ধ্বনি ও বর্ণ প্রকরণপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ধ্বনি ও বর্ণ প্রকরণ থেকে নমুনা প্রশ্নোত্তর নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আজ তোমাদের জন্য রয়েছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংজ্ঞা ও উদাহরণ নিয়ে আলোচনা।লক্ষ্য কর: সংস্কৃত ভাষার ব্যাকরণের অনুসরণে ণ-এর উচ্চারণ স্থানকে মূর্ধা বলা হয়। প্রকৃতপক্ষে বাংলা ভাষায় ‘ণ’-এর উচ্চারণ ন-এর মতোই (দন্ত্য উচ্চারণ)। তবে ট, ঠ, ড, ঢ-এর পূর্বে সংযুক্ত হলে তার উচ্চারণ স্থানকে মূর্ধা বলা যায়। অন্যত্র ন-এর দন্ত্য উচ্চারণই হয়। কেবল শব্দের ব্যুৎপত্তির জন্য বানানে ‘ণ’ রক্ষিত হয়েছে। ব্যঞ্জনধ্বনির উচ্চরণের মধ্যে নানা রকম বৈচিত্র্য দেখা যায়। এই বৈচিত্র্যের জন্য ব্যঞ্জনধ্বনিগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেমন: স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি: যে ধ্বনি উচ্চারণের সময় জিভ মুখের বিভিন্ন অংশ এবং এক ঠোঁট আরেক ঠোঁটকে স্পর্শ করে তাকে স্পর্শ বা স্পৃষ্ঠধ্বনি বলা হয়। যেমন: ক থেকে ম পর্যন্ত ২৫টি ব্যঞ্জনধ্বনি স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জনবর্ণ বলে বিবেচিত। # কণ্ঠ, তালু, মূর্ধা, দাঁত ও ঠোঁট—এই পাঁচটি উচ্চারণ স্থানের জন্য স্পর্শবর্ণগুলোকে পাঁচটি বর্গ বা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এদের প্রথম বর্ণের নাম অনুসারে বর্গের নাম নির্দেশ করা হয়। যেমন: ক-বর্গ ক, খ, গ, ঘ, ঙ চ-বর্গ চ, ছ, জ, ঝ, ঞ ট-বর্গ ট, ঠ, ড, ঢ, ণ ত-বর্গ ত, থ, দ, ধ, ন প-বর্গ প, ফ, ব, ভ, ম নাসিকা ধ্বনি: এক প্রকার ধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখের সঙ্গে নাক দিয়েও বের হয় বলে এগুলোকে নাসিক্য ধ্বনি বলা হয়। বাংলা ব্যঞ্জনবর্গের ঙ, ঞ, ণ, ন, ম—এই পাঁচটি নাসিক্য বর্ণ। অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি: উচ্চারণের সময় ফুসফুসের বাতাস কখনো কম, কখনো বেশি হয়। এই কমবেশির জন্য ব্যঞ্জনধ্বনিকে যথাক্রমে অল্পপ্রাণ ধ্বনি ও মহাপ্রাণ ধ্বনি—এই দুই ভাগে ভাগ করা হয়েছে।বাংলা অল্পপ্রাণ বর্ণ: প্রত্যেক বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ উচ্চারণের সময় বাতাস কম বের হয় বলে এগুলোকে অল্পপ্রাণ বর্ণ বলে অর্থাৎ বর্গীয় অল্পপ্রাণ বর্ণগুলো হচ্ছে: ক, গ, চ, জ, ট, ড, ত, দ, প, ব এবং ঙ, ঞ, ণ, ন, ম, য, র, ল ও ড় অল্পপ্রাণ বর্ণ। বাংলা মহাপ্রাণ বর্ণ: প্রত্যেক বর্গে দ্বিতীয় ও চতুর্থ বর্ণ উচ্চারণকালে বাতাস বেশি বের হয় বলে এগুলোকে মহাপ্রাণ বর্ণ বলে। বর্গীয় মহাপ্রাণ বর্ণগুলো হচ্ছে: খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ। এ ছাড়া শ, ষ, স, হ ও ঢ মহাপ্রাণ বর্ণ। # স্বরতন্ত্রী কম্পনের দিক থেকে ব্যঞ্জনধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়: ১. ঘোষধ্বনি ২. অঘোষধ্বনি। ঘোষধ্বনি: যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে, সেগুলোকে ঘোষধ্বনি বলে। প্রতি বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ এই শ্রেণীতে পড়ে। যেমন: গ, ঘ, ঙ, জ, ঝ, ঞ, ড, ঢ,ণ, দ, ধ, ন, ব, ভ, ম এবং য, ল, ব এবং হ ঘোষবর্ণ।অঘোষধ্বনি: যে ধ্বনি উচ্চারণকালে স্বরতন্ত্রী কাঁপে না, তাকে অঘোষধ্বনি বলে। বাংলা অঘোষ ব্যঞ্জনবর্ণগুলো হচ্ছে— ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ এবং শ, ষ, স। উষ্মধ্বনি: উষ্ম বা শ্বাস যতক্ষণ থাকে ততক্ষণ যেসব বর্ণ উচ্চারণ করা যায়, সেগুলোকে উষ্মধ্বনি বলে। বাংলা ভাষায় উষ্মবর্ণগুলো হচ্ছে:শ, ষ, স, হ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল