২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১: পাঠ-২  ব্যাকরণশিক্ষার্থীবৃন্দ, আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে ধারাবাহিক আলোচনায় আজ রয়েছে ব্যাকরণের কাজ এবং প্রয়োজনীয়তা।ব্যাকরণের কাজ:ব্যাকরণের কাজ হলো ভাষার বিশ্লেষণ করা। প্রচলিত ভাষার মধ্যে যেসব নিয়মকানুন বিদ্যমান রয়েছে, ব্যাকরণ সে সম্পর্কে আলোচনা করে। এর ফলে ভাষার শৃৃঙ্খলা সম্পর্কে জানা যায়। ব্যাকরণ ভাষা সম্পর্কে যে জ্ঞান দান করে, তার মাধ্যমে ভাষাকে বিশুদ্ধ রাখার সুযোগ ঘটে। ভাষার পূর্ণরূপ প্রকাশ পায় একেকটি বাক্যে। বাক্য গঠিত হয় পদ বা শব্দ সহযোগে। শব্দ আসে ধ্বনির সংযোগে। ব্যাকরণ এভাবে বাক্য, শব্দ ও ধ্বনি নিয়ে কাজ করে।ব্যাকরণের কাজের ভিত্তি হলো ধ্বনি ও বর্ণ, শব্দ ও পদ এবং বাক্য। এগুলো নিয়েই ব্যাকরণের কাজ। ব্যাকরণে ধ্বনি বা বর্ণের আলোচনাকে বলে ধ্বনিতত্ত্ব। তেমনি শব্দ বা পদের আলোচনাকে বলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। আর বাক্যের আলোচনাকে বলে বাক্যতত্ত্ব। এসব নিয়েই ব্যাকরণের কাজের সীমারেখা নির্দেশ করা যায়। এভাবে ব্যাকরণের বিষয়কে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়।১. ধ্বনিতত্ত্ব: এতে থাকে ধ্বনির বিভিন্ন দিক—বর্ণপ্রকরণ, বর্ণের উচ্চারণ, বর্ণবিন্যাস, সন্ধি, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ইত্যাদি। ২. রূপতত্ত্ব: এতে আছে শব্দ ও পদের নানাদিক—শব্দ গঠন, প্রত্যয়, উপসর্গ, পদপরিচয়, লিঙ্গ, পুরুষ, বচন, শব্দ ও ধাতুরূপ, সমাস, কারক ইত্যাদি। রূপতত্ত্বকে ব্যাকরণে পদপ্রকরণও বলা হয়।৩. বাক্যতত্ত্ব: এতে থাকে বাক্যগঠন, বাক্যের বিশ্লেষণ, বাক্যের ব্যবহার ইত্যাদি।ব্যাকরণের প্রয়োজনীয়তা:ব্যাকরণ পাঠের মাধ্যমে কোনো ভাষার ভেতরের সব বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক ধারণা করা যায়। ব্যাকরণে ভাষার নিয়মকানুন আলোচিত হয় বলে তা জানার প্রয়োজনীয়তা রয়েছে। দীর্ঘদিন ধরে কীভাবে ভাষার বিকাশ ঘটেছে, যুগে যুগে তার কী পরিবর্তন ঘটেছে এবং বর্তমানে ভাষা কোন রূপ লাভ করেছে—এসব জানার জন্য ব্যাকরণের সাহায্য গ্রহণ করতে হয়।ব্যাকরণের বিশেষ একটি প্রয়োজন হলো ভাষার বিশুদ্ধতা রক্ষা করা। ব্যাকরণের সাহায্য নিয়ে ভাষার বিশুদ্ধতা রক্ষা করা হয়। ভাষার নিয়মরীতি জানা থাকলে ভাষার সঠিক রূপ রক্ষা করা সহজ হয়। সব সময় ভাষার কিছু না কিছু পরিবর্তন হয়। নিয়ম জানা না থাকলে ভাষার প্রয়োগে ভুল হয়ে থাকে। এসব ভুল থেকে ভাষাকে রক্ষা করে ব্যাকরণ। নিয়ম জানা থাকলে একদিকে যেমন ভাষা ব্যবহারে ভুল হয় না, তেমনই অন্যদিকে ভাষার প্রকাশক্ষমতা বাড়ানো যায়।ভাষা নির্ভুলভাবে লেখা, পড়া বা বলার জন্য ব্যাকরণ সঠিক পথটি দেখায়। ব্যাকরণের জ্ঞান ভাষার নৈপুণ্য লাভের সহায়ক বলে বিবেচিত হয়। ব্যাকরণ না জানলে ভাষার আদর্শ থেকে বিচ্যুত হতে হয়। নির্ভুল ভাষাই উন্নতমানের সাহিত্যের বাহন হতে পারে। ব্যাকরণ তার সহায়তা করে।