২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গভূমির প্রতি প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য দেওয়া হলো মাইকেল মধূসূধন দত্ত রচিত ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার একটি সৃজনশীল প্রশ্নোত্তর।ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি—এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। প্রশ্ন: ক. ‘তামরস’ শব্দটির অর্থ কী? প্রশ্ন: খ. ‘সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে’— কথাটির তাৎপর্য কী? প্রশ্ন: গ. উদ্ধৃত চরণগুলোতে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে। তা ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. উদ্দীপকের বিষয়বস্তুটুকুই ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার মূলভাব নয়—কথাটির যৌক্তিকতা নিরূপণ করো। উত্তর: ক. ‘তামরস’ শব্দের অর্থ পদ্মফুল। উত্তর: খ. এ জগতে কাজের মহিমাই মানুষকে যুগ-যুগান্তর ধরে বাঁচিয়ে রাখে। যাঁরা এ পৃথিবীতে মানুষের কল্যাণে নিয়োজিত থাকেন মরে গিয়েও তাঁরা অমর হয়ে থাকেন মানবহূদয়ে। এসব ক্ষণজন্মা ব্যক্তির জীবনই প্রকৃত অর্থে সার্থক এবং ধন্য হয়। তাই জগতে যাঁরা মহৎ গুণে গুণান্বিত, তাঁরাই সর্বসাধারণের মনে স্থান পায়। মানুষের দৈনন্দিন চিন্তা-চেতনায় নিত্য তাঁরা জীবন্ত হয়ে থাকেন। অর্থাৎ তাঁদের মহৎ কীর্তিই মানুষের অন্তরে তাঁদের স্থায়ী রূপে গেঁথে রাখে। আর নশ্বর মানবজীবনের এটাই হলো প্রকৃত সার্থকতা।উত্তর: গ. উদ্ধৃত চরণগুলোতে জন্মভূমির প্রতি তীব্র অনুরাগ এবং জন্মভূমিকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার আসনে উপবিষ্ট করার এক চরম ভাবাবেগ প্রকাশিত হয়েছে। ‘জন্মভূমির প্রতি’ কবিতায় কবি তাঁর মাতৃভূমিকে মায়ের আসনে বসিয়ে নিজেকে তার অধম সন্তান বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে নিজ মাতৃভূমির আঁচলে সিক্ত থেকে মৃত্যুর নির্মম সত্যকেও হাসিমুখে মেনে নিতে কুণ্ঠিত হননি। কবি হূদয় দিয়ে উপলব্ধি করেছেন জন্মভূমির স্নেহবাৎসল্য। তাই তো জন্মভূমির ছায়াতলে আশ্রয় পেতে তাঁর প্রবাসী মনটা ডুকরে কেঁদে উঠেছে। পৃথিবীর কোনো স্থানই তাঁর কাছে আপন মনে হয়নি। এসবই স্বদেশের প্রতি তাঁর অন্তরে লুকিয়ে থাকা চরম ভালোবাসারই বহিঃপ্রকাশ। উদ্দীপকের চরণগুলোতেও প্রকাশ পেয়েছে দেশের প্রতি অসামান্য মমত্ববোধ এবং জন্মুভূমির মাটিতে শেষ আশ্রয় লাভের তীব্র আকাঙ্ক্ষা। অতএব ‘জন্মভূমির প্রতি’ কবিতায় কবির স্বদেশপ্রেমের বিষয়টির সঙ্গে ওই চরণগুলো অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। উত্তর: ঘ. উদ্ধৃত চরণগুলোতে প্রকাশ পেয়েছে জন্মভূমির প্রতি কবিমনের এক নিখাদ ভালোবাসা এবং জন্মভূমির মাটিকে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ভেবে এ মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার চরম আকুতি। এখানে জন্মভূমিকে ভালোবেসে জন্মভূমির প্রতি অন্তরের মমত্ব এবং শ্রদ্ধাবোধকেই জাগ্রত করা হয়েছে। কিন্তু ‘জন্মভূমির প্রতি’ কবিতায় মহাকবি মাইকেল মধুসূদন জন্মভূমিকে হূদয়ে ধারণ করে জন্মভূমির মাটিকে মায়ের আসনে বসালেও, নিজেকে তার অযোগ্য সন্তান বলে ভেবেছেন। তিনি মনে করেন, আপন উচ্চাভিলাষের বশবর্তী হয়ে মাতৃভূমিকে পরিত্যাগ করে চলে যাওয়াটা ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। আর এ জন্যই তিনি তীব্র অনুশোচনায় দগ্ধ হয়ে মাতৃভূমির কৃপা লাভে অত্যন্ত বিনীতভাবে করজোড়ে মিনতি করেছেন। এখানে কবিতার প্রতি চরণে প্রকাশিত হয়েছে স্বদেশের আশ্রয়লাভে কবিমনের সংশয়পূর্ণ ভাবাবেগ। তাঁর অন্তরের বেদিমূলে অধিষ্ঠিত স্বদেশের কাছে তিনি প্রণতি জানিয়ে আশা প্রকাশ করেন, এ দেশের মানসসরোবরে প্রস্ফুটিত পদ্মফুলের মতোই যেন তাঁর স্মৃতিটি ভাসমান থাকে। কবি মনে করেন, মানবজীবন চিরস্থায়ী নয়। তবে আপন কর্ম, ত্যাগ ও সাধনা দ্বারা জগতে অমরত্ব লাভ করা যায়। তাই তো তিনি স্বদেশের মধ্যে নিজের অমরত্ব লাভের জন্য জন্মভূমির প্রতি কাতরস্বরে হূদয়ের আকুলতা প্রকাশ করেছেন। তাই উদ্দীপকের চরণগুলোতে জন্মভূমির প্রতি চরম ভালোবাসা প্রকাশ পেলেও সেখানে কবিমনের কোনো দ্বিধা বা সংশয় ফুটে ওঠেনি। অতএব বলা যায়, উদ্দীপকের বিষয়বস্তুটুকু জন্মভূমির প্রতি কবিতার মূলভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করেনি।