২০১২ সালের এইচএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞান থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: দুই তরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য ও বিজ্ঞানসম্মত হিসাব ব্যবস্থা ব্যাখ্যা করো।উত্তর: ইতালির ধর্ম যাজক ও গণিতশাস্ত্রবিদ লুকা প্যাসিওলি (Luca Pacioli) ১৪৯৪ খ্রিষ্টাব্দে তাঁর বিখ্যাত গ্রন্থ Summa Arithmetica Geometrica proportionet proportion lita-তে লেনদেন হিসাব বইতে লিপিবদ্ধ করার জন্য ‘দুই তরফা দাখিলা পদ্ধতি’ নামে একটি বিজ্ঞানসম্মত পদ্ধতির উদ্ভাবন করেন। এ পদ্ধতি পূর্ণাঙ্গ নির্ভরযোগ্য ও বিজ্ঞানসম্মত হওয়ায় বর্তমান বিশ্বে আজও সর্বজনীনভাবে ব্যবহূত হচ্ছে। দুই তরফা দাখিলা একটি পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি: দুই তরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দ্বৈতসত্তা বিশ্লেষণের মাধ্যমে একটি পক্ষকে ডেবিট এবং এর সমপরিমাণ অর্থ দিয়ে অপরটিকে ক্রেডিট করা হয়। ফলে লেনদেন লিপিবদ্ধকরণে পূর্ণাঙ্গতা পায়। এ পদ্ধতিতে লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পক্ষ বা হিসাব খাতকে বাদ দেওয়া হয় না। পরিপূর্ণ ও সঠিক হিসাব রাখার জন্য ক্রয় বই, বিক্রয় বই, ক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত বই, নগদান বই, প্রাপ্য বিল বই, প্রদেয় বিল বই ইত্যাদি বিভিন্ন ধরনের সহকারী হিসাবসংরক্ষণ করা হয় এবং এদের সাহায্যে হিসাবের পাকা বই খতিয়ান তৈরি করা হয়। তাই দুই তরফা দাখিলা পদ্ধতি পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি।দুই তরফা দাখিলা একটি নির্ভরযোগ্য হিসাব পদ্ধতি: দুই তরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষিত হিসাব বইগুলো নির্ভুল, স্বয়ংসম্পূর্ণ ও সর্বজনস্বীকৃত। এ পদ্ধতিতে সংরক্ষিত হিসাব যাতে নির্ভরযোগ্য হয় সে জন্য হিসাব বইয়ে লিপিবদ্ধ প্রতিটি লেনদেনের সমর্থনে প্রামাণ্য দলিল-ভাউচার, চালান, রশিদপত্র ও অন্যান্য নথিপত্র ইত্যাদি খুব যত্নসহকারে রক্ষা করা হয়। ভবিষ্যতে যাতে এগুলো প্রামাণ্য দলিল বা সাক্ষী হিসেবে কাজে লাগানো যায়। এ জন্য দুই তরফা দাখিলা পদ্ধতি সবার কাছে নির্ভরযোগ্য। দুই তরফা দাখিলা একটি বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি: যুক্তি ও সত্যের নিরিখে বর্ণিত জ্ঞানকে বিজ্ঞান বলে এবং ওই জ্ঞানের অনুশীলনকে সর্বজনগ্রাহ্য করার লক্ষ্যে যে নিয়ম, বিধি, সূত্র প্রয়োগ করা হয় তাকে বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে। দুই তরফা দাখিলায় লেনদেনের বিজ্ঞানসম্মত হিসাব সংরক্ষণ করা হয়। এ পদ্ধতিতে হিসাবকাল শেষে রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। এ পদ্ধতিতে মোট ডেবিট পরিমাণ ও ক্রেডিট পরিমাণ সব সময় সমান হয়। এ হিসাব ব্যবস্থায় হিসাবে ভুলত্রুটি ও জালিয়াতি সংঘটিত হলে সহজেই তা উদঘাটন করা যায়। এ কারণে দুই তরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, দুই তরফা দাখিলা পদ্ধতি নিঃসন্দেহে একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য ও বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি।