অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজকে বাংলাদেশ ও বিশ্বপরিচয়-এর ২য় অধ্যায়-বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করছি। প্রশ্ন: নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। অষ্টম শ্রেণীর একদল শিক্ষার্থী নিয়ে তাদের শিক্ষক ঢাকার সেগুন বাগিচাসহ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে গেলেন। সেখানে শিক্ষার্থীরা যুদ্ধকালে ব্যবহূত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, মুক্তিযোদ্ধাদের ব্যবহূত জিনিসপত্রাদি দেখল। তারা আরও দেখতে পেল শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তমাখা বস্ত্রাদি। আলোকচিত্রগুলো দেখিয়ে শিক্ষক তাদের সেই সময়কালে গণমাধ্যমের ভূমিকার বিবরণ জানালেন। তিনি ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী হত্যার কর্মকাণ্ডও শিক্ষার্থীদের কাছে তুলে ধরলেন।ক. সর্বমোট কতজন পাকিস্তানি সেনা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল?খ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বহির্বিশ্বের ভূমিকা কীভাবে বিভক্ত ছিল?গ. ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে গণমাধ্যমের কর্মকাণ্ড ব্যাখ্যা করো।ঘ. ‘১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল পাকিস্তানিদের বিশেষ টার্গেট’—বিশ্লেষণ করো।উত্তর: ক. সামরিক ও বেসামরিক মিলে সর্বমোট ৯১ হাজার ৬৩৪ জন পাকিস্তানি সেনা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল।উত্তর: খ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বহির্বিশ্ব দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েছিল। পৃথিবীর বৃহৎ দেশগুলো যেমন—ভারত ও সোভিয়েত ইউনিয়ন সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন হানাদার পাকিস্তানের পক্ষে ছিল। আমাদের স্বাধীনতার পক্ষের দেশগুলো মিছিল, সমাবেশ, অনুষ্ঠান, পার্লামেন্ট সদস্যদের সমর্থন আদায়, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে জনমত গড়ে তোলার ক্ষেত্রে অবদান রেখেছিল। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন পাকিস্তানের পরাজয়ের মুখে যুদ্ধবিরতি ঘটিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে ভণ্ডুল করতে জাতিসংঘে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল।উত্তর: গ. ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে গণমাধ্যমের সাহসী ভূমিকা ছিল। যার জন্যই আজ আমরা বিভিন্ন ধরনের আলোকচিত্র, তথ্যচিত্র, ডকুমেন্টারিগুলো দেখতে পাই। সেইসব দলিলপত্রাদি নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে ওঠেছে।১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চলাইট শুরু হলে বহির্বিশ্বের কাছে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও বর্বরতার খবর গণমাধ্যমই ছড়িয়ে দেয়। তেমনই কয়েকজন বিদেশি সাংবাদিক হলেন— সাইমন ড্রিং ও এন্থনি ম্যাসকারেনহাস, মার্কটালি প্রমুখ। মুক্তিযুদ্ধের পুরোটা সময় ধরে তারা আমাদের জন্য কাজ করে গেলেন। এ জন্য গণমাধ্যম কর্মীদের চরম মূল্যও দিতে হয়েছিল। একাত্তরের শহীদ নিজামউদ্দিন ও নাজমুল হক এ রকমই দুজন সাংবাদিক। আকাশ বাণী, বিবিসি, ভোয়া প্রভৃতি বেতারকেন্দ্র আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা চালিয়েছিল। উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলো ছিল— ‘সংবাদ পরিক্রমা’ যা দেবদুলাল বন্দ্যোপাধ্যায় পাঠ করতেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত এম আর আখতার মুকুলের ‘চরমপত্র’ ও ‘বজ্রকণ্ঠ’ বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেছিল।তাই তো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা গ্রন্থাগার ও জাদুঘরে সংরক্ষিত খবর ও সচিত্র বিবরণ থেকে খুঁজে পাই যা গণমাধ্যম কর্মীদের সাহসী কর্মকাণ্ডের ফসল।উত্তর: ঘ. ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত থেকে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপরে হত্যাযজ্ঞ শুরু করে পুরো নয় মাস তা অব্যাহত রেখেছিল। সর্বস্তরের জনগণ ছিল তাদের হত্যার শিকার।পাকিস্তানি বাহিনী এ দেশের মানুষের বিশেষ করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখামাত্র হত্যার নীতি গ্রহণ করে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ছিল তাদের নির্বিচার হত্যার প্রধান শিকার। তাদের বাড়িঘর, দোকানপাট, পাড়া ও গ্রাম লুট করে জ্বালিয়ে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আসে ১৪ ডিসেম্বর। এই পরিকল্পিত গণহত্যাকাণ্ড চালাতে গিয়ে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় সহযোগীরা এ দেশে অনেকগুলো বধ্যভূমি গড়ে তোলে। সারা দেশে বিভিন্ন জেলা ও মহকুমায় নির্জন তীরে ও চা বাগানেও অসংখ্য বধ্যভূমি ঘাতকেরা গড়ে তুলেছিল। সেই সব বধ্যভূমি ও বন্দীশালা থেকে বেঁচে আসা অনেকের কাছ থেকে ভয়াবহ বিবরণ থেকে বলা যায়, ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল পাকিস্তানিদের বিশেষ টার্গেট।বাংলাদেশের শীর্ষস্থানীয় ও নামী ব্যক্তিত্বদের নামের যে সুদীর্ঘ তালিকা তা থেকে বোঝা যায় মুক্তিযুদ্ধের শুরুতে ও শেষ পর্যায়ে এভাবে দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা থেকে হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের ব্যাপকভাবে হত্যা করে।