২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১: পাঠ-২  ব্যাকরণশিক্ষার্থীবৃন্দ, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করা হলো।ব্যাকরণের সংজ্ঞা: যে শাস্ত্রে কোনো ভাষা বিশ্লেষণ করে তার স্বরূপ, প্রকৃতি ও প্রয়োগরীতি বুঝিয়ে দেওয়া হয়, তাকে ব্যাকরণ বলে। যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি সব দিক থেকে আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয়, তাকে বাংলা ভাষার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ বলে। উপরের সংজ্ঞা থেকে ধারণা করা যায়, ব্যাকরণ বলতে কোনো ভাষার স্বরূপ বিশ্লেষণ বোঝায়। ব্যাকরণের নিয়মকানুন অনুসরণ করার মাধ্যমে ভাষার পঠনে, লিখনে ও বলায় শুদ্ধরূপ রক্ষা করা যায়।ব্যাকরণ মানে ভাষার স্বরূপ বিশ্লেষণ অর্থাৎ ভাষার বিশুদ্ধ রূপ রক্ষার উপায়কে বোঝায়। ব্যাকরণের মধ্যে ভাষার বিশ্লেষণ বা তার নিয়মকানুনের আলোচনা থাকে। ব্যাকরণে ভাষার উপাদান, তার নানা রকম বৈশিষ্ট্য, নিয়মকানুনের পারস্পরিক সম্পর্ক, ভাষার ব্যবহারবিধি, গতিপ্রকৃতি বা নিয়মকানুনের পরিচয় থাকে। ভাষা সৃষ্টি হয়েছে বহুদিন আগে। ভাষা মানুষের মুখে মুখে তা প্রচলিত হয়ে আসছে। এর ফলে বিভিন্ন সময়ে ভাষার নানা রকম পরিবর্তন ঘটেছে। এসব পরিবর্তন আর বৈশিষ্ট্যের পরিচয়ই ব্যাকরণে স্থান পেয়েছে।মানুষের মনের ভাব শুদ্ধরূপে প্রকাশের জন্য ব্যাকরণের নিয়মকানুনের সহায়তা নিতে হয়। মানুষের মনের কোনো ভাবের পূর্ণরূপ প্রকাশ পায় একেকটি বাক্যে। বাক্য তৈরি হয় কিছু শব্দ নিয়ে। আবার শব্দ বিশ্লেষণ করলে পাওয়া যায় বর্ণ। বর্ণ হলো ধ্বনির প্রতীক। এভাবে ভাষার মধ্যে বাক্য, শব্দ, বর্ণ, ধ্বনি ইত্যাদি বিভিন্ন স্তর পাওয়া যায়। এভাবে ব্যাকরণ ভাষার স্বরূপ, তার গতিপ্রকৃতি, সঠিক ব্যবহারের কৌশল ইত্যাদি দেখিয়ে দেয়। ব্যাকরণের বৈশিষ্ট্য: ব্যাকরণ কথাটির অর্থ ‘বিশেষরূপে বিশ্লেষণ’। কোনো ভাষার ভেতরের নিয়মরীতি ব্যাকরণের আলোচনার বিষয়। দীর্ঘদিন ধরে ভাষার বিকাশ ঘটছে। তাতে ভাষার ধ্বনি, শব্দ ও বাক্য গঠনে প্রচলিত রীতিনীতির নানা রকম পরিবর্তন এসেছে। ফলে বর্তমানে সবার কাছে গ্রহণযোগ্য একটা বিশেষ রীতি দাঁড়িয়ে গেছে। এই রীতির নানা বিষয় ব্যাকরণে আলোচনা করা হয়। ভাষার বর্তমান রূপটির পরিচয় পাওয়া যায় ব্যাকরণে। তাই বলা হয়, ‘ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নাম ব্যাকরণ।’ ব্যাকরণকে ভাষার সংবিধানও বলা হয়। সংবিধানের মতো ব্যাকরণে আছে ভাষার আইনকানুন। ব্যাকরণ জানা থাকলে ভাষার নির্ভুল ব্যবহার সম্ভব হয়। দেশ, কাল ও সমাজভেদে ভাষার রূপের ভিন্নতা দেখা যায়। তাই ভাষার নিয়মশৃঙ্খলা জানা না থাকলে ভুল হওয়ার আশঙ্কা থাকে। ব্যাকরণের জ্ঞান ভাষাকে নির্ভুল রাখতে সহায়তা করে। ব্যাকরণের নিয়মকানুন সব সময় এক রকম থাকে, এমন বলা যায় না। ভাষাকে জোর করে ব্যাকরণের নিয়মের মধ্যে আটকে রাখা যায় না। কখনো কখনো কোনো ভুল প্রয়োগও সবাই মেনে নেয়। তখন তা ব্যাকরণের নিয়ম হয়ে ওঠে। এভাবে ভাষা ব্যাকরণের সীমানা ডিঙিয়ে যায়। তাই বলা হয়, ব্যাকরণ ভাষাকে শাসন করে না, ভাষাই ব্যাকরণকে শাসন করে। তাই ব্যাকরণ ভাষার সংবিধান হলেও তা অপরিবর্তনীয় নয়। ভাষার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাকরণের নিয়মেরও পরিবর্তন ঘটে। ভাষা সৃষ্টি হয়েছে আগে, ব্যাকরণ এসেছে তার পরে। তাই ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে থাকে, ভাষা ব্যাকরণকে অনুসরণ করে না। অনবরত ব্যবহারে ভাষার যে নিয়ম দাঁড়িয়ে যায় বা প্রচলিত হয়ে যায়! তা-ই ব্যাকরণের নিয়ম হয়ে ওঠে। ভাষা পরিবর্তনেরও কিন্তু নিয়ম আছে। তা নির্ধারণের জন্য ব্যাকরণের প্রয়োজন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল