জাগো তবে অরণ্য কন্যারাবৃক্ষের আবির্ভাবের মধ্য দিয়ে ধরণি সবুজে, শ্যামলে ভরে ওঠে। বৃক্ষ মৃত্তিকার বীর সন্তান। মরুর দহনজ্বালা থেকে সে মুক্ত করেছে ধরণিকে। মূলত বৃক্ষই এ বসুন্ধরাকে করেছে সুন্দরী অনন্ত যৌবনা।ক) ‘একাত্তরের ডাইরি’ কবি সুফিয়া কামালের কোন-জাতীয় গ্রন্থ?খ) ‘জাগাও মুমূর্ষু ধরা প্রাণ’—কবির এ আহ্বানের কারণ কী?গ) অনুচ্ছেদটিতে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কোন দিকটি সামঞ্জস্যপূর্ণ, তা ব্যাখ্যা করো।ঘ) অনুচ্ছেদটির মূলভাবই ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সামগ্রিক বিষয় নয়—কথাটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।উত্তর: ক. ‘একাত্তরের ডাইরি’ কবি সুফিয়া কামালের স্মৃতিকথামূলক গ্রন্থ।উত্তর: খ. প্রকৃতির অন্যতম নিয়ামক শ্যামল, সবুজ বৃক্ষরাজি আজ মানুষের নির্মম থাবায় বিলীন হতে চলেছে। ফলে ক্রমেই বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। মানুষ ও প্রাণিজগতের অস্তিত্ব আজ হুমকির মুখে। চারপাশের এ বৃক্ষ নিধন, ধ্বংসযজ্ঞ দেখে কবি বাক্রুদ্ধ হয়ে পড়েছেন। সাধারণ মানুষের চোখে মুখে শঙ্কা। ক্ষুধার্ত মানুষের আহাজারি আর ধূলিমলিন পৃথিবীকে আরও সতেজ করতে প্রয়োজন অরণ্য কন্যাদের জাগরণ। প্রকৃতির রূপ-সৌন্দর্য বিনষ্ট হওয়ার কারণে চারপাশের পরিবেশও হয়ে উঠেছে রুক্ষ, শুষ্ক আর বিমলিন। পৃথিবীর প্রাণরূপী বৃক্ষের এই সংহার সবার মনেই তৈরি করেছে নিদারুণ বহ্নিজ্বালা। তাই কবি বৃক্ষকন্যাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন, যেন বৃক্ষের নব কিশলয়ে আবার ফুল ফসলের সমৃদ্ধি ঘটে। নিষ্প্রাণ ধরা যাতে আবার সবুজ, শ্যামলে ভরে ওঠে। মুমূর্ষু পৃথিবী যেন আবারও ফিরে পায় তার সতেজতা।উত্তর: গ. নিষ্প্রাণ পৃথিবীকে একমাত্র বৃক্ষই পারে তার সরব উপস্থিতি দিয়ে সবকিছুতে প্রাণের সঞ্চার করতে। বৃক্ষের এ মহান অবদানটুকুই উদ্দীপকে ফুটে উঠেছে, যা ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতাটির সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। এ পৃথিবীতে বৃক্ষই প্রথম প্রাণের জাগরণ ঘটিয়েছে। পাষাণ মরুর বুকে বৃক্ষই এনেছে সবুজের সমারোহ। বৃক্ষ মৃত্তিকার নির্ভীক সন্তান। কারণ, মরুর দহনজ্বালা থেকে সে মৃত্তিকাকে মুক্তি দিয়েছে। বস্তুত এ পৃথিবীকে রূপ-রসে অনন্ত যৌবনা করে তুলতে বৃক্ষের অবদান তুলনাহীন। বৃক্ষহীন পৃথিবী কল্পনা করা অসম্ভব। মানুষের বেঁচে থাকার অন্যতম উপকরণ বৃক্ষ। কেবল দৃশ্যত সৌন্দর্যই নয়, এর রয়েছে অসংখ্য কল্যাণকর দিক। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা তুলনাহীন। শুধু দুর্যোগ মোকাবিলাই নয়, খাদ্যের ক্ষেত্রে অনিবার্য ভূমিকা রাখা, বাতাসে অক্সিজেনের পরিমাণ বজায় রাখা। জলবায়ু ও বৃষ্টিপাত নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ও এর অন্তর্ভুক্ত। তাই তো আমাদের পরিবেশকে জীবন ধারণের উপযোগী করে রাখতে বৃক্ষ নিধন না করে বৃক্ষের বিপুল প্রসারের মাধ্যমে এর সংরক্ষণে এগিয়ে আসা উচিত। উদ্দীপকে মানবকল্যাণে বৃক্ষের এ অসীম অবদানের কথাটিই তুলে ধরা হয়েছে।উত্তর: ঘ. উদ্দীপকে বর্ণিত বৃক্ষের অপরিসীম অবদানের বিষয়টি ছাড়াও জাগো তবে অরণ্য কন্যারা কবিতাটিতে বর্ণিত হয়েছে বৃক্ষ নিধনের ফলে মানুষ ও প্রকৃতি আজ কতটা বিপন্ন হয়ে উঠেছে, সে চিত্রটি।আমাদের চারপাশের যে সবুজ, শ্যামল নিটোল প্রকৃতি, তার একমাত্র উত্স হলো বৃক্ষ। এটি আমাদের বেঁচে থাকার প্রধান অনুষঙ্গ। অথচ কিছু সার্থান্বেষী মানুষের আগ্রাসী হস্তক্ষেপে ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে চারপাশের গাছপালার ঘনত্ব। পরিবেশ হয়ে পড়েছে রুক্ষ, নিষ্প্রাণ। প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রকৃতি এবং মানবকুল, মানুষের এ নিষ্ঠুর আচরণে কবি হতবিহ্বল, বিমূঢ়, চারদিকে শুধু হাহাকার আর মলিনতা। বৃক্ষ নিধনের এ নির্মম উল্লাস দেখে কবির ব্যথিত হিয়া কেঁদে ওঠে। তিনি চান, অরণ্য কন্যারা সবুজের বারতা নিয়ে জেগে উঠুক। বৃক্ষহীন পৃথিবীর অন্তর্দাহকে নির্বাপিত করতে আবারও ফুল-ফসলের সমারোহে মুখরিত হবে চারদিক। সাধারণ মানুষ আজ তাদের অস্তিত্ব বিলীনের আশঙ্কায় ভীত, স্তম্ভিত। এসব ভয়ার্ত মানুষের দৃষ্টিকে আলোকিত করতে কবি বৃক্ষের জাগরণ প্রত্যাশা করেছেন। তিনি দেখতে চান, বৃক্ষের উন্মেষের মধ্য দিয়ে আবারও ভরে উঠুক এ মরুময় পৃথিবী। জীবজগত্ রক্ষা পাক বিপন্নতার হাত থেকে। কবিতার এ দিকগুলো উদ্দীপকে সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি। সেখানে শুধু বৃক্ষের অবদানকেই তুলে ধরা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের মূলভাবটুকুই ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সামগ্রিক ভাব নয়।