২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ পল্লী কবি জসীমউদ্দীন রচিত দেশ কবিতার একটি সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করছি।# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।আমার বাড়ির গাঁয়ের পথে সবুজ মাঠের ধারে অদূর বনের হাতছানি ভাই মন যে সদাই কাড়ে!সকাল সাঁঝে আপন কাজে রাখাল গেয়ে যায়—হাওয়ায় দুলি ধানের শিষে ডাকছে বলে আয়!ক. ‘দেশ’ কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত?খ. ‘সুধার ধারা গড়িয়ে পড়ে গঞ্জ নগর ছায়’—কথাটির তাৎপর্য লেখো।গ. উল্লিখিত চরণগুলোতে দেশ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে, তা বর্ণনা করো।ঘ. উদ্দীপকের দিকটি ছাড়াও ‘দেশ’ কবিতায় প্রকাশিত হয়েছে এ দেশের আরও কিছু নান্দনিক রূপ-বৈচিত্র—কথাটি বিশ্লেষণ করো। উত্তর: ক. ‘দেশ’ কবিতাটি কবি জসীমউদ্দীন রচিত মাটির কান্না কাব্যগ্রন্থ থেকে সংকলিত।উত্তর: খ. নদীমাতৃক এ দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া বিস্তীর্ণ নদীগুলো দেশটিকে করেছে সুজলা, সুফলা, শস্য, শ্যামলা। নদীতে পণ্য বহনকারী সওদাগরের নৌকাগুলো মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বোঝাই করে তা পৌঁছে দেয় শহর, বন্দর আর গ্রাম-গঞ্জের মানুষের দ্বারপ্রান্তে। নৌপথের কারণেই মানুষ সহজে তাদের ব্যবহার্য দ্রব্যসামগ্রী হাতের নাগালে পায়। এতে তাদের জীবনযাত্রা হয়ে ওঠে সহজ ও সাবলীল। আবহমান কাল থেকে এ দেশের ব্যবসায়ী সম্প্রদায় পণ্য পরিবহনে নদী সবচেয়ে সুবিধাজনক মনে করে। নদীকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের এ সুফল গ্রাম-বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করে তোলে বলেই বলা হয়েছে ‘সুধার ধারা গড়িয়ে পড়ে গঞ্জ নগর ছায়’।উত্তর: গ. উল্লিখিত চরণগুলোতে ‘দেশ’ কবিতায় ফুটে ওঠা এ দেশের বিস্তীর্ণ মাঠ এবং ফসলের সমাহারকে সাদৃশ্যমণ্ডিত করা হয়েছে। সবুজ থরে থরে সাজানো ফসলের গাছগুলো মাঠের পর মাঠ যেন সবুজের গালিচা পেতে রেখেছে। তার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদমন্দ বাতাসে ধানের গাছগুলো যেন নুইয়ে পড়ে হাতছানি দিয়ে ডাকছে। পল্লীর রাখাল বালক সকাল-সাঁঝে নিজের কাজে যখন মাঠের সান্নিধ্যে যায়, তখন এক আনন্দ জাগানো সুখের পরশে তাদের শরীর ও মন জুড়িয়ে যায়। ‘দেশ’ কবিতাতে কবি জসীমউদ্দীন এ দেশের ফসলের মাঠ এবং ধানের ছড়াকে অপূর্ব সৌন্দর্যমণ্ডিত করে তুলেছেন। এখানে প্রকৃতির সবুজ অবগুণ্ঠনের মধ্য থেকে পাকা ধানের মুখখানি যেন স্বর্ণবিন্দুর মতো উঁকি দিয়ে ওঠে। সেখানে রংবেরঙের প্রজাপতি বসে খেতগুলো অলংকৃত করে। বকের সারি উড়ে চলে মালার বন্ধনে। শিশিরস্নাত সকালবেলা ঘাসের ওপর শিশিরের শ্বেতবিন্দুগুলো মানিকের মতো জ্বলজ্বল করে। মায়ের স্নেহাশিসের মতোই মাঠের ফসল এ দেশের মানুষকে সুখী ও সমৃদ্ধ করে তোলে। গ্রাম-বাংলার এই অবারিত মাঠ এবং মাঠের সৌন্দর্যগুলো অত্যন্ত নিখুঁত ছবির মতো কবি ‘দেশ’ কবিতায় চিত্রায়িত করেছেন। উদ্দীপকে উল্লিখিত চরণগুলোতে ও গায়ের মাঠগুলোর এক নান্দনিক সৌন্দর্য উপস্থাপিত হয়েছে। তাই মূলত উদ্দীপকের সঙ্গে ‘দেশ’ কবিতার ওই দিকটি সাদৃশ্যপূর্ণ মনে হয়েছে।উত্তর: ঘ. উদ্দীপকে উল্লিখিত চরণগুলোতে ‘দেশ’ কবিতায় বর্ণিত এ দেশের মাঠের সৌন্দর্য তুলে ধরা হয়েছে। এ ছাড়া পল্লীবাংলার রূপকার কবি জসীমউদ্দীন ‘দেশ’ কবিতার মধ্যে এ দেশের আরও কিছু নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন।এ দেশের দিগন্তবিস্তৃত অবারিত মাঠের পাশে আছে অসংখ্য বনবীথিকার নিবিড় ছায়া। পাতার প্রাচুর্যে ঢাকা আঁধার ঘেরা ছায়ার ফাঁকে সূর্যের আলো যেন খণ্ডবিখণ্ড হয়ে নেচে চলে। ফুল ও ফলের সম্ভারে পরিপূর্ণ বনজসম্পদগুলো এ দেশের প্রাণ। নানা রকম পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে বনের প্রকৃতি। মেঘেরা দল বেঁধে ঘুরে বেড়ায় আকাশে। কালো মেঘের বুক চিরে নেমে আসে অঝোর ধারার বৃষ্টি। এ দেশের ওপর দিয়ে ছড়িয়ে আছে বিস্তীর্ণ নদ-নদী। কত নাম না-জানা গ্রাম-গঞ্জের পাশ দিয়ে বয়ে চলা এসব নদী দেশকে করেছে সুজলা-সুফলা, শস্য-শ্যামলা। নদীর চরে চখাচখির বিচরণ, ফুলের বনের অপরূপ শোভা, নদীর বুকে পালতোলা নৌকা, মাঝির মন-উদাস করা ভাটিয়ালি সুর—এসবই এ দেশের মানুষের মনে জুুগিয়েছে আনন্দের অমিয় সুধা। শহর, বন্দর, কত মিনার, সৌধ পেরিয়ে এঁকেবেঁকে চলা নদীগুলো গ্রামীণ জীবনকে বেঁধে রেখেছে মায়ার জালে। এভাবেই কবি ‘দেশ’ কবিতার মধ্যে বাংলার অপরূপ প্রকৃতি আর মানুষের এক নিখুঁত চিত্র উপস্থাপন করেছেন। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত শুধু গ্রাম-বাংলার খেত এবং মাঠের সৌন্দর্যই নয়, এ ছাড়া ‘দেশ’ কবিতায় ফুটে উঠেছে বাংলা-প্রকৃতির অনন্য রূপ-সৌন্দর্য।