২০১২ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭  বাংলাদেশের রাষ্ট্র ও সরকারব্যবস্থা শিক্ষার্থীবৃন্দ, আজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। # ডেমরা উপজেলার দক্ষিণগাঁ গ্রামের অধিবাসীরা প্রতিবছরই ডিএনডি বাঁধের কারণে জলাবদ্ধতার কবলে পড়ে। আবার গ্রীষ্মের তাপদাহে সেখানে পানিশূন্যতা দেখা দেয়। এমতাবস্থায় সেখানে সরকারি উদ্যোগে কয়েকটি গভীর নলকূপ বসানো হলো। পাশাপাশি বাঁধ সংস্কারেরও উদ্যোগ নেওয়া হলো। প্রশ্ন: ক. সরকার কী? প্রশ্ন: খ. জাতীয়তাবাদ ধারণাটি ব্যাখ্যা করো। প্রশ্ন: গ. গ্রামটিতে সরকারি উদ্যোগে স্থাপিত বাঁধ সংস্কার ও নলকূপ স্থাপনের কাজটি সরকারের কোন পর্যায়ের কাজ? বিশ্লেষণ করো। প্রশ্ন: ঘ. বাঁধ সংস্কার, নলকূপ বসানো ছাড়াও উক্ত পরিষদের আরও কাজের বিবরণ দাও। উত্তর: ক. রাষ্ট্রের অপরিহার্য চারটি মৌলিক উপাদানের একটি হচ্ছে সরকার। এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। রাষ্ট্র পরিচালনার সব কাজ সরকারের মাধ্যমে সম্পাদিত হয়।উত্তর: খ. একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে, একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। উত্তর: গ. উদ্দীপকে উল্লিখিত দক্ষিণগাঁ গ্রামে সরকারি উদ্যোগে স্থাপিত নলকূপ ও বাঁধ সংস্কারের কাজটি গণতান্ত্রিক সরকারব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থানীয় সরকারের কাজ। স্থানীয় সরকার একটি স্বশাসিত জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান, যা সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণমুক্ত। জনকল্যাণকর বিভিন্ন ধরনের কাজ করার পাশাপাশি স্থানীয় সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ এবং উন্নয়নমূলক কাজের উল্লেখযোগ্য উদাহরণ হলো—বাঁধ সংস্কার ও নলকূপ স্থাপন। স্থানীয় পর্যায়ের উন্নয়নের মূল চাবিকাঠি হলো স্থানীয় সরকারের হাতে। উত্তর: ঘ. উদ্দীপকে উল্লিখিত পরিষদটি হলো ইউনিয়ন পরিষদ। এই পরিষদের জনহিতকর কাজের মধ্যে দুটি কাজের উল্লেখ এখানে রয়েছে। তা হলো—বাঁধ সংস্কার ও নলকূপ বসানো। এ ছাড়া ইউনিয়ন পরিষদ আরও অনেক দায়িত্ব পালন করে থাকে। সরকারের গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে স্থানীয় পর্যায়ের সমস্যার সহজ সমাধান দিয়ে থাকে ইউনিয়ন পরিষদ। এ পরিষদের বহুবিধ উন্নয়নমূলক দায়িত্বগুলো হলো—১. ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন।২. বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা। ৩. এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও জমির খাজনা আদায় করা। ৪. জনগণকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা এবং পরিবার-পরিকল্পনা বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টি করা। ৫. এলাকায় কোনো অপরাধ ঘটলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো।এ ছাড়া গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, বয়স্কদের শিক্ষাদান, নিরক্ষরতা দূরীকরণ ইত্যাদি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য ছোটখাটো বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা করা।