শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবাঙালির বাংলা প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য দেওয়া হলো কাজী নজরুল ইসলাম রচিত বাঙালির বাংলা কবিতার একটি সৃজনশীল প্রশ্নোত্তর।তল ঢালা স্নিগ্ধ তনু নিদ্রারসে ভরা/ মাথায় ছোটো বহরে বড়ো বাঙালি সন্তান।/ ইহার চেয়ে হতেম যদি আরব বেদুঈন,/ চরণ তলে বিশাল মরু দিগন্তে বিলীন।প্রশ্ন: ক. সত্ত্বগুণের প্রধান শত্রু কে?প্রশ্ন: খ. ‘বাংলা সর্বঐশীশক্তির পীঠস্থান’ কথাটি বলতে কী বোঝানো হয়েছে?প্রশ্ন: গ. উদ্দীপকের প্রথম চরণগুলোতে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে—তা ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. উদ্দীপকের বেদুঈন জাতির বৈশিষ্ট্যই ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের লেখক প্রত্যাশা করেছেন—কথাটি তোমার পঠিত প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. সত্ত্বগুণের প্রধান শত্রু হলো তমোগুণ, যা মানুষের দিব্যশক্তিকে নিস্তেজ, মৃতপ্রায় করে রাখে।উত্তর: খ. বাংলার প্রতি বিধাতার অপার মহিমা এবং বাংলাকে ঐশ্বরিক শক্তি প্রদানের অন্যতম তপস্যাস্থল ভেবেই বলা হয়েছে বাংলা সর্বঐশীশক্তির পীঠস্থান।বাংলা সর্ব ঐশ্বর্যময়ী এক পুণ্যভূমি। এখানে আগমন ঘটেছে ধর্ম-বর্ণ-নির্বিশেষে অসংখ্য পুণ্যাত্মা ব্যক্তির। লাখ লাখ জ্ঞানী-যোগী, মুনি-ঋষি, পীর-দরবেশ, আউলিয়ার তীর্থস্থান এ বাংলার মাটি। এখানকার আলো-বাতাস, স্নিগ্ধ প্রকৃতি ও অগাধ সম্পদ ঐশ্বর্যে এ দেশের মানুষের হূদয় ও মন পেয়েছে পরিপূর্ণতা। মুনি-ঋষিদের সিদ্ধিলাভের অপার এ তীর্থভূমি বাংলাকে তাই স্বভাবতই বলা হয়েছে সর্বঐশীশক্তির পীঠস্থান।উত্তর: গ. উদ্দীপকের প্রথম চরণগুলোতে ফুটে উঠেছে বাঙালির আলস্য, কর্মবিমুখতা আর তন্দ্রাচ্ছন্ন স্বভাব ও বৈশিষ্ট্য। বাঙালির হূদয় ও মন পরমেশ্বরের দানে পরিপূর্ণ থাকলেও শারীরিক অক্ষমতা এবং অলসতার ভারে তারা ন্যুব্জ। তাদের জ্ঞাননেত্রকে বিকশিত করার প্রধান অন্তরায় হলো তমসাচ্ছন্নতা। তাদের দিব্যশক্তি থাকলেও ক্ষাত্রশক্তির সদ্ব্যবহার না থাকায় তারা তমোগুণের নরকে নির্বাসিত হয়ে আছে। বিধাতার দেওয়া ঐশ্বর্যকে নিছক অবহেলা ভরে তারা পায়ে ঠেলে দিয়েছে। এতে করে তারা আজ ঋণে, ব্যাধিতে, অভাবে, দৈন্যে, দুর্দশায় জরাগ্রস্ত। বিশ্বের মাঝে তারা অত্যন্ত দীনহীনভাবে নিজেদের উপস্থাপিত করেছে। বাঙালি চরিত্রের এ নেতিবাচক বৈশিষ্ট্যগুলোই ফুটে উঠেছে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটির মধ্যে, যা উদ্দীপকের চরণগুলোর সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ।উত্তর: ঘ. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরচিত ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটিতে ফুটে উঠেছে বাঙালির কিছু চিরায়ত বৈশিষ্ট্য এবং বাংলার অফুরান সম্পদ-ঐশ্বর্যের এক বৈচিত্র্যময় বর্ণনা।বাঙালি জাতি অত্যন্ত অলস ও কর্মবিমুখ, যা তাদের করে রেখেছে চিরকাঙাল আর পরমুখাপেক্ষী। অনন্য সম্পদ সম্ভারের অধিকারী এ দেশের মানুষের প্রতি লেখক তীব্রভাবে কটাক্ষ করে বলেছেন, শুধু আলস্য, কর্মবিমুখতা, দাসত্ব মনোভাব আর পৌরুষের অভাবেই বাঙালি আজ বিশ্বের মাঝে এত দীনহীনভাবে নিজেদের উপস্থাপন করেছে। অথচ উদ্দীপকে উল্লিখিত বেদুঈন জাতি কঠোর পরিশ্রমী। তারা জীবনসংগ্রামে প্রতিনিয়ত ঝাঁপিয়ে পড়ছে প্রতিকূলতার বিরুদ্ধে। তাদের অসীম মনোবল, সাহস তার উদ্দীপনা তাদের কর্মক্ষেত্রে বিজয়ী করছে। মরুভূমির উত্তপ্ত বালুতে ঘোড়া ছুটিয়ে তারা অজানার উদ্দেশে পাড়ি জমায়, ছিনিয়ে আনে সাফল্য। বাঙালির বাংলাকে যাতে কোনো পরাশক্তি গ্রাস করতে না পারে, সে জন্য বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে। বিদেশি লুটেরাদের প্রতিহত করার জন্য বাঙালিকে সোচ্চার হতে হবে। লেখক মনে করেন বাংলার মাতৃঐশ্বর্যের দাবিদার শুধু বাঙালি। তাই বাঙালি সন্তানদেরও তাদের অধিকারকে সমুন্নত রাখার মন্ত্রে উজ্জীবিত করতে হবে। অতএব বাংলার জয়কে নিশ্চিত করতে তাদের মনোবল, কর্মপ্রেরণা সর্বোপরি ঐশীশক্তিকে আরও জাগ্রত করতে হবে। তবেই বাঙালি পৃথিবীর অপরাপর শৌর্য-বীর্যশালী জাতির মতো তারাও সমহিমায় উজ্জ্বল হয়ে উঠবে। মূলত এ প্রত্যাশাটুকুই লেখক ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের মধ্যে ব্যক্ত করেছেন।