অধ্যায়-৩ প্রিয় শিক্ষার্থীরা, আজ তৃতীয় অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ থেকে সৃজনশীল পদ্ধতির আরও একটি নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।(i) 2HCl+MgOMgCl2+H2O(ii) 2H2+O22H2Oপ্রশ্ন-ক: রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? প্রশ্ন-খ: ভৌত পরিবর্তন কী? ব্যাখ্যা করো। প্রশ্ন-গ: (i) নম্বর বিক্রিয়াটি কী ধরনের? ব্যাখ্যা করো। প্রশ্ন-ঘ: (ii) নম্বর বিক্রিয়াটি কি সংযোজন ও সংশ্লেষণ উভয় ধরনের? মতামত দাও। উত্তর-ক: যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, সাধারণভাবে সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। উত্তর-খ: যে পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধু বাইরের অবস্থার পরিবর্তন ঘটে তাকে ভৌত পরিবর্তন বলে। ভৌত পরিবর্তন অস্থায়ী। ভৌত পরিবর্তনের ফলে পদার্থের ভরের কোনো পরিবর্তন হয় না। উত্তর-গ: (i) নম্বর বিক্রিয়াটি প্রশমন বিক্রিয়া। এ বিক্রিয়ায় এসিড ও ক্ষারের সংযোগে লবণ ও পানি উৎপন্ন হয়। (i) নম্বর বিক্রিয়াটিতে হাইড্রোক্লোরিক এসিড (HCl), ক্ষারক ম্যাগনেসিয়াম অক্সাইডের (MgO) সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড (MgCl2) নামক লবণ ও পানি উৎপন্ন করে। সুতরাং এটি প্রশমন বিক্রিয়া। উত্তর-ঘ: (ii) নম্বর বিক্রিয়াটি হলো 2H2+O22H2O। বিক্রিয়াটিতে হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। আর যে সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটিমাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। বিক্রিয়াটিতে হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। কাজেই এটি সংযোজন বিক্রিয়া। আবার হাইড্রোজেন ও অক্সিজেন উভয়ই মৌল। কাজেই সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞানুসারে এটি সংশ্লেষণ বিক্রিয়া। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, (ii) নম্বর বিক্রিয়াটি সংযোজন ও সংশ্লেষণ উভয় ধরনের।