১৬ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুদিন সাপ্তাহিক ছুটি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুদিন সাপ্তাহিক ছুটি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৬ জুলাই থেকে সাপ্তাহিক ছুটি হবে শুক্র ও শনিবার। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি হবে শুক্র ও শনিবার। নতুন সময়সূচি ১৬ জুলাই থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় সাপ্তাহিক ছুটি এক দিন থেকে বাড়িয়ে দুদিন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছরের ফেব্রুয়ারিতে আবদুস সোবহানের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সেই সিদ্ধান্ত আর কার্যকর করেনি প্রশাসন। অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন চার বছর উপাচার্যের দায়িত্ব পালনের পর গত ৭ মে আবারও উপাচার্যের দায়িত্বে আসেন আবদুস সোবহান। এরপর তিনি সেই সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিলেন।
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি এক দিন (শুক্রবার) চালু আছে। আর দাপ্তরিক কার্যক্রম চলে সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত।