২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২  আলোর প্রতিসরণপ্রিয় শিক্ষার্থীরা, আজ দ্বাদশ অধ্যায়ের আলোর প্রতিসরণ থেকে সৃজনশীল পদ্ধতির আরও একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। গ্রীষ্মের ছুটিতে দুপুর বেলায় মামার বাড়ি যাওয়ার পথে বাসের মধ্যে কনক জানালা দিয়ে দূরে পিচের রাস্তায় তাকাতেই রাস্তাটি পানিতে ভেজা মনে হলো। কিন্তু সে যখন ওই স্থান অতিক্রম করল, তখন সে দেখলো রাস্তাটি শুকনো। ব্যাপারটি তাকে অবাক করল। প্রশ্ন-ক: শূন্য মাধ্যমে প্রতি সেকেন্ডে আলোর বেগ কত কিলোমিটার?প্রশ্ন-খ: সংকট কোণ বলতে কী বোঝো? প্রশ্ন-গ: কনকের কাছে রাস্তাটি ভেজা মনে হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো। প্রশ্ন-ঘ: উদ্দীপকে বর্ণিত ঘটনাটির আলোকে মরুভূমিতে সৃষ্ট একটি প্রাকৃতিক ঘটনা বিশ্লেষণ করো। উত্তর-ক: শূন্য মাধ্যমে প্রতি সেকেন্ডে আলোর বেগ ৩,০০,০০০ কিলোমিটার। উত্তর-খ: সংকট কোণ: কোনো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ ৯০০ হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মি মাধ্যমের বিভেদতল বরাবর যায়, ঘন মাধ্যমে সেই নির্দিষ্ট আপতন কোণকে ওই দুই মাধ্যমের সংকট কোণ বলে। সংকট কোণকে c দ্বারা প্রকাশ করা হয়। উত্তর-গ: গ্রীষ্মের দুপুরে প্রখর রোদে পিচের রাস্তা উত্তপ্ত হয় এবং বায়ুস্তর হালকা হয়। ওপরের ঘনস্তর থেকে নিচের হালকা স্তরে আলোকরশ্মি প্রবেশের সময় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য মরীচিকার সৃষ্টি হয়। ফলে প্রখর রোদে উত্তপ্ত পিচের রাস্তায় সামনের কোনো বস্তুর প্রতিবিম্ব দেখা যায়। আমরা স্থির পানিতে আকাশের প্রতিবিম্ব দেখে অভ্যস্ত। এ জন্য কনকের কাছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে রাস্তায় আকাশের প্রতিবিম্ব দেখে মনে হয়েছে রাস্তা ভেজা এবং সেখানে আলোর প্রতিফলন ঘটেছে। উত্তর-ঘ: উদ্দীপকে বর্ণিত ঘটনাটি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য হয়ে থাকে। মরীচিকা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটি প্রাকৃতিক ঘটনা। মরুভূমিতে দিনের বেলায় প্রচণ্ড রোদে বালি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। বালি সংলগ্ন বায়ুস্তরও তাই উত্তপ্ত হয়। ফলে বায়ুস্তর হালকা হয়। এ জন্য মাটি সংলগ্ন বায়ুর ঘনত্ব কমে যায়। মাটি থেকে যত ওপরে ওঠা যায়, উষ্ণতা তত কমে। ফলে ক্রমাগত ওপরের বায়ুস্তর ঘন হয়। এতে অনেক দূরের কোনো গাছের মাথা (চিত্র-১) থেকে আলোকরশ্মি নিচের দিকে যাওয়ার সময় ঘন মাধ্যম থেকে ক্রমাগত হালকা মাধ্যমে প্রবেশ করে। তাই প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে ক্রমাগত দূরে সরে যেতে থাকে। এভাবে এক স্তর থেকে অন্য স্তরে যেতে যেতে আলোকরশ্মি এমন এক স্তরে পৌঁছাবে, যেখানে আপতন কোণ নিচের বায়ুস্তর সাপেক্ষে ওই স্তরের সংকট কোণ থেকে বড় হবে। তখন (চিত্রের o বিন্দু থেকে) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিলন হবে এবং প্রতিফলিত রশ্মি ক্রমাগত ওপরের দিকে হালকা থেকে ঘন বায়ুস্তরে যাবে। ফলে এবার প্রতিসরিত রশ্মি ক্রমাগত অভিলম্বের দিকে বেঁকে যাবে। এভাবে অবশেষে আলোকরশ্মি যখন কোনো মরুযাত্রীর চোখে এসে পড়ে, তখন সে গাছের উল্টো প্রতিবিম্ব Aর্ দেখতে পায়। মরু অঞ্চলে বায়ুপ্রবাহ এবং উষ্ণতা পরিবর্তনের জন্য বায়ুস্তরের ঘনত্ব অনবরত পরিবর্তিত হতে থাকে। ফলে বায়ুস্তরের মধ্য দিয়ে আসা আলোকরশ্মির দিক তথা A এর অবস্থান অনবরত পরিবর্তিত হতে থাকে এবং প্রতিবিম্বটি কাঁপছে বলে মনে হয়। তাই তার কাছে প্রতিবিম্বকে কোনো জলাশয়ে প্রতিফলিত গাছের প্রতিবিম্ব বলে মনে হয়। মরুভূমিতে পানির খুব অভাব। তাই মরুযাত্রী পানির আশায় সেদিকে ছুটে যায়, কিন্তু সেখানে পানি পায় না। এ দৃষ্টিভ্রমকে মরীচিকা বলে।