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল