২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিথির স্মৃতি  নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।প্রায় ত্রিশ বছর আগে কামাল তার রাজাকে হারিয়েছে। এরপর জীবনে সে অনেক পাখি পুষেছে, অনেক দেশ ঘুরেছে, কিন্তু আজও তার মানসপটে ভেসে আছে রাজার সেই সুমধুর স্মৃতি। যাকে সে অনেক আদর করে একদিন ঘরে এনে পোষ মানিয়েছিল। যার সান্নিধ্য তাকে প্রাণপ্রতিম বন্ধুর মতোই আনন্দ দিত। আর রাজাও হয়ে উঠেছিল তার একান্ত অনুরক্ত। তাই তো রাজার করুণ বিয়োগব্যথার স্মৃতিটি আজও তার অন্তরকে ব্যথিত করে। ক. বৃদ্ধ ব্যক্তিরা কোন কর্তব্য সমাধা করে দ্রুতপদে বাসায় ফিরছিল? ১খ. ‘আতিথ্যের মর্যাদা লঙ্ঘন’—কথাটি দিয়ে লেখক কী বোঝাতে চেয়েছেন? ২গ. উদ্দীপকে ‘অতিথির স্মৃতি’ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে, তা ব্যাখ্যা করো। ৩ঘ. কামালের অনুভূতিটুকু যেন অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতিকেই ফুটিয়ে তুলেছে— কথাটি তোমার পঠিত গল্পের আলোকে মূল্যায়ন করো। ৪উত্তর: ক. কয়েকজন বৃদ্ধ ব্যক্তি সন্ধ্যার পূর্বেই ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে দ্রুতপদে বাসায় ফিরছিল।উত্তর: খ. অতিথি যখন মাত্রাতিরিক্ত সময় কারও বাড়িতে অবস্থান করে, তখন অনেকের কাছেই তা বিরক্তিকর মনে হয়। এটাকেই মূলত বলা হয় আতিথ্যের মর্যাদা লঙ্ঘন। ‘অতিথির স্মৃতি’ গল্পটিতে লেখক দেওঘরে অবস্থানকালে একটি কুকুরকে অতিথি হিসেবে বাড়িতে প্রবেশ করতে বলে। প্রথম দিনেই এত বড় পাওয়া কুকুরটির কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। তাই সে বাড়ির ফটক থেকে ফিরে গিয়েছে। পরদিন লেখক যখন আবারও তাকে বাড়িতে ঢোকার তাগাদা দিল, তখন কুকুরটি নির্ভয়ে বাইরের বারান্দার নিচে উঠানে অবস্থান নিল। বাড়িতে সাধারণত কোনো অতিথি এলে দীর্ঘ সময় থাকে না। কিন্তু কুকুরটি যখন পরদিন পর্যন্ত একই জায়গায় নিশ্চিন্তে বসে রইল, তখন চাকরের কাছে লেখক কথাটি জানতে পেরে রসিকতা করে ওই মন্তব্যটি করেছেন। অর্থাৎ বাড়িতে কুকুরটির এভাবে দীর্ঘ সময় অবস্থান করাকেই বলা হয়েছে অতিথ্যের মর্যাদা লঙ্ঘন। উত্তর: গ. শুধু মানুষে মানুষে নয়, অন্য কোনো জীবের প্রতিও যে মানুষের স্নেহ-মমতার উদ্রেক হয়, এ বিষয়টিই উদ্দীপক এবং ‘অতিথির স্মৃতি’ গল্পের মধ্যে প্রস্ফুটিত হয়ে উঠেছে। উদ্দীপকে উল্লিখিত কামাল একটি পাখিকে ঘরে এনে আদর-যত্ন দিয়ে পোষ মানিয়ে তাকে পরম বন্ধুর মতোই আপন করে নিয়েছিল। রাজার সঙ্গে তার সখ্য এতটাই প্রবল হয়ে উঠেছিল যে রাজার সান্নিধ্য সব সময় তাকে আনন্দ দিত। কোনো এক দৈব ঘটনায় একদিন রাজাকে সে হারিয়ে ফেলে। রাজাকে হারানোর পর জীবনের দীর্ঘ সময় পার করেও কামাল তার মন থেকে রাজার স্মৃতি এতটুকুও ম্লান করতে পারেনি। ‘অতিথির স্মৃতি’ গল্পটিতেও লেখকের মানবেতর একটি প্রাণী কুকুরের প্রতি যে স্নেহ-মমতার উদ্রেক হয়েছে, তা সত্যিই অসাধারণ। কুকুরটাকে যত্ন-আত্তি করার জন্য বাড়ির সবাইকে সে তাগাদা দিয়েছে। তার খাওয়া-দাওয়ার প্রতি নজর দিতে বলেছে। শুধু কুকুরটির প্রতি প্রবল টান অনুভব করায় দেওঘর থেকে বিদায় নেওয়ার সময় সে দুই দিন অকারণে বেশি থেকেছে। কুকুরটিও লেখকের বিশ্বস্ত সঙ্গী হয়ে সারাক্ষণ কাছে কাছে থেকেছে। তার বিদায়ের প্রাক্কালে মালপত্র নেওয়ার সময় কুলিদের সঙ্গে ছুটোছুটি করে সবকিছুর তদারকি করেছে। শেষ মুহূর্তে ট্রেনটি ছেড়ে দিলে স্টেশনের ফটকের সামনে করুণ দৃষ্টি মেলে লেখকের গমনপথের দিকে তাকিয়ে থেকেছে। তার এই নির্লিপ্ত চাহনি লেখকের অন্তরকে ব্যথিত করেছে। অতএব, ‘অতিথির স্মৃতি’ গল্পের এই পশুপ্রীতির দিকটি উদ্দীপকের সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ—এটাই প্রতীয়মান হয়েছে। উত্তর: ঘ. প্রখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘অতিথির স্মৃতি’ গল্পটির মধ্যে একটি তুচ্ছ মানবেতর প্রাণীর প্রতি লেখকের সহূদয় মমত্ববোধের প্রকাশ ঘটেছে। অসুস্থ লেখক তার অতিথিশালার পাশে প্রথম যেদিন কুকুরটিকে দেখেছে, সেদিনই তাকে তার পথচলার সঙ্গী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। আর কুকুরটি লেজ নেড়ে তার আমন্ত্রণে সাড়া দিয়ে পিছু নিয়েছে। অতঃপর বাড়ি পর্যন্ত পৌঁছে কুকুরটিকে যখন গেট খুলে ভেতরে যেতে বলে, তখন কুকুরটির কাছে লেখকের এই সমাদর অনাকাঙ্ক্ষিত মনে হওয়ায় ভেতরে প্রবেশ করার সাহস পায়নি। পরদিন একইভাবে লেখক তার অতিথিকে সমাদরে আতিথ্য গ্রহণ করার অনুরোধ করেছে। এমনকি বাড়ির চাকর-বাকরদের বলে দিয়েছে, তার অতিথির যেন কোনো অনাদর না হয়। এভাবে অতি অল্প সময়ের মধ্যেই কুকুরটি লেখকের হূদয়ের মাঝে একটি স্থায়ী আসন করে নেয়। তাই তো বাড়ি ফেরার প্রাক্কালে এই তুচ্ছ প্রাণীটির প্রতি প্রবল মমতার টানে লেখক আরও দুদিন সেখানে থেকে গিয়েছে—এমনকি বাড়ি ফেরার কোনো আনন্দ তো তাকে উৎফুল্ল করেইনি, বরং তার মনটা বেদনাতুর হয়ে উঠেছে। উদ্দীপকটিতে পোষা পাখি রাজার প্রতিও কামালের এমনই মায়া-মমতার উদ্ভব হয়েছিল। রাজা ছিল তার নিত্যদিনের সহচর ও প্রাণপ্রতিম বন্ধুর মতো। রাজাকে হারিয়ে কামালের মনটাও বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠেছে। জীবনের দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কামাল রাজার স্মৃতিকে মন থেকে মুছতে পারেনি। তাই কামাল ও লেখক দুজনের মধ্যেই প্রকাশিত হয়েছে অবলা জীবের প্রতি নির্মল প্রীতির সম্পর্ক। আবার দুজনই এই প্রাণী দুটির বিয়োগব্যথায় ব্যথিত হয়েছে। তাই বলা যায়, কামাল ও লেখকের অনুভূতি যেন একই ধারায় উৎসারিত হয়েছে।