২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-১০: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল পদ্ধতি  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, সকল বিষয়ে সৃজনশীল পদ্ধতির উপর ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। গতকালের পর আজ বাংলা বিষয়ে ভালো করার কৌশল নিয়ে আলোচনা করা হলো। সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে শিক্ষার্থীর অনুশীলনের জন্য প্রশ্ন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো পাঠ্যবিষয়কে বাস্তবজীবন ও পরিবেশের সঙ্গে সম্পর্কিত করা। এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে ‘জীবন বিনিময়’ কবিতার কথা উল্লেখ করা যায়। এ কবিতার দুটি মূল প্রতিপাদ্য হলো সম্রাট বাবুরের সন্তানবাৎসল্য, অর্থাৎ হুমায়ুনের প্রতি ভালোবাসা এবং তাঁর মহানুভবতা। সুতরাং এ কবিতাটি পাঠ করে এর বিষয়ের সঙ্গে অন্যান্য মা-বাবা তাঁদের সন্তানকে কীভাবে এবং কতটা ভালোবাসেন, যেমন—মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান, সন্তানের পছন্দের কোনো জিনিস সযত্নে সংরক্ষণ করেন। আবার একটি পাখি নিজের মুখের খাবার তার সন্তানকে দিয়ে দেয়। প্রকৃতিতে সন্তানের জীবন বাঁচাতে কোনো পশু-পাখি নিজের জীবনের ঝুঁকি নিতে পিছপা হয় না। আবার একইভাবে ‘মহেশ’ গল্পে গফুর ও মহেশের সম্পর্ক, ‘রামের সুমতি’ গল্পে রামের সঙ্গে তার পোষা রুই মাছের সম্পর্ক ইত্যাদি বিষয়ের সাদৃশ্য-বৈসাদৃশ্য খুঁজে বের করা। তাহলে সন্তানবাৎসল্য বিষয়টি শিক্ষার্থীর কাছে পরিষ্কার হবে এবং শিক্ষার্থী এ বিষয়ে যেকোনো প্রয়োগ বা উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। অনুরূপভাবে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, সমাজে দুর্গত, অসহায় ও অসুস্থ মানুষের সেবায় বিভিন্ন জনের আত্মনিয়োগের ঘটনার সঙ্গে সম্রাট বাবুর কর্তৃক উন্মত্ত হাতির কবল থেকে অসহায় শিশুটিকে উদ্ধার করার ঘটনার সম্পর্ক করতে পারলে মহানুভবতার বিষয়টিও শিক্ষার্থীরা উচ্চতর দক্ষতার স্তর পর্যন্ত উত্তর করতে সক্ষম হবে। ‘জীবন বিনিময়’ কবিতাটির সঙ্গে নিচের ছবি দুটির সম্পর্ক প্রণিধানযোগ্য।পত্রপত্রিকায় প্রকাশিত ছবি বা আশপাশে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে পাঠ্যবিষয়ের সম্পর্ক করা শিক্ষার্থীর ভালো ফলের নিশ্চয়তা দেয়। কেবল পাঠ্যপুস্তক ও শ্রেণীশিক্ষকের ওপর নির্ভর করে শিক্ষার্থীদের ভালো ফল করতে পারা উচিত। শিক্ষকদের শিখন কৌশল বক্তৃতা পদ্ধতির পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক এবং শ্রেণী কার্যক্রমে উপকরণ ব্যবহার বিষয়ে বহু প্রশিক্ষণ দিয়েও সফলতা পাওয়া যায়নি। সৃজনশীল পদ্ধতি চালু হওয়ায় শিখন কৌশলের কার্যকারিতা লক্ষ করা যাচ্ছে। এ পদ্ধতিতে নোট, গাইড বা কোচিং সেন্টারের কোনো ভূমিকা নেই। প্রতিটি বিষয়ে শিক্ষার্থীর সৃজনশীল ভাবনা তার ভালো ফল নিশ্চিত করবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগার, ইন্টারনেট-সুবিধা ও পত্র-পত্রিকা থাকলে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক হয়। তবে শ্রেণীতে শিক্ষক উপকরণ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীর সব সমস্যা সমাধান করে দিতে পারেন। শিক্ষক ও অভিভাবকেরা বিষয়টি নিয়ে ভয় পেলেও দেখা গেছে, বর্তমান ও বিগত বছরের প্রি-টেস্ট, টেস্ট, ও এসএসসি পরীক্ষায় যে কয়টি বিষয়ে এ পদ্ধতি চালু হয়েছে, তাতে শিক্ষার্থীদের পরিশ্রম কমে গেছে। শিক্ষার্থীদের ফলাফলও তুলনামূলক ভালো হয়েছে। সুতরাং সবাইকে অনুরোধ করব, শিক্ষার্থীদের প্রতিটি বিষয় অনুধাবন বা বুঝতে সাহায্য করুন। অযথা মুখস্থ করতে চাপ দেবেন না। মুখস্থ বিদ্যা মানুষ কিছুদিনের মধ্যেই ভুলে যায়। তা ব্যক্তি, সমাজ বা দেশের কোনো কাজে লাগে না।# সংশোধনী: গত ৩ ডিসেম্বর প্রকাশিত ভূগোল বিষয়ে সৃজনশীল পদ্ধতির উত্তর কাঠামো ও প্রশ্নোত্তরের কৌশল অংশ-১ এর ২০ নম্বর লাইনে মুদ্রণজনিত ত্রুটির কারণে অনুধাবন প্রশ্নের মান-৩ ছাপা হয়েছে। সংশোধিত হয়ে অনুধাবন অংশের মান হবে ২।