এসএসসি পরীক্ষা যেহেতু গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই শিক্ষার্থী সারা জীবন মনে রাখবে। দেখতে দেখতে ২০১১ সাল শুরু হয়ে কয়েক দিন পেরিয়েও গেছে। তাই এই সময়ের প্রস্তুতিটা হবে নিরবচ্ছিন্ন। অর্থাৎ সব বিষয়ে সমান গুরুত্ব দেওয়া।তেমনি আমি মনে করি, সময় আছে, এই সময় অক্লান্ত পরিশ্রম আর কষ্ট করলে ভালো ফল অর্জনের মাধ্যমে সব কষ্ট সফল হবে। আমি মনে করি, নতুন করে কোনো কিছু না পড়ে বরং পড়া অংশটা আবার ভালোভাবে দেখা উচিত। বিষয়ভিত্তিক প্রস্তুতি (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য): অনেকেই নিজের বিষয়ভিত্তিক বিষয়গুলোর প্রতি বেশি জোর দিয়ে থাকে। বিজ্ঞান ও বাণিজ্যের শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি বেশি লক্ষ করা যায়। তবে আমি মনে করি, এ সময়ে বিষয়ভিত্তিক বিষয়ের সঙ্গে অনান্য বিষয়গুলোও পড়বে। প্রতিদিন সবগুলো বিষয় পড়বে। অন্তত এক ঘণ্টা করে হলেও সব বিষয়গুলো পড়বে এবং রিভিশন দেবে। কেননা অনেকগুলো বিষয়কে সহজ মনে করে শিক্ষার্থীরা গুরুত্ব দেয় না এতে করে পরীক্ষার আগে শিক্ষার্থী চাপের মুখে পড়ে যায়। তাই সম্ভব হলে পরিবারের সচেতন কেউ মা-বাবা ও ভাইবোনের সহায়তায় একটা রুটিন করে নেওয়া যেতে পারে। আর এই রুটিন অনুসারে পড়লে পড়ার ধরাবাহিকতা থাকে। হয়তো কোনো বিষয় শেষ, তাতে কী? তার পরও পড়তে হবে। কেননা চর্চার কোনো বিকল্প নেই। গণিত ও ইংরেজির প্রস্তুতি: আমাদের শিক্ষার্থীদের অতিসচেতন অভিভাবকেরা তাঁদের সচেতনতার প্রমাণ রাখেন সন্তানদের এই দুই বিষয়ে বারবার সাবধান করে দিয়ে। পড়াশোনার শুরু থেকেই এই কোমালমতি শিশুদের মধ্যে গণিত আর ইংরেজিবিষয়ক ভীতি দানা বাঁধে। আর এসএসসি পর্যায়েও তারা এটিকে কাটাতে পারে না। তবে আমি মনে করি, ভয় না পেয়ে বরং এই দুই বিষয়ে জোর দেওয়া উচিত। আর একজন শিক্ষার্থী জোর দেবে চর্চার মাধ্যমে। নিয়মিত টেস্টপেপার থেকে ভালো স্কুলগুলো বেছে সমাধান করবে। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি : সৃজনশীল প্রশ্ন পদ্ধতি আমাদের শিক্ষা-ব্যবস্থায় নতুন একটি বিষয়। শহর অঞ্চলের শিক্ষক ও শিক্ষার্থীরা এই বিষয়টি এখন বেশ ভালো বোঝে। তবে যারা প্রত্যন্ত অঞ্চল বা গ্রামের কোনো স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে, সেসব শিক্ষার্থীদের উদ্দেশে বলব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেহেতু সৃজনশীলে মুখস্থের কোনো সুযোগ নেই, তাই বই ভালো করে পড়তে হবে। কেননা বিষয়টি ভালোভাবে বুঝতে পারলে যেকোনো ধরনের প্রশ্নের উত্তর করা সম্ভব। নৈর্ব্যক্তিক ও লিখিত : লিখিত ও নৈর্ব্যক্তিক এই দুই অংশের নম্বরের যোগফল হলো একটা বিষয়ের মূল নম্বর। তাই কোনো অংশকেই হেলাফেলা করা যাবে না। তবে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির বদৌলতে এখন শিক্ষার্থীকে পুরো বইটি খুঁটিয়ে পড়তে হয়। বেছে বেছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ার কোনো সুযোগ এখানে নেই। তাই শিক্ষার্থীরা যদি মূল বইটি ভালো করে পড়ে, তবে লিখিত ও নৈর্ব্যক্তিক দুই অংশেই ভালো করবে। শিক্ষার্থীর পরীক্ষার সময় বণ্টন : পরীক্ষার হলে সময় পরীক্ষার্থীদের জন্য দুর্লভ কিছু। সময় সচেতনতা আগে থেকেই গড়ে তুলতে হবে। ভালো স্কুলগুলোতে টেস্ট পরীক্ষার পর থেকে সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয়। এতে করে শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দেওয়া শেখে। তবে বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ না থাকলে ঘরে বসেই টেস্টপেপার থেকে ভালো স্কুল নির্বাচন করে সময় ধরে সমাধান করা যেতে পারে। এতে করে পরীক্ষার হলে সময় নিয়ে আলাদা ঝামেলা হয় না।অধ্যক্ষ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ