২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ সপ্তদশ অধ্যায়ের জীব ও তার পরিবেশ থেকে সৃজনশীল পদ্ধতির আরও একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টি ভালোভাবে পড়বে।# নিচের অনুচ্ছেদটুকু পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও—গোসল করতে পুকুরে নেমে তূর্য পানিতে কচুরিপানা ও শাপলা বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং পুকুরের পাশে থাকা গাছের ডালে মাছরাঙা, বক ইত্যাদি দেখতে পেল। এসব দেখে তার বাস্তুসংস্থানের কথা মনে পড়ল।প্রশ্ন-ক: লোনা মাটির উদ্ভিদ কাকে বলে?প্রশ্ন-খ: কলমিশাককে কেন উভচর উদ্ভিদ বলা হয়?প্রশ্ন-গ: তূর্যের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো কীভাবে মরু উদ্ভিদ থেকে আলাদা? ব্যাখ্যা করো।প্রশ্ন-ঘ: তূর্যের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ ও প্রাণীগুলো কীভাবে বাস্তুসংস্থানে সম্পৃক্ত? বিশ্লেষণ করো।উত্তর-ক: লোনা মাটির উদ্ভিদ: যেসব উদ্ভিদ লোনা মাটিতে জন্মে সেসব উদ্ভিদকে লোনা মাটির উদ্ভিদ বলে। যেমন—কেওড়া, সুন্দরী ইত্যাদি।উত্তর-খ: যেসব উদ্ভিদ আংশিকভাবে জলজ ও আংশিকভাবে স্থলজ তাদের উভচর উদ্ভিদ বলে।কলমিশাক পানির কিনারায় জন্মে কিন্তু এদের কাণ্ড পানির মধ্যে বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে। অর্থাৎ কলমিশাক আংশিকভাবে জলজ ও আংশিকভাবে স্থলজ। এ জন্য কলমিশাককে উভচর উদ্ভিদ বলা হয়।উত্তর-গ: তূর্যের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো হচ্ছে কচুরিপানা, শাপলা ইত্যাদি। এগুলো জলজ উদ্ভিদ। নিচে উল্লিখিত কারণে এই জলজ উদ্ভিদগুলো মরু উদ্ভিদ থেকে আলাদা: ১. জলজ উদ্ভিদ পানি বা পানিযুক্ত স্থানে জন্মে। কিন্তু মরু উদ্ভিদ শুষ্ক মাটিতে জন্মে। ২. জলজ উদ্ভিদের মূল ছোট এবং মূলরোম নেই। কিন্তু মরু উদ্ভিদের প্রধান মূল দীর্ঘ হয়, কারণ মাটির গভীর থেকে পানি সংগ্রহ করতে হয়। ৩. ভাসমান জলজ উদ্ভিদের পাতা বড়, গোলাকার ও লম্বা বোঁটাযুক্ত হয়। পক্ষান্তরে মরু উদ্ভিদের পাতা ছোট হয়।৪. জলজ উদ্ভিদ পাতার ওপরের পৃষ্ঠে মোম-জাতীয় পদার্থের আবরণ থাকে। কিন্তু মরু উদ্ভিদে পাতার বহির্ত্বকে পুরু কিউটিকল থাকে।উত্তর-ঘ: কোনো নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী জীব সম্প্রদায় ও জড় উপাদানগুলোর পারস্পরিক আন্তক্রিয়ার ফলে ওই স্থানে যে অনুকূল বসবাসরীতি গড়ে ওঠে সেই প্রপঞ্চকে বাস্তুসংস্থান বলে। বাস্তুসংস্থানকে জড় ও জীব দুটি উপাদানে ভাগ করা যায়। জড় উপাদানের মধ্যে আছে পানি, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি। আবার জীব উপাদানকে উৎপাদক, খাদক, বিয়োজক— তিনটি অংশে ভাগ করা যায়। যেসব উদ্ভিদ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদের বলা হয় উৎপাদক। উৎপাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে তৃতীয় স্তরের খাদক। তূর্যের পর্যবেক্ষণকৃত কচুরিপানা, শাপলা উৎপাদক এবং মাছরাঙা, বক তৃতীয় স্তরের খাদক হিসেবে কাজ করে থাকে। উৎপাদকের ওপর নির্ভর করে প্রথম স্তরের খাদক এবং দ্বিতীয় স্তরের খাদকের ওপর নির্ভর করে তৃতীয় স্তরের খাদক। মৃতজীবী ব্যাকটেরিয়া, ছত্রাক বাস্তুসংস্থানে বিয়োজক হিসেবে কাজ করে থাকে। এভাবে জীব ও জড় উপাদানের আন্তক্রিয়ার ফলে ওই স্থানে বসবাসের একটি অনুকূল পরিবেশ গড়ে ওঠে। সুতরাং তূর্যের পর্যবেক্ষণকৃত উদ্ভিদ ও প্রাণীগুলো বাস্তুসংস্থানে নিবিড়ভাবে সম্পৃক্ত।