২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুখী মানুষপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজ সুখী মানুষ নাটিকা থেকে একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নোত্তর আলোচনা করা হলো। নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।বিপুল অর্থবিত্তের মালিক রমিজ মিয়া দুর্নীতির দায়ে আজ কারারুদ্ধ। আপন আত্মীয়স্বজনও আজ তার থেকে দূরে সরে থাকে। অর্থলিপ্সার মোহে সে ভুলে গিয়েছিল ‘লোভে পাপ পাপে মৃত্যু’।প্রশ্ন: ক. ‘সুখী মানুষ’ নাটিকাটিতে কয়টি দৃশ্য? প্রশ্ন: খ. কাঠুরিয়া নিজেকে একজন সুখী মানুষ মনে করত কেন? প্রশ্ন: গ. রমিজ মিয়ার সঙ্গে ‘সুখী মানুষ’ নাটিকার মোড়ল চরিত্রটি কতটুকু সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. ‘লোভে পাপ পাপে মৃত্যু’—‘সুখী মানুষ’ নাটিকা অবলম্বনে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর: ক. ‘সুখী মানুষ’ নাটিকাটিতে দুটি দৃশ্য।উত্তর: খ. ‘সুখী মানুষ’ নাটিকায় অত্যাচারী মোড়লের রোগ যন্ত্রণাকে উপশম করার জন্য কবিরাজ একজন সুখী মানুষের জামা জোগাড় করতে বলে। আপাতদৃষ্টিতে কাজটি সহজ মনে হলেও কার্যক্ষেত্রে দেখা যায়, সুখী মানুষ মেলা অত্যন্ত দুরূহ। তাই তো হাসু এবং রহমত হাজার তালাশ করেও একজন সুখী মানুষ জোগাড় করতে পারে না। এমতাবস্থায় বনের মধ্যে এক কাঠুরিয়ার সন্ধান পেয়ে তারা সেদিকে এগিয়ে গেল। পরিচয় জানতে চাইলে লোকটি বলল, সে একজন সুখী মানুষ। কারণস্বরূপ কাঠুরিয়া বলল, সে সারা দিন বনে কাঠ কাটে এবং বাজারে বিক্রি করে যা পায়, তা দিয়েই চাল-ডাল কিনে খেয়েদেয়ে মনের সুখে ঘুমিয়ে পড়ে। তার কোনো উদ্বৃত্ত সম্পদ নেই বিধায় তা হারানোর ভয়ও নেই। চোর এসে তার কিছু নিতে পারবে না। তার কোনো চাহিদাও নেই, লোভও নেই। আর এ জন্যই সে নিজেকে সুখী মনে করে।উত্তর: গ. উদ্দীপকের রমিজ মিয়া এবং ‘সুখী মানুষ’ নাটিকার মোড়ল দুজনই লোভী এবং দুজনই দুর্নীতিগ্রস্ত। অন্যের অর্থ সম্পদকে জোর-জবরদস্তি করে অন্যায়ভাবে যারা নিজের অর্থবিত্ত বৃদ্ধি করে, তাদের সে অর্থের খেসারত নিজেদেরই দিতে হয়। রমিজ মিয়া অন্যায়ভাবে দুর্নীতি করে প্রচুর অর্থবিত্তের মালিক হয় এবং একসময় সে আদালতের কাঠগড়ায় দাঁড়ায় ও কারারুদ্ধ হয়। অথচ যাদের জন্য সে এ অর্থ অবৈধভাবে উপার্জন করেছে, তারা তার দুঃসময়ে দূরে সরে থেকেছে। ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়লও ছিল পরধন প্রত্যাশী। সে সব সময় অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ করতে চাইত। এমনকি আপন মামাতো ভাই হাসুর কাছ থেকেও জোর করে মুরগি ধরে খেয়েছে। তাই তো মোড়ল যখন অসুস্থ হয়ে বিছানায় ছটফট করছে, তখন হাসুও তাকে অভিশাপ দিয়ে কথা বলেছে। এমনকি কবিরাজ তার নাড়ি পরীক্ষা করার সময় চিৎকার করতে মানা করে বলেছে, আর কখনো সে কারও সঙ্গে অন্যায় করবে কি না। তাই বলা যায়, দুজনের পরিণতি ভিন্ন হলেও তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্ত সাদৃশ্যপূর্ণ।প্রশ্ন: ঘ. প্রখ্যাত সাহিত্যিক ও নাট্যকার মমতাজ উদ্দীন আহমদ রচিত ‘সুখী মানুষ’ নাটিকাটিতে ফুটে উঠেছে অর্থ এবং ঐশ্বর্যই সুখের একমাত্র নিয়ামক নয়। পরের অর্থসম্পদ ভোগে লালায়িত হয়ে অনেকে অনৈতিক পথে প্রচুর ধন-সম্পদের মালিক হয়। তবে সে সম্পদই একসময় তার সব অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। উদ্দীপকের রমিজ মিয়ার মতো ‘সুখী মানুষ’ নাটিকার লোভী মোড়ল সব সময় অন্যায়ভাবে অন্যের সম্পদকে জোরদখল করে, মানুষকে ঠকিয়ে নীতিহীনভাবে নিজের অর্থবিত্তের প্রসার ঘটিয়েছে। তার নিষ্ঠুর আচরণে তারই আত্মীয়-পরিজন কষ্ট পেয়েছে। অনেকে নিঃস্ব ও সর্বস্বান্ত হয়েছে। তাই তো অচিরেই দেখা যায় মোড়লকে অসুস্থ হয়ে বিছানায় ছটফট করতে। কবিরাজ এসে তাকে নানা উপায়ে চিকিৎসার চেষ্টা করেও মোড়লকে শান্তি দিতে পারে না। মোড়লের মামাতো ভাই হাসুও মোড়লের রোগশয্যার পাশে বসে তাকে নানাভাবে অভিশাপ দিতে থাকে। এত অর্থসম্পদ থাকা সত্ত্বেও ক্রমেই তার অবস্থার অবনতি ঘটে এবং তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে। কবিরাজের কাছে সে একটু সুখের জন্য আকুতি জানায়। শেষ পর্যন্ত মোড়লের রোগের উপশম ঘটাতে কবিরাজ হাসু এবং রহমতকে একজন সুখী মানুষের জামা জোগাড় করে মোড়লকে পরাতে বলে। শেষ পর্যন্ত সুখী মানুষের সে জামাটিও জোগাড় করা সম্ভব হয় না। এমতাবস্থায় মোড়লকে বিছানায় মৃত্যু যন্ত্রণা ভোগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই উদ্দীপকের রমিজ মিয়াকে যেমন লোভ করতে গিয়ে কারাগারে আশ্রয় নিতে হয়েছিল, তেমনি মোড়লকেও অন্যায়ের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে অসুস্থ হয়ে। অতএব দুটো ঘটনাতেই প্রতীয়মান হয় যে লোভে পাপ পাপে মৃত্যু।