অধ্যায়-১ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রতিবছরই রচনামূলক প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সে আলোকে আজ তোমাদের পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন: তোমাদের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের নাম লেখো। উত্তর: আমাদের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ নিচে দেওয়া হলো।১। রাস্তাঘাট নির্মাণ, সংস্কার ও সংরক্ষণ।২। পুল, সাঁকো, সেতু, কালভার্ট নির্মাণ, সংস্কার ও সংরক্ষণ।৩। ধর্মীয় স্থান, সরকারি প্রতিষ্ঠান ও সম্পদ সংরক্ষণ।৪। গাছ লাগানো, পরিচর্যা ও সামাজিক বনায়ন।৫। এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।৬। ঝোপঝাড়, পুকুরের কচুরিপানা ও ড্রেন পরিষ্কার করে মশা নিধনের ব্যবস্থা করা।৭। নিরাপদ পানি পান সম্পর্কে সবাইকে সচেতন করা।৮। এলাকার পানি সরবরাহের উৎসের যত্ন নেওয়া।৯। খাল খননের ব্যবস্থা করে পানি নিষ্কাশন ও সংরক্ষণের ব্যবস্থা করা।১০। এলাকায় শিক্ষার উন্নয়নের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং নিরক্ষরতা দূরীকরণ কার্যক্রম গ্রহণ করা। ১১। এলাকার লোকজনকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা।১২। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা ইত্যাদি। প্রশ্ন: যাতায়াত ব্যবস্থার উন্নয়নে আমাদের করণীয় সম্পর্কে লেখো। উত্তর: আমরা কেউ সারা দিন নিজের বাসায় অবস্থান করি না। নানা প্রয়োজনে প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে হয়। এ কাজে আমরা রাস্তা, সাঁকো, সেতু ইত্যাদি ব্যবহার করি। এগুলো পর্যাপ্তসংখ্যক থাকলে যাতায়াত ব্যবস্থা উন্নত হয়। আমাদের চলাচল সহজ হয়। মালামাল পরিবহনে সুবিধা হয়। ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়। তাই আমরা আমাদের নিজ নিজ এলাকায় রাস্তাঘাট, সাঁকো, সেতু ইত্যাদির যত্ন নেব। সম্ভব হলে এগুলো নির্মাণ ও সংস্কারে সাহায্য করব। অযথা রাস্তাঘাট কেটে নষ্ট করব না। ময়লা আবর্জনা ও অন্য কোনো জিনিস রাস্তার ওপর স্তূপাকারে রেখে চলাচলে অসুবিধা সৃষ্টি করব না। মনে রাখতে হবে, এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। আমরা আমাদের সাধ্যমতো বড়দের সঙ্গে এ কাজে অংশ নেব। সবাইকে এ বিষয়ে সচেতন করব। প্রশ্ন: পরিবেশ সুন্দর রাখার প্রয়োজনীয়তা লেখো। পরিবেশ রক্ষায় আমাদের করণীয় কী? উত্তর: সুন্দর, সুস্থ জীবনযাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন। পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে গাছ। পরিবেশে যদি প্রয়োজনীয়সংখ্যক গাছ না থাকে, তাহলে আমাদের নানা রকম অসুবিধা হতে পারে। গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন আমরা গাছ থেকে পেয়ে থাকি। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান যেমন—খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি গাছ থেকে আসে। অনেক প্রয়োজনীয় ওষুধ গাছ থেকে পাওয়া যায়। গাছ মাটির ক্ষয়রোধ করে। প্রচণ্ড গরম গাছের ছায়ায় আমরা একটু শীতল পরশ পাই। কিন্তু আমরা অনেক সময় গাছের গুরুত্ব না বুঝে নির্বিচারে গাছ কাটি। অনেক সময় শিশুরা রাস্তায় চলার পথে অপ্রয়োজনে গাছের ডালপালা ভেঙে ফেলে রাখে। কোনো কারণে একটি গাছ কাটলে নতুন করে আর গাছ লাগানো হয় না। এতে আমাদের বসবাসের পরিবেশ নষ্ট হয়। প্রয়োজনীয় গাছপালার অভাবে তাপমাত্রা বেড়ে যায়। পরিবেশ বিজ্ঞানীদের মতে, নির্বিচারে গাছপালা কাটার ফলে আমাদের দেশে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে পরিবেশের বিপর্যয় দেখা দিতে পারে। অতিরিক্ত গাছ কাটার ফলে দেশের আবহাওয়া ও ভূ-প্রকৃতিতে মরুকরণ প্রক্রিয়া শুরু হতে পারে। পরিবেশ রক্ষায় আমাদের যা যা করতে হবে:১। আমরা নিজের বসতবাড়ি, রাস্তাঘাট ও বিদ্যালয়ের আশপাশে গাছ লাগাব।২। এসব গাছে প্রয়োজনমতো বেড়া ও পানি দেব এবং এগুলো পরিচর্যা করব।৩। অযথা গাছ কাটব না। গাছের ডাল ভাঙব না। কোনো কারণে একটি গাছ কাটলে আরেকটি গাছ লাগাব। ৪। শহরে যাদের বাড়িতে খোলা জায়গার অভাব রয়েছে, তারা বাড়ির বারান্দায় বা ছাদে টবে করে গাছ লাগাবে এবং এগুলো পরিচর্যা করবে। ৫। কেউ গাছের ক্ষতি করলে তাকে এ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেব।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল