প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৬ নম্বর অধ্যায় ‘পরিষ্কারক সামগ্রী’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। সান্তা টিউবওয়েলের পানিতে সাবান দিয়ে কাপড় কাচতে গিয়ে লক্ষ করল, কাপড়ে সহজে ফেনা হচ্ছে না। অনেক সময় পরে কাপড়ে ফেনা আসতে শুরু করে। ফলে কাপড় পরিষ্কার করতে গিয়ে তাকে বেশ সমস্যায় পড়তে হয়।প্রশ্ন: ক. পরিষ্কারক কাকে বলে?প্রশ্ন: খ তরল সাবান বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. সান্তার কাপড়ে সহজে ফেনা না হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. উল্লিখিত পরিস্থিতিতে কী ব্যবস্থা গ্রহণ করলে সান্তার পক্ষে সহজেই কাপড় পরিষ্কার করা সম্ভব হবে? মতামত দাও।উত্তর: ক. দেহ, কাপড়-চোপড় এবং দ্রব্যসামগ্রীর ওপর জমা হওয়া ময়লা পরিষ্কার করার জন্য যেসব জিনিস ব্যবহার করা হয়, তাদের সাধারণ নাম পরিষ্কারক।উত্তর: খ. সাবানের লেইয়ের সঙ্গে বিশেষ দ্রাবক মিশিয়ে সাবানকে তরল রাখা হয় এবং বোতলজাত করে বাজারে বিক্রি করা হয়। একে তরল সাবান বলে। আমাদের দেশে এ সাবানের ব্যবহার শুরু হয়েছে।উত্তর: গ. সান্তা টিউবওয়েলের পানিতে কাপড় পরিষ্কার করতে গিয়ে লক্ষ করল, সাবানে ফেনা হচ্ছে না। টিউবওয়েলের পানি ছিল খরপানি। খরপানিতে কাপড় কাচতে অনেক বেশি সাবানের অপচয় হয়। খরপানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের বিভিন্ন লবণ দ্রবীভূত থাকে। এগুলোর সঙ্গে সাবান বিক্রিয়া করে অদ্রবণীয় অধঃক্ষেপ উৎপন্ন করে। ফলে সাবান ক্ষয় হয়, কিন্তু ফেনা হয় না। এ জন্য সান্তা টিউবওয়েলের পানিতে কাপড় কাচায় সহজে ফেনা উৎপন্ন হয় না।উত্তর: ঘ. টিউবওয়েলের পানিতে সহজেই কাপড় পরিষ্কার করতে সন্তানকে সাবানের পরিবর্তে ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। কারণ, ডিটারজেন্ট খরপানিতেও কাজ করে এবং উত্তম ফেনা দেয়। তা ছাড়া ডিটারজেন্টের কাপড়ের কঠিন তলে ঢোকার ক্ষমতা এবং পরিষ্কারক ক্ষমতা উভয়ই বেশি। ডিটারজেন্ট সহজেই টিউবওয়েলের পানিতে গলে যায়। সাবানের তুলনায় ডিটারজেন্টের কাঁচামাল সস্তা বলে দামেও সস্তা এবং ব্যবহার সুবিধাজনক। সুতরাং কোনো ধরনের বাড়তি ঝামেলা ও কষ্ট ছাড়াই টিউবওয়েলের পানিতে কাপড় কাচার জন্য সান্তাকে সাবানের পরিবর্তে ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। তবেই তার পক্ষে সহজে কাপড় পরিষ্কার করা সম্ভব হবে।