আষাঢ়পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক প্রীতি ও শুভেচ্ছা।আলোচ্যসূচিতে আজ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আষাঢ়’ কবিতা। ভরা বর্ষার মাস আষাঢ়। এ সময় আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। সারা দিন অবিরাম বৃষ্টি ঝরে। ধানের খেত জলে ভরে ওঠে। চারদিকে অন্ধকার ঘনিয়ে আসে। এ সময় বাইরে যাওয়ার উপায় থাকে না। এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়ার বর্ণনায় বৈচিত্র্যে ভরা ‘আষাঢ়’ কবিতা।চলো, তাহলে বর্ষার বৈচিত্র্যে ভরা আষাঢ় কবিতার কয়েকটি প্রশ্নের নমুনা-উত্তর দেখে নেওয়া যাক। তার আগে বলে নিচ্ছি, প্রতিটি কবিতা ও কবির নামসহ আয়ত্তে আনার পাশাপাশি কবিতার মূল ভাব অবশ্যই ভালোভাবে শিখে নেবে।প্রশ্ন: আষাঢ় মাসে আকাশ কেমন দেখা যায়?উত্তর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘আষাঢ়’ কবিতায় আষাঢ় মাসে আকাশের অবস্থা সুনিপুণভাবে তুলে ধরেছেন। আষাঢ় মাসে প্রকৃতি এক ভিন্ন রূপ ধারণ করে। এ সময় আকাশ কালো মেঘে ঢেকে যায়। নতুন মেঘের আবরণে আচ্ছাদিত হয় নীল আকাশ। তিল পরিমাণ ফাঁকা জায়গা আকাশের কোথাও খুঁজে পাওয়া যায় না। কালিমাখা মেঘের কারণে চারদিকে অন্ধকার ঘনিয়ে আসে। সারা দিন অবিরাম বৃষ্টি ঝরে। বলা যায়, আষাঢ় মাসে আকাশ তার চিরপরিচিত রূপ হারিয়ে ফেলে। নীল আকাশ মেঘলা আকাশে পরিণত হয়। প্রশ্ন: আউশের খেত কীভাবে জলে ভরে যায়?উত্তর: ভরা বর্ষার মাস আষাঢ়। এ সময় আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। চারদিক অন্ধকার করে অঝোর ধারায় বৃষ্টি ঝরে। অবিশ্রান্ত বৃষ্টির ধারায় গ্রামের মাঠ-ঘাট, প্রান্তর প্লাবিত হয়। এভাবে অবিরাম বর্ষণের ফলে আউশের খেত জলে ভরে যায়।প্রশ্ন: কৃষক কী জন্য এত উদ্বিগ্ন?উত্তর: আষাঢ় মাস ভরা বর্ষার মাস। মেঘে মেঘে আকাশ ঢেকে যায়। সারা দিন অবিরাম বৃষ্টি ঝরে। অবিশ্রান্ত বৃষ্টির ধারায় পথঘাট-প্রান্তর প্লাবিত হয়। কালো মেঘের আড়ালে থেকে সূর্য বেরিয়ে আসতে পারে না বলে সন্ধ্যার আগেই চারদিকে অন্ধকার নেমে আসে। খেয়া পারাপার বন্ধ হয়ে যায় সন্ধ্যার আগেই। রাখাল ছেলে এবং মাঠের কাজে যাওয়া লোকজন সন্ধ্যার আগে ঘরে ফিরে না এলে অসুবিধায় পড়বে। খেয়া পারাপার বন্ধ হয়ে গেলে ওরা ঘরে ফিরতে পারবে না। তাই কৃষক এত উদ্বিগ্ন। এ ছাড়া সন্ধ্যার আগে সাদা গাভিটি গোয়ালে আনার জন্যও কৃষক উদ্বিগ্ন।প্রশ্ন: গাভিটি এত ঘনঘন ডাকছে কেন?উত্তর: আষাঢ় মাসে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। চারদিকে অন্ধকার নেমে আসে। অঝোর ধারায় বৃষ্টি ঝরে। প্রকৃতির এই প্রতিকূল পরিবেশে সবাই নিরাপদ আশ্রয় খোঁজে। সন্ধ্যায় ছায়া নেমে আসছে দেখে কৃষকের গাভিটিও ভীত হয়ে পড়ে। সেও সন্ধ্যার আগে নিরাপদ আশ্রয়ে যেতে চায়। কালো মেঘের বৃষ্টি থেকে রক্ষা পেতে চায়। তাই গাভিটি তার নিরাপদ আশ্রয় গোয়ালে ফিরে যাওয়ার জন্য এত ঘনঘন ডাকছে।প্রশ্ন: খেয়া পারাপার বন্ধ হওয়ার কারণ কী?উত্তর: আষাঢ় মাসের ভরা বর্ষায় গ্রামবাংলার মাঠ-ঘাট-প্রান্তর প্লাবিত হয়। ঘন কালো মেঘে আকাশ ছেয়ে যায়। বৃষ্টি ঝরে অবিরাম। সন্ধ্যার আগেই চারদিক অন্ধকার হয়ে আসে। পূর্ব দিক থেকে জোরে বাতাস বইতে থাকে। ঢেউ ওঠে নদীর দুই কূল ছাপিয়ে। ঢেউয়ের পরে ঢেউ আছড়ে পড়ে। এমন দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়ায় খেয়া পারাপার বিপজ্জনক। যেকোনো মুহূর্তে খেয়ানৌকা দুর্ঘটনায় পড়তে পারে। এসব প্রতিকূল পরিবেশের কারণে সন্ধ্যার আগেই খেয়া পারাপার বন্ধ হয়ে যায়। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল