বহুনির্বাচনী ও রচনামূলক প্রশ্নোত্তরের কৌশল
২০১১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি-১৫: গার্হস্থ্য অর্থনীতি
সৃজনশীল পদ্ধতি অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে রচনামূলক ও বহুনির্বাচনী প্রশ্নোত্তরের কৌশল আলোচনা করবো। নিচের প্রশ্নোত্তর নমুনা হিসেবে দেওয়া হয়েছে। এই কৌশলগুলো তোমরা আয়ত্ব করতে পারলে যে কোন বিষয়ের বহুনির্বাচনী ও রচনামূলক প্রশ্নের উত্তর দিতে পারবে। কাজেই তোমরা মনোযোগ সহকারে কৌশলগুলো বোঝার এবং আয়ত্ব করার চেষ্টা করবে এবং নিজেরা নমুনা প্রশ্ন তৈরি করে অনুশীলন করবে। অভিন্ন তথ্যভিত্তিক: প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন করার জন্য একটি নতুন ক্ষেত্র বা পরিস্থিতি প্রয়োজন হয়। অনেক সময় অল্প কথায় এই নতুন ক্ষেত্র বা পরিস্থিতি বর্ণনা করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে পরীক্ষার হলে শিক্ষার্থীর পাঠের সময়কে সামঞ্জস্যপূর্ণ করার জন্য একই তথ্যের ভিত্তিতে একাধিক প্রশ্ন করা হয়। তাই এ ধরনের প্রশ্নকে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন বলা হয়। এ ধরনের প্রশ্নে জ্ঞানস্তরের প্রশ্ন করা কাম্য নয়। বরং অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য এ প্রশ্নপদ্ধতি খুব উপযোগী। এ ধরনের প্রশ্নে সাধারণ বহুনির্বাচনী এবং বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন থাকতে পারে। প্রতি প্রশ্নপত্রে কমপক্ষে এক সেট অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন থাকবে। যেমন: রিনা প্রতিদিন গোছল করে না। তার খাবারে অরুচি আছে এবং সে চোখে ঝাপসা দেখে। (৮ ও ৯ নম্বর প্রশ্নের জন্য)প্রশ্ন-৮: চোখের সমস্যা দূর করার জন্য রিনাকে বেশি খেতে হবে— (প্রয়োগ)ক. কচুশাক খ. লালশাক গ. ফুলকপি ঘ. বাদামপ্রশ্ন-৯: রিনার খাবারে অরুচি দেখা দেওয়ার কারণ, সে— (উচ্চতর দক্ষতা)i. কোষ্ঠকাঠিন্যে ভোগে ii. জ্বরজ্বর ভাব অনুভব করে iii. চর্মরোগে ভোগেকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও ii ঘ. i, ii ও iiiওপরের প্রশ্নগুলো চিন্তন দক্ষতার বিভিন্ন স্তরকে প্রতিফলিত করেছে। কিন্তু প্রশ্নগুলো একবার শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করলে এবং প্রশ্নগুলোর সমাধান করার পর যদি সেগুলো পুনরায় পরীক্ষার প্রশ্নপত্রে সেট করা হয়, তবে এর মান সরাসরি জ্ঞানস্তরে নেমে আসে অর্থাৎ প্রশ্নগুলো স্মৃতিনির্ভর হয়ে পড়ে। তাই পরীক্ষায় স্মৃতিনির্ভর বা জ্ঞানস্তরের প্রশ্ন ছাড়া আর কোনো প্রশ্ন রিপিট করা যাবে না। বাকি প্রশ্নগুলোর জন্য বিকল্প উত্তরগুলো পরিবর্তন করে বা যে নতুন পরিস্থিতিতে শিক্ষার্থীর অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যাচাই করতে চাওয়া হয়েছে, তা পরিবর্তন করলে প্রশ্নের উত্তর পরিবর্তিত হবে। তাই নতুন প্রশ্নের কোনো অভাব হবে না। গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ২৫ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন হবে। এর মধ্যে জ্ঞানস্তরের প্রশ্ন ৩০-৪০%, অনুধাবন স্তরের প্রশ্ন ৩০-৪০%, প্রয়োগ স্তরের প্রশ্ন ১০-২০% এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন ১০-২০% হবে। এর ফলে দুর্বল শিক্ষার্থীদের যেমন পাস করতে সমস্যা হবে না, তেমনই মেধার মান অনুযায়ী শিক্ষার্থীদের বিভিন্ন গ্রেডে ভাগ করা যাবে।সৃজনশীল প্রশ্ন: বহুনির্বাচনী প্রশ্নে শিক্ষার্থীর লেখার দক্ষতা যাচাই করা যায় না। তাই পরীক্ষায় রচনামূলক প্রশ্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বে প্রচলিত রচনামূলক প্রশ্নগুলো নিম্নরূপ ছিল।প্রশ্ন: ক. শাল দুধ বা কলস্ট্রাম কী?প্রশ্ন: খ. জন্মের পরই শিশুর পোশাক কীরূপ হওয়া উচিত, সংক্ষেপে বর্ণনা করো।প্রশ্ন: গ. শিশুর জন্য মায়ের দুধের উপকারিতা বর্ণনা করো।ওপরের প্রশ্নগুলো সরাসরি করা হয়েছে। ফলে এ প্রশ্নে কোনো বৈচিত্র্য নেই। ফলে নতুন নতুন প্রশ্ন করা যায় না। একই প্রশ্ন বারবার করা হয় বলে এ ধরনের প্রশ্নে মুখস্থ করে উত্তর দেওয়া যায়। তাই ভাষাগতভাবে প্রশ্নের দক্ষতার স্তর যা-ই হোক না কেন, প্রকৃত অর্থে প্রশ্নগুলো জ্ঞানস্তরের হয়ে যায়। ফলে শিক্ষার্থীর শিখন মুখস্থের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। অন্যদিকে এ ধরনের প্রশ্নে উত্তরপত্র মূল্যায়নকারী কখনোই শিক্ষার্থীকে পূর্ণ নম্বর দেন না। এমনকি প্রশ্নকর্তাও জানেন না, কী লিখলে পূর্ণ নম্বর দেওয়া যাবে। তা ছাড়া প্রশ্নের কোনো সুনির্দিষ্ট মাপকাঠি না থাকায় এক বোর্ড থেকে অন্য বোর্ডের প্রশ্নে মানে পার্থক্য হয়। একইভাবে বিভিন্ন বিষয়ে এবং বিভিন্ন বছরের প্রশ্নে মানের পার্থক্য লক্ষ করা যায়। ফলে শিক্ষার্থীরা বোর্ড, বছর বা বিষয়ভেদে বৈষম্যের শিকার হয়। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে সৃজনশীল প্রশ্নের অবতারণা। এ প্রশ্নের শুরুতেই একটি নতুন পরিস্থিতি বর্ণনা করা হয়। এই পরিস্থিতির ভিত্তিতে একেক শিক্ষার্থীর জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যাচাই করার জন্য চারটি প্রশ্ন করা হয়। ওপরের প্রশ্নগুলোই নিচে সৃজনশীল প্রশ্ন আকারে দেওয়া হলো।ফরিদা বেগম মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। আট মাস আগে তিনি একটি পুত্রসন্তান জন্ম দিয়েছেন। তিনি চিকিৎসকের পরামর্শে শিশুটিকে শালদুধ বা কলস্ট্রাম খাইয়েছেন। তা ছাড়া চিকিৎসক শিশুটিকে প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খাওয়াতে বলেছেন। বাজার থেকে কেনা নতুন জামা শিশুটিকে পরালে শিশুটি কান্না শুরু করে।প্রশ্ন: ক. শাল দুধ বা কলস্ট্রাম কী? ১প্রশ্ন: খ. নতুন জামা পরালে শিশুটি কান্না শুরু করল কেন? ২প্রশ্ন: গ. শিশুটির জন্য উপযোগী জামার প্রস্তুতি বর্ণনা করো। ৩প্রশ্ন: ঘ. শিশুটিকে প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ানোর সিদ্ধান্তটি মূল্যায়ন করো। ৪এখানে ‘ক’ প্রশ্নটিতে শিক্ষার্থীর জ্ঞান যাচাই করতে চাওয়া হয়েছে। শিক্ষার্থী তার স্মৃতি থেকে এই প্রশ্নের উত্তর দেবে। ‘খ’ প্রশ্নটিতে শিক্ষার্থীর অনুধাবন যাচাই করতে চাওয়া হয়েছে। এখানে শিক্ষার্থী তার স্মৃতি থেকে নতুন জামার বৈশিষ্ট্য (জ্ঞানস্তর) লিখতে পারলে ১ নম্বর পাবে এবং এর সঙ্গে কান্নার সম্পর্ক নির্ণয় করে প্রশ্নটির উত্তর সম্পন্ন করতে পারলে পূর্ণ নম্বর ২ পাবে। ‘গ’ প্রশ্নটিতে শিক্ষার্থীর প্রয়োগ দক্ষতা যাচাই করতে চাওয়া হয়েছে। এখানে স্মৃতি থেকে শিশুর ত্বকের বৈশিষ্ট্য (জ্ঞানস্তর) লিখতে পারলে ১ নম্বর পাবে, এর সঙ্গে সম্পর্ক রেখে উপযোগী কাপড় ও ডিজাইন (অনুধাবন স্তর) লিখতে পারলে আরও ১ নম্বর অর্থাৎ ২ নম্বর পাবে এবং সবশেষে জামাটির প্রস্তুতি বর্ণনা করতে পারলে পূর্ণ ৩ নম্বর পাবে। সর্বশেষ ‘ঘ’ প্রশ্নে শিক্ষার্থীর উচ্চতর দক্ষতা যাচাই করতে চাওয়া হয়েছে। এখানে স্মৃতি থেকে প্রথম ছয় মাস বয়সে একটি শিশুর খাবারের চাহিদা (জ্ঞানস্তর) লিখতে পারলে ১ নম্বর পাবে, বুকের দুধ শিশুর খাবারের চাহিদা মিটাতে পারবে কি না, তা বুঝে (অনুধাবন স্তর) লিখতে পারলে আরও ১ নম্বর অর্থাৎ ২ নম্বর পাবে। শিশুর প্রয়োজনীয় পুষ্টি এবং বুকের দুধের উপাদানের সম্পর্ক নির্ণয় (প্রয়োগ স্তর) আরও ১ নম্বর অর্থাৎ ৩ নম্বর পাবে এবং সর্বশেষ যুক্তির নিরীখে সিদ্ধান্তটি মূল্যায়ন করতে পারলে পূর্ণ নম্বর ৪ পাবে। গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে রচনামূলক প্রশ্নে অনুরূপ ছয়টি প্রশ্ন থাকবে। প্রশ্নগুলো চার খণ্ডে বিভক্ত থাকবে। শিক্ষার্থীকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে, তবে কোনো অংশ থেকে দুটির বেশি প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। বর্তমান ব্যবস্থায় অনেক শিক্ষার্থী সৃজনশীলতার অধিকারী না হয়েও শুধু মুখস্থ করে ভালো ফলাফল করতে সক্ষম হচ্ছে। অন্য দিকে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী সৃজনশীলতার অধিকারী হয়েও পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না। এসএসসি পরীক্ষায় উন্নত বহুনির্বচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের প্রচলনের মাধ্যমে বর্তমান সীমাবদ্ধতার অবসান ঘটিয়ে অধিক মেধাবী, মেধাবী ও স্বল্প মেধাবীদের সফলভাবে বিভিন্ন গ্রেডে বিভক্ত করা যায়। অতএব, আশা করা যায়, এই পরীক্ষাপদ্ধতিতে শিক্ষার্থীরা মুখস্থের বৃত্ত থেকে বেরিয়ে এসে কার্যকর ও উন্নত শিক্ষায় শিক্ষিত হবে। দেশ ও জাতি কাঙ্ক্ষিত উন্নয়ন লাভ করবে।