১৫ নভেম্বর শুরু হচ্ছে বুয়েটের প্রথম বর্ষের বিভাগ নির্বাচন
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনুষ্ঠিত প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যাঁরা স্থাপত্য, প্রকৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত/অপেক্ষমাণ তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন তাঁদের সনদপত্রের সত্যতা যাচাই, বিভাগ নির্বাচনের অপশন প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে ১৫ নভেম্বর। ওই দিন স্থাপত্য বিভাগের জন্য নির্বাচিত প্রাথমিক তালিকাভুক্ত শিক্ষার্থীদের দিয়ে সকাল সাড়ে নয়টা থেকে শুরু হবে বিভাগ নির্বাচন প্রক্রিয়া। ১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.buet.ac.bd) বিভাগ নির্বাচনে ফরম পাওয়া যাবে। বিভাগ নির্বাচনের সময় প্রার্থীরা যা যা সঙ্গে আনবেন—মাধ্যমিক/দাখিল অথবা সমমানের পরীক্ষার মূল গ্রেডশিট ও সনদপত্র এবং এর সত্যায়িত কপি।উচ্চমাধ্যমিক/আলিম অথবা সমমানের পরীক্ষার মূল গ্রেডশিট ও সনদপত্র এবং এর সত্যায়িত কপি।আবেদনকারী প্রার্থীর নাম-সংবলিত সত্যায়িত এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, যা অনলাইনে আবেদনের সময় সংযুক্ত করা হয়েছিল এবং পিতা/অভিভাবকের সম্মতিসূচক স্বাক্ষরসহ বিভাগ নির্বাচনের ফরম। এ ছাড়া সংরক্ষিত আসনের জন্য ভর্তিযোগ্য ক্ষুদ্র জাতি গোষ্ঠী প্রার্থীদেরকে তাদের ক্ষুদ্র জাতি গোষ্ঠিত্বের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র বিভাগ নির্বাচনে ফরমের সঙ্গে জমা দিতে হবে। এ ছাড়া প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা প্রদান করতে হবে। আর ভর্তির জন্য প্রকৌশল অনুষদগুলোর বিভাগগুলোতে এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য সাত হাজার ১৫০ টাকা এবং স্থাপত্য বিভাগে ভর্তির জন্য সাত হাজার ২০০ টাকা ফি নির্ধারিত ফরমে সোনালী ব্যাংকের বুয়েট শাখায় বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা দিতে হবে।যদি কোনো শিক্ষার্থী ক্লাস শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন না করেন অথবা বিনা অনুমতিতে দুই সপ্তাহের মধ্যে ক্লাসে উপস্থিত না হন, তবে তাঁর ভর্তি বাতিল করা হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.buet.ac.bd)।