প্রশ্ন: অবচয় কাকে বলে? অবচয় ধার্যের কারণ বা উদ্দেশ্য কী?উত্তর: ইংরেজি Depreciation শব্দের আভিধানিক অর্থ হলো অবচয় বা মূল্যহ্রাস। উৎপত্তিগত অর্থে বলা যায়, অর্জিত সম্পত্তির ক্রমাগত মূল্যহ্রাসকে অবচয় বলে। সাধারণ অর্থে অবচয় বলতে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতির কারণে মূল্যহ্রাসকে বোঝায়। বাস্তবে ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি ছাড়াও সময় অতিবাহিত, সরাসরি সম্ভোগ, দুর্ঘটনাজনিত মূল্যহ্রাস, অপ্রচলন বা অকেজো হয়ে যাওয়া ইত্যাদি কারণে সম্পত্তির গুণগত ও পরিমাণগত যে নিয়মিত বা অবিরাম ক্ষয় বা মূল্যহ্রাস ঘটে, তাকে অবচয় বলে।বিভিন্ন হিসাববিজ্ঞানী অবচয়ের সংজ্ঞা দিয়েছেন। নিচে অবচয়ের দুটি সংজ্ঞা দেওয়া হলো:# R N Carter-এর মতে ‘যেকোনো কারণে সম্পত্তির ক্রমাগত ও স্থায়ী মূল্যহ্রাসকে অবচয় বলে।’# Spicer and Pegler বলেন, ‘যেকোনো নির্দিষ্ট সময়ে যেকোনো কারণে সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল ক্ষয়ের পরিমাপকে অবচয় বলে।’উপরিউক্ত আলোচনা ও সংজ্ঞার আলোকে বলা যায়, ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, সময় অতিবাহন, অপ্রচলন, বাজারমূল্যের স্থায়ী পতন ইত্যাদি কারণে সম্পত্তির যে ক্রমাগত মূল্যাবনতি ঘটে, তাকে অবচয় বলে।নিচে অবচয় ধার্যের কারণ অথবা উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা করা হলো:১. প্রকৃত লাভ-ক্ষতি নিরূপণ (Determining Actual Profit and loss) : মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্থায়ী সম্পদ ব্যবহার করা হয়। সুতরাং, সম্পত্তির অবচয় মুনাফা অর্জনের একটি ব্যয়। হিসাববিজ্ঞানের নীতি অনুযায়ী, নির্দিষ্ট সময়ের আয়ের বিপরীতে যেসব নিয়মিত ব্যয় হয়, সেগুলোকে আয় থেকে বাদ দিয়ে প্রকৃত নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়।২. প্রকৃত আর্থিক চিত্র প্রদর্শন (Showing Real Financial Picture): সম্পত্তির অবচয়ের কারণে এর ব্যবহারিক মূল্য হ্রাস পায়। অবচয় হিসাবভুক্ত করা হলে বছরান্তে প্রস্তুতকৃত উদ্বৃত্তপত্রে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক চিত্র প্রদর্শিত হয়।৩. সম্পত্তি প্রতিস্থাপন (Replacement of Asset): প্রতিবছর আয়ের বিপরীতে অবচয় ধার্যের মাধ্যমে প্রয়োজনীয় তহবিল গঠন করা যায়। এ তহবিল লাভজনক খাতে বিনিয়োগপূর্বক আরও সমৃদ্ধ করে পুরোনো সম্পত্তির পরিবর্তে উন্নততর নতুন সম্পত্তি প্রতিস্থাপন করা সম্ভব হয়।৪. প্রকৃত উৎপাদন ব্যয় নিরূপণ (Determining Actual cost of production) : পণ্য উৎপাদনের কাজে সম্পত্তি ব্যবহারের করণে অবচয়ের সৃষ্টি হয়। তাই অবচয়কে উৎপাদন ব্যয়ের একটি অংশ হিসেবে ধরতে হয়। এ জন্য পণ্যের প্রকৃত উৎপাদন ব্যয় নিরূপণে সঠিক পরিমাণ অবচয় ধার্য করা একান্ত আবশ্যক।৫. মূলধন সংরক্ষণ (Maintaining Capital) : অবচয় হিসাবভুক্ত না করা হলে বছরান্তে আর্থিক বিবরণীতে লাভের পরিমাণ ও সম্পত্তির মূল্য—উভয়ই অধিক প্রদর্শিত হবে। এ অতিমুনাফা লভ্যাংশ আকারে বণ্টিত হবে এবং এতে মূলধন ক্ষয় হতে থাকবে। তাই প্রতিষ্ঠানের মূলধন সংরক্ষণের জন্য লাভের বিপরীতে অবচয় ধার্য করা প্রয়োজন।৬. সম্পত্তির বিক্রয়মূল্য নির্ধারণ (Determining Sales Value of Asset): স্থায়ী সম্পত্তির ওপর অবচয় ধার্য করা হলে প্রতিবছরে সম্পত্তির পুস্তকমূল্য জানা যায় এবং বিক্রয়মূল্য নির্ধারণ করা সহজ হয়। তাই কোনো সময় কোনো স্থায়ী সম্পত্তি বিক্রির প্রয়োজন হলে ওই সম্পত্তির সঠিক বিক্রয়মূল্য নির্ধারণের জন্য অবচয় ধার্য করা আবশ্যক।৭. করদায় নির্ণয় (Calculating Tax Liability) : আয়কর আইন অনুযায়ী, অবচয় বাদ দেওয়ার পর করযোগ্য আয় নির্ণয় করতে হয়। তাই প্রকৃত করদায় নির্ণয়ের উদ্দেশ্যে সম্পত্তির অবচয় ধার্য আবশ্যক।পরিশেষে বলা যায়, ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সুদৃঢ় ও মজবুত করার স্বার্থে ব্যবহূত স্থায়ী সম্পত্তির ওপর যুক্তিসংগত পরিমাণ অবচয় ধার্য করা বিশেষ প্রয়োজন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল