২০১২ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নপদ্ধতির প্রশিক্ষণ কর্মসূচিবাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটসেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি)মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা (গতকালের পর) ‘গ’ অংশের উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীকে উদ্দীপকের সাহায্য নিতে হবে। সাধারণত পাঠ্যবইয়ের সুনির্দিষ্ট কোনো ধারণা, সূত্র, তত্ত্ব, নিয়ম, নীতি, সংজ্ঞা ইত্যাদি শিক্ষার্থী কতটুকু বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য উদ্দীপকটি তৈরি হয়। অর্থাৎ একজন শিক্ষার্থী পাঠ্যবইয়ের কোনো সুনির্দিষ্ট তথ্যকে উদ্দীপকের মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করবে। যেমন: নবম-দশম শ্রেণীর পাঠ্যবইয়ের ‘কপোতাক্ষ নদ’ কবিতার দেশপ্রেমের ধারণা দেখতে চাইলে উদ্দীপকটির মধ্যে দেশপ্রেমের আবহ তৈরি করা হবে এবং শিক্ষার্থী সেই অপরিচিত নতুন পরিস্থিতির মধ্যে দেশপ্রেমের ধারণাকে খুঁজে বের করবে। পাঠ্যবইয়ে দেশপ্রেম সম্পর্কে কী বলেছে তা লিখবে এবং নতুন পরিস্থিতিতে কীভাবে পাঠ্যবইয়ের দেশপ্রেমের ধারণাটি প্রতিফলিত হয়েছে তা বর্ণনা করবে। অন্যান্য বিষয়ে বিভিন্ন ধারণা, সংজ্ঞা, সূত্র ইত্যাদির প্রয়োগ থাকতে পারে। যেমন: কোনো নতুন পরিস্থিতিতে একটি পড়ন্ত বস্তুর কোন বিন্দুতে বস্তুটির মোট শক্তি নির্ণয় করতে বলা হতে পারে।/ কোনো রাসায়নিক পদার্থ যেমন: অক্সিনের বৈশিষ্ট্যের প্রয়োগ চাওয়া হতে পারে/ যৌগ মৌলকের ধারণা অপরিচিত পরিস্থিতিতে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হতে পারে।/ মানচিত্রের আলোকে ঋতুভেদে স্থানের বৈশিষ্ট্যের প্রয়োগ চাওয়া হতে পারে।/ নতুন একটি সারণির আলোকে বাজেটের প্রকৃতির প্রয়োগ চাওয়া হতে পারে/ মুঘল আমলের সামাজিক অবস্থার কোনো সুনির্দিষ্ট চিত্র নতুন পরিস্থিতিতে উপস্থাপিত হতে পারে এবং সেই সামাজিক অবস্থার সম্পর্কে জানতে চাওয়া হতে পারে।/ একটি নতুন পরিস্থিতিতে সুনাগরিকের ধারণাটি দেওয়া থাকবে এবং সেখান থেকে সুনাগরিকতার ধারণাটি খুঁজে বের করে উত্তর লিখতে হবে। এই অংশের উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীকে তার নিজস্ব শব্দচয়ন ও বাক্য গঠনের ব্যবহার করতে হবে। পূর্ব থেকে প্রস্তুতকৃত কোনো নোট মুখস্থ করে এসে এই অংশের উত্তর দেওয়া সম্ভব হবে না। শিক্ষার্থী তার নিজস্ব প্রজ্ঞা ও মেধা ব্যবহার করে এই অংশের উত্তর দেবে। ‘গ’ প্রশ্নের নম্বর বরাদ্দ ৩ এবং ১০-১২টি বাক্যের মাধ্যমে উত্তর দেওয়াটা বাঞ্ছনীয়। প্রশ্নের চতুর্থ অংশে অর্থাৎ ‘ঘ’ অংশে যাচাই করে দেখা হয় ওই অংশের সঙ্গে সম্পর্কিত পাঠ্যবইয়ের জায়গাটুকু ও উদ্দীপকের ভেতরকার ভাবনা-চিন্তা, অনুভূতি-কল্পনাশক্তি, গভীরতা-ব্যাপকতা ইত্যাদিকে ছাত্রছাত্রীরা তুলনা করে বুঝতে পারছে কি না, এদের সাদৃশ্য-বৈসাদৃশ্য, উচিত-অনুচিত, ভালোমন্দ ইত্যাদি বিচার-বিবেচনা করে তার নিজস্ব মতামত গড়ে তুলতে পারছে কি না। অর্থাৎ তুলনামূলক বিচার-বিবেচনার ভেতর দিয়ে তার নিজস্ব ও আলাদা দৃষ্টিভঙ্গি সে তুলে ধরতে পারছে কি না। ‘ঘ’ অংশের উত্তর দেওয়ার ক্ষেত্রেও একজন শিক্ষার্থীকে উদ্দীপক আশ্রয়ী হতে হবে। অর্থাৎ উদ্দীপকটির মধ্য দিয়ে একজন শিক্ষার্থী পাঠ্যবইয়ের মূল বিষয়বস্তুতে ঢুকে যাবে এবং পাঠ্যবইয়ের তথ্য ব্যবহার করে নিজস্ব যুক্তির মাধ্যমে এই অংশের উত্তর দেবে। উদ্দীপকটি হয়তো শুধু দেশপ্রেমের ধারণাটি নিয়ে সাজানো হয়েছে। কিন্তু পাঠ্যবইয়ের কবিতা বা গল্পের বিষয়বস্তুতে হয়তো দেশপ্রেমের বাইরেও অন্যান্য ধারণা যেমন স্মৃতিকাতরতা, প্রকৃতিপ্রেম, শৈশবস্মৃতি ইত্যাদি দেওয়া আছে। এখন শিক্ষার্থীর কাছে ‘ঘ’ অংশে যদি প্রশ্ন করা হয় যে উদ্দীপকটি কবিতা বা গল্পের বিষয়বস্তুকে পূর্ণ প্রতিনিধিত্ব করে কি না তবে শিক্ষার্থী যুক্তির মাধ্যমে তুলে ধরবে যে তার পাঠ্যবইয়ের বিষয়বস্তুতে অনেকগুলো (স্মৃতিকাতরতা, প্রকৃতিপ্রেম) ধারণার প্রতিফলন রয়েছে। কিন্তু উদ্দীপকে শুধু একটি বা দুটি ধারণার প্রতিফলন হয়েছে। তাই উত্তরের উপসংহার টানবে যে উদ্দীপকটি পরিপূর্ণ প্রতিনিধিত্ব করে না বলে। অর্থাৎ পাঠ্যপুস্তকের তথ্যসমূহকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে তার যথার্থতা উত্তরে তুলে ধরবে। অন্যান্য বিষয়ে নতুন পরিস্থিতিতে আচরণের ভিত্তিতে দুটি মৌলের তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্নেষণ করতে হতে পারে এবং সেখান থেকে শিক্ষার্থী সিদ্ধান্ত দেবে কোনো মৌলটি উদ্দীপকের দুটি মৌলের মধ্যে অধিক কার্যকর।/ ভিন্ন উপাদানের তৈরি দুটি পাতের কিছু শর্ত সাপেক্ষে কোনো পাতটি অধিক তাপ পরিবাহক তা যুক্তির মাধ্যমে বুঝিয়ে লিখতে বলা হতে পারে।/ একটি পুকুরের বৈশিষ্ট্য তুলে ধরে সেই পুকুরে রেণুপোনা ছাড়ার যৌক্তিকতা তুলে ধরার জন্য বলা হতে পারে।/ দুটি চিত্র পাশাপাশি দিয়ে তাদের ভূমি রূপের তুলনামূলক আ০েলাচনা থাকতে পারে।/ ভাষা আন্দোলনের চেতনা কোনো নতুন পরিস্থিতির আলোকে ব্যাখ্যা, বিশ্নেষণ করতে বলা হতে পারে/ প্রান্তিক উৎপাদন বিধি কোন ক্ষেত্রে কার্যকর আবার কোন ক্ষেত্রে কার্যকর নয় তা নতুন পরিস্থিতির আলোকে বিচার বিশ্নেষণ করতে বলা হতে পারে। যারা পাঠ্যবইয়ের বিষয়গুলো ভালো করে জেনেছে এবং এই জানা বিষয়গুলো নতুন পরিস্থিতির অর্থাৎ উদ্দীপকের প্রেক্ষাপটে বিচার-বিশ্লেষণ করে তার নিজস্ব যৌক্তিকতা উপস্থাপন যারা করতে পারবে তারাই পরীক্ষায় ভালো ফলাফল করবে।  ‘ঘ’ প্রশ্নের নম্বর বরাদ্দ ৪ এবং ১২-১৪টি বাক্যের মাধ্যমে উত্তর দেওয়াটা বাঞ্ছনীয়। সৃজনশীল প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত হওয়া উচিত। (শিক্ষার্থী এবং শিক্ষক উভয়কেই কথাটি স্মরণ রাখতে হবে।) এই পদ্ধতিতে শিক্ষার্থীকে চিন্তা করতে হবে বেশি এবং লিখতে হবে কম। তাই পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখার কোনো সুযোগ নেই এই পদ্ধতিতে। উত্তর দেওয়ার ক্ষেত্রে অপ্রাসঙ্গিকতা পরিহার করতে হবে। প্রশ্নের মাধ্যমে যা জানতে চাওয়া হয়েছে শিক্ষার্থী শুধু তারই তথ্য সরবরাহ করবে।  পাঠ্যবইয়ের বিষয়বস্তু একজন শিক্ষার্থী ভালো করে বুঝে থাকলে খুব সহজেই সে একটি প্রশ্নের চারটি অংশের উত্তর দিতে পারবে। এই পদ্ধতিতে ভালো করার জন্য পাঠ্যবইয়ের বিষয়বস্তু ভালো করে পড়ার বিকল্প নেই। কোনো নোট বা গাইড উত্তর দেওয়ার ক্ষেত্রে (বিশেষ করে ‘গ’ ও ‘ঘ’ অংশের) শিক্ষার্থীর কোনো সাহায্যে আসবে না। কেননা ‘গ’ ও ‘ঘ’ অংশের উত্তর দেওয়ার ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে পাঠ্যবইয়ের বিষয়বস্তুকে নতুন পরিস্থিতির (উদ্দীপক) আলোকে ব্যাখ্যা বিশ্নেষণ করতে হয়। আর এই পরিস্থিতি হচ্ছে মৌলিক। কোনো নোট শিক্ষার্থীর কাজে লাগবে না। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, এই পদ্ধতিতে ভালো করার একমাত্র উপায় হচ্ছে পাঠ্যবইটি ভালো করে পড়া, পড়া এবং পড়া।