অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের জন্য রয়েছে বাংলা ২য় পত্রের ৩য় অধ্যায়: শব্দ পরিচয়, পাঠ-১ থেকে ধারাবাহিক আলোচনা। আশা করি এ পাঠ থেকে তোমরা শব্দ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। শব্দআমরা জানি অর্থবোধক ধ্বনিসমষ্টিকে শব্দ বলে। যেমন, ব এবং ই দুটি ধ্বনি। এ ধ্বনি দুটির সমষ্টি হলো বই (ব+ই)। ‘বই’ এমন একটি বস্তুকে বোঝাচ্ছে যা পড়া যায়। ‘বই’—এই ধ্বনি সমষ্টির একটা অর্থ পাওয়া গেল। সুতরাং ‘বই’ শব্দের একটা দৃষ্টান্ত। শব্দ গঠনশব্দ গঠনের প্রথম উপায় বর্ণের সঙ্গে বর্ণ যোগ। বর্ণের সঙ্গে বর্ণ জুড়ে আমরা শব্দ গঠন করি। উদাহরণ: ব+ই = বই। আ+ম= আম। আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে ‘কার’ এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ‘ফলা’ বলা হয়। সরল বর্ণের সঙ্গে কার বা ফলা যোগ করে শব্দ গঠন করা যায়। নিচে ‘কার’ এবং ‘ফলা’ যোগে গঠিত শব্দের উদাহরণ দেওয়া হলো। ‘কার’ যোগ করে: কলা—ক্+অ=ক, ক+লা= কলা। এখানে ক্-এর সঙ্গে অ যোগ করে প্রথমে ‘ক’ তৈরি করা হয়েছে এবং ল্-এর সঙ্গে ‘আ যোগ করে ‘লা’ বানানো হয়েছে। ক ও লা মিলিয়ে ‘কলা’ শব্দটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, অ-কারের সংক্ষিপ্ত রূপের জন্য কোনো চিহ্ন নেই। অ-কার ব্যঞ্জনবর্ণের সঙ্গে মিশে যায়। যেমন: ক্+অ =ক। ‘ফলা’ যোগ করে: ‘য্’-এর সংক্ষিপ্ত রূপ—‘য’ ফলা (্য) ক+য= ক্য। উদাহরণ: বাক্য, ঐক্য। র্-এর সংক্ষিপ্ত রূপ দুটি— ১. র-ফলা ( ্র)। ‘র’ ফলা বর্ণের নিচে যুক্ত হয়। উদাহরণ: ক্র—চক্র, বক্র। ২. রেফ (র্ )। রেফ বর্ণের শীর্ষে যুক্ত হয়। উদাহরণ র্ক—অর্ক, তর্ক। পদের গঠনআমরা জানি বাক্যে ব্যবহূত শব্দকে পদ বলে, তবে পদ হতে গেলে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত থাকতেই হবে। তাই অন্য কথায় বাক্যে ব্যবহূত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। শব্দকে বাক্যে ব্যবহার করেই তাকে নানা অর্থে ব্যবহার করা হয়। তাই বাক্যে ব্যবহূত শব্দের গঠন আসলে পদের গঠন। পদের গঠনে দুটি অর্থযুক্ত অংশ থাকে। একটি মূল অংশ। আরেকটি তার সঙ্গে যুক্ত অংশ। একটা উদাহরণ দিই: ‘ছাগলে খায়।’—এ বাক্যটিতে ‘ছাগলে’ শব্দটির দুটি অংশ আছে। ‘ছাগল’ এবং ‘এ’। ‘খায়’ এ শব্দটিরও দুটি অংশ—‘খা’ এবং ‘য়’। শব্দের যে অংশ অর্থপূর্ণ, সেই অংশ হচ্ছে মূল অংশ এবং তার সঙ্গে যে অংশ যুক্ত হয় তা অর্থহীন। তা একধরনের চিহ্ন। তবে এই চিহ্নগুলোই শব্দকে পদে পরিণত করে এবং বিভিন্ন প্রকার ভাব প্রকাশে সহায়তা করে। যেমন—ছাগলে খায়। রানা ছাগলের দুধ খায়। এ দুটি বাক্যের প্রথম বাক্যে ‘ছাগলে’ বলতে যে কাজটি করছে তাকে বোঝাচ্ছে। অর্থাৎ ‘খাওয়া’ ক্রিয়াটি সম্পাদন করছে ‘ছাগল’। দ্বিতীয় বাক্যটিতে ‘ছাগলের’ শব্দটি বা পদটি ভিন্নঅর্থে ব্যবহূত হয়েছে। এখানে খাওয়া ক্রিয়াটি সম্পাদন করছে ‘রানা’। ‘ছাগল’ নয়। দুধটা কার?—এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে ‘ছাগলের’ শব্দটি। এবার দেখি, ‘ছাগলে’ শব্দটি গঠনে রয়েছে ‘ছাগল+এ’ দুটি অংশ। আবার ‘ছাগলের’ শব্দটি গঠনে রয়েছে ‘ছাগল’+এর এ দুটি অংশ। এখন লক্ষ করি: দুটি শব্দের ‘ছাগল’ অংশ হচ্ছে অর্থময় অংশ। আর ‘এ’ এবং ‘এর’ হচ্ছে অর্থহীন যুক্ত অংশ। তবে অর্থহীন হলেও ‘ছাগল’ শব্দটিকে যথাক্রমে ‘এ’ এবং ‘এর’ দুটি ভিন্ন অর্থে ব্যবহার করতে সহায়তা করেছে। একই সঙ্গে ‘ছাগল’ শব্দটিকে পদ করে তুলেছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল