সৃজনশীল প্রশ্নপদ্ধতির প্রশিক্ষণ কর্মসূচিবাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।সৃজনশীল প্রশ্নপদ্ধতি শিক্ষার্থীবান্ধব একটি যুগোপযোগী মূল্যায়ন পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষার্থীকে পৃষ্ঠার পর পৃষ্ঠা মুখস্থ করে লিখতে হয় না। আগের পদ্ধতিতে প্রশ্নের উত্তর মুখস্থ রাখার ব্যাপার ছিল। ফলে শিক্ষার্থী বুঝে বা না বুঝে পৃষ্ঠার পর পৃষ্ঠা অন্যের তৈরি করা নোট মুখস্থ করার চেষ্টা করত। তাই শিক্ষার্থীর মনে আগে থেকে প্রস্তুতকৃত নোট মুখস্থ করে ভুলে যাওয়ারও ভয় ছিল। কিন্তু সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে প্রশ্নের উত্তর মুখস্থ করার বিষয়টি খুবই গৌণ। এই পদ্ধতিতে শিক্ষার্থীকে নিজ নিজ পাঠ্যপুস্তকগুলোকে ভালো করে পড়ে বইয়ের তথ্যগুলোকে ভালোভাবে আত্মস্থ করতে হবে। শিক্ষার্থীর পঠিত বিষয়/তথ্যগুলোকে শিক্ষার্থী তার দৈনন্দিন জীবনের ঘটনাবলির মধ্যে প্রতিফলিত করাবে। পাঠ্যবইয়ের এই তথ্যগুলোকে দৈনন্দিন জীবনে প্রতিফলিত করাতে যেয়ে শিক্ষার্থী কখনো তুলনা করবে, সাদৃশ্য-বৈসাদৃশ্য দেখাবে, সম্পর্ক স্থাপন করবে, বিচার-বিবেচনা করবে, সিদ্ধান্ত দেবে। এসব করতে গিয়ে শিক্ষার্থী নানা যুক্তিতর্কের আশ্রয় নেবে। অর্থাৎ এই পদ্ধতির ফলে মুখস্থ করার যন্ত্রণা থেকে শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে। এখন একজন শিক্ষার্থী তার প্রজ্ঞা ও মেধা অনুযায়ী পাঠ্যপুস্তকের বিষয়সমূহ গুছিয়ে লিখতে পারলেই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে।সৃজনশীল প্রশ্নপদ্ধতির দুটি অংশ- বহুনির্বাচনী এবং ব্যাখ্যামূলক (সৃজনশীল প্রশ্ন হিসেবে পরিচিত)। উভয় অংশেই শুধু মুখস্থ করে উত্তর দেওয়ার ক্ষেত্র সীমিত। বহুনির্বাচনী এবং ব্যাখ্যামূলক বা সৃজনশীল প্রশ্নের কিছু প্রশ্ন থাকবে যা শিক্ষার্থী তার স্মৃতিশক্তি ব্যবহার করে অর্থাৎ মুখস্থ করে উত্তর দিতে পারবে। কিছু প্রশ্ন থাকবে শিক্ষার্থীকে পাঠ্যবইয়ের বিষয়বস্তু বুঝে উত্তর দিতে হবে। কিছু প্রশ্ন থাকবে যার মধ্য দিয়ে শিক্ষার্থী পাঠ্যবইয়ের যে বিষয়বস্তুগুলো আত্মস্থ করেছে তা বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করতে পারবে তা দেখা হবে। শিক্ষার্থীর সুনির্দিষ্ট কোনো তথ্য, নীতিমালা, সূত্র, পদ্ধতি, ধারণা ইত্যাদি বাস্তব জীবনের সম্পর্কিত অপরিচিত কোনো পরিস্থিতিতে দেখা হবে। কিছু প্রশ্ন থাকবে যার মধ্য দিয়ে শিক্ষার্থীর আগের জানা তথ্য/তত্ত্ব ব্যবহার করে নতুন কোনো পরিস্থিতিতে বিচার-বিশ্লেষণ করার, সিদ্ধান্ত গ্রহণের এবং মূল্যায়নের দক্ষতাকে দেখা হয়।বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে ব্যাখ্যামূলক বা সৃজনশীল প্রশ্নের মতোই চিন্তার এই স্তরগুলো অতিক্রম করতে হয় এবং উত্তর দেওয়ার সময় চারটি বিকল্প উত্তর থেকে (ক, খ, গ, ঘ) একটিকে সঠিক উত্তর হিসেবে বেছে নিতে হয়। কিছু কিছু বহু নির্বাচনী প্রশ্নের শুরুতে একটি দৃশ্যকল্প/উদ্দীপক (অপরিচিত পরিস্থিতি) থাকে। বহু নির্বাচনী প্রশ্নের শুরুতে যখনই কোনো দৃশ্যকল্প/উদ্দীপক থাকবে শিক্ষার্থীকে তখন বুঝতে হবে যে তার (শিক্ষার্থী) কাছ থেকে পাঠ্যবইয়ের কোনো সুনির্দিষ্ট তত্ত্ব, তথ্য, ধারণা, নিয়মনীতি, সূত্র ইত্যাদির প্রয়োগ চাওয়া হচ্ছে [অর্থাৎ শিক্ষার্থী পাঠ্যবইয়ের সেই সুনির্দিষ্ট বিষয়গুলো বাস্তব জীবনের কোনো পরিস্থিতিতে প্রয়োগ করতে পারছে কিনা তা দেখা হয়]। শিক্ষার্থীর লব্ধ জ্ঞানকে বাস্তব জীবনের নতুন পরিস্থিতিতে শুধু প্রয়োগ করার ক্ষমতাই দেখা হবে না, শিক্ষার্থী পাঠ্যবইয়ের তথ্যের ভিত্তিতে সেই নতুন পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারছে কি না তাও দেখা হবে।ব্যাখ্যামূলক অংশ যা বর্তমানে সৃজনশীল প্রশ্ন নামে পরিচিত তার শুরুতেই একটি উদ্দীপক থাকে। এই উদ্দীপক পাঠ্যবইয়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়ে থাকে। পাঠ্যবইয়ের বিষয়বস্তুকে শিক্ষার্থী কতটুকু বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য উদ্দীপক তৈরি করা হয়। উদ্দীপকটি হচ্ছে Through Passage to the text. অর্থাৎ উদ্দীপকটির মধ্য দিয়ে একজন শিক্ষার্থী পাঠ্যবইয়ের মূল বিষয়বস্তুর মধ্যে ঢুকে যাবে। পাঠ্যবইয়ের বিষয়বস্তু থেকে তথ্যসমূহ নিয়ে ‘গ’ ও ‘ঘ’ অংশের উত্তর দেবে। অর্থাৎ উদ্দীপকটি তৈরিই করা হয় প্রশ্নের ‘গ’ ও ‘ঘ’ অংশকে যাচাই করার জন্য। ‘ক’ ও ‘খ’ উপাংশের প্রশ্ন উদ্দীপকের ওপর সরাসরি নির্ভরশীল নয়। তবে পরোক্ষভাবে নির্ভরশীল। অর্থাৎ উদ্দীপকটি যে বিষয়বস্তুর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেই বিষয়বস্তুকে ঘিরেই ‘ক’ ও ‘খ’ অংশের প্রশ্ন দুটি করা হয়। ‘ক’ অংশের উত্তর দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীকে তার পঠিত কোনো তথ্য বা তথ্যসমূহকে স্মরণ করতে হবে এবং স্মৃতি থেকে নিয়ে সেই তথ্য বা তথ্যসমূহকে লিখতে হবে। এখানে একজন শিক্ষার্থীকে শুধু পাঠ্যবইয়ের তথ্য স্মরণ রাখলেই হবে। যেমন: ফটিকের মামা বাড়ি কোথায়/ আমানত কী/ হাদিস অনুযায়ী প্রতিবেশী কারা/ গুদামজাতকরণ কী/ শব্দের বেগ কাকে বলে/ মানবদেহ কোষে ক্রোমোজমের সংখ্যা কয় জোড়া/ সমচাপ রেখা কাকে বলে/ জনসংখ্যা বণ্টনের নিয়ামক কয়টি শ্রেণীতে বিভক্ত/ অর্থনীতিতে জোগান কাকে বলে/ অপরাধ কী/ কোন আমলে বাংলায় চিত্রশিল্পের বিকাশ ঘটেছিল/ দীর্ঘকালীন বাজারের স্থায়ীত্বকাল কত/ শ্রমিক সংগঠন রাষ্ট্রের কোন ধরনের কাজ/ বাস্ততন্ত্র কাকে বলে/ ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে/ লেয়ার মুরগি কী/ শিশু কত বছর বয়সে বিছানা ভেজালে সমস্যা বলে ধরা হয়/ কোচিং কী/। ‘ক’ প্রশ্নের নম্বর বরাদ্দ ১ এবং প্রশ্নের ‘ক’ অংশের উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীকে একটি শব্দ বা দু-একটি বাক্য ব্যবহার করতে হতে পারে ।‘খ’ অংশের ক্ষেত্রে শিক্ষার্থীকে তার পাঠ্যবইয়ের তথ্য বা তথ্যসমূহকে শুধু স্মরণ রাখলেই হবে না, তাকে সেই তথ্য বা তথ্যসমূহ বুঝতে হবে এবং বুঝে উত্তর দিতে হবে। যেমন: জাগো গো ভগিনী প্রবন্ধে দাসীবৃত্তি বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।/ অমুসলিম প্রতিবেশীর হক ব্যাখ্যা করো/ স্নাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেল ব্যবহার হয় কেন?/ বিয়োজকের ভূমিকা বুঝিয়ে লিখ/ বিক্রিয়ার গতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।/ শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালিত হতে পারে না কেন?/ কীভাবে প্রাচীন বাংলার সংস্কৃতি গড়ে ওঠে? ব্যাখ্যা করো।/ রামমোহন রায় সরকার কর্তৃক প্রস্তাবিত সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেন কেন?/ কীভাবে প্রান্তিক উপযোগ মোট উপযোগের একটি অংশ/ রাষ্ট্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য কেন? ব্যাখ্যা করো। অর্থনৈতিক দ্রব্যের একটি বৈশিষ্ট্য বর্ণনা করো/ ধীর পরিবর্তনের একটি প্রক্রিয়া ব্যাখ্যা করো। শিশুর আচরণগত সমস্যা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। মাছচাষে সূর্যালোকের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।/ সেপ্রডসিট ও ওয়ার্কসিটের মধ্যে সম্পর্ক বুঝিয়ে লিখ/ পণ্যের সময়গত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।‘খ’ প্রশ্নের নম্বর বরাদ্দ ২ এবং ৪-৬টি বাক্যের মাধ্যমে উত্তর দেওয়া উচিত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল