২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩ ও ৪  প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রতিবছরই রচনামূলক প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সে আলোকে আজ তোমাদের পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। অধ্যায়: তিন প্রশ্ন: সুনাগরিকের কী কী গুণ থাকা দরকার?উত্তর: আমরা আমাদের প্রতিবেশীসহ সমাজের সবার সঙ্গে সদ্ভাব রাখব এবং সবার সঙ্গে সদাচরণ করব। প্রতিবেশী ও অন্যদের বিপদে আপদে সাহায্য করব। বড়দেব সম্মান করব। পরিবারের বৃদ্ধ সদস্যদের সেবা করব ও যত্ন নেব। গরিব দুঃখীদের সাহায্য করব। ছোট-বড় কারও মনে কষ্ট দেব না। ছোটদের ভালোবাসব। এভাবে আমরা ভালো বা ন্যায় কাজ করব। কাউকে কটু কথা বলা, কারও সঙ্গে ঝগড়াবিবাদ করা, শিক্ষক ও গুরুজনদের অসম্মান করা, গরিব দুঃখীদের হেয় চোখে দেখা ইত্যাদি মন্দ ও অন্যায় কাজ। আমরা কখনো মন্দ বা অন্যায় কাজ করব না। এ রকম কাজ যদি কেউ করে তাহলে তাকে সমর্থন করব না। আমাদের সবার দায়িত্ব সব সময় ন্যায় কাজকে সমর্থন করা এবং অন্যায় কাজ বর্জন করা। আমরা নিয়মিত নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবে যোগ দেব। অন্যকেও যোগ দিতে উৎসাহিত করব। এসব অনুষ্ঠান কেউ যাতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সেদিকে খেয়াল রাখব। আমাদের চরিত্র গঠন, নৈতিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে এবং সুনাগরিক হিসাবে গড়ে উঠতে ধর্মীয় আচার অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। আমরা ধার্মিক ব্যক্তিদের সম্মান করব। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সংরক্ষণে সচেতন থাকব।অধ্যায়: চারপ্রশ্ন: পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের করণীয় কী কী?উত্তর: মানুষ যেখানে থাকে তা পরিষ্কার রাখা একান্ত প্রয়োজন। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সুস্থ রাখে। বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত রাখে, আবার আমাদের মনও ভালো রাখে। শরীর ও মন ভালো থাকলে লেখাপড়া ভালো হয়। আমাদের চারপাশের পরিবেশ দূষণমুক্ত রাখতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বাড়ি পরিষ্কার ও সুন্দর রাখার জন্য আমাদের প্রতিদিন সকাল ও বিকাল ঘর ও উঠোন ঝাঁট দিতে হবে। আসবাব পত্র মুছতে হবে। বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। নিয়মিত গোসলখানা ও শৌচাগার পরিষ্কার করতে হবে। বাড়ির সব ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। পরিবারের সদস্য হিসেবে বাবা-মায়ের সঙ্গে বাড়ি পরিষ্কার রাখলেই চলবে না। সমাজের সদস্য হিসেবে আমাদের পাড়া বা মহল্লাও পরিষ্কার রাখা প্রয়োজন। পাড়া বা মহল্লার রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে। নালা-নর্দমা পরিষ্কার রাখতে হবে। পাড়ার মাঠ, পুকুর বা জলাশয় পরিষ্কার রাখা একান্ত প্রয়োজন। এসব জায়গা নোংরা বা অপরিষ্কার থাকলে মশামাছিসহ নানা কীটপতঙ্গের জন্ম হয়। ফলে ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগ ছড়ায়। ফুলের টব বা ঘরের কোণে পানি জমে থাকলে তা থেকে এডিস মশার জন্ম হয়। যা থেকে ডেঙ্গুর মতো মারাত্মক রোগ হয়। বড়দের সঙ্গে পাড়া ও মহল্লা পরিষ্কার রাখার কাজে সমাজের সদস্য হিসেবে আমরাও অংশগ্রহণ করব। আমরা সবাই লেখাপড়ার জন্য বিদ্যালয়ে যাই। দিনের অনেকটা সময় বিদ্যালয়ে কাটাই। বিদ্যালয়কে আমরা ভালোবাসি। বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সবার দায়িত্ব। বিদ্যালয় অপরিষ্কার থাকলে লেখাপড়ায় যেমন মন বসতে চায় না, তেমনি তা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।ধুলোবালি, ছেঁড়া-নোংরা কাগজ, খাদ্যের উচ্ছিষ্ট, দেয়ালে লিখন, যেখানে-সেখানে কফ, থুতু ফেলা ইত্যাদি বিদ্যালয়কে অপরিচ্ছন্ন করে। বিদ্যালয়ের আশপাশের আগাছা নর্দমা ও অপরিষ্কার জলাশয় বিভিন্ন রোগ-ব্যাধির কারণ হতে পারে। বিদ্যালয়ের শৌচাগার যদি অপরিষ্কার থাকে তাহলেও বিভিন্ন রোগ হতে পারে। তাই আমরা সহপাঠীরা দলগতভাবে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, খেলার মাঠ, বিদ্যালয় প্রাঙ্গণ ইত্যাদি পরিচ্ছন্ন রাখব। নিজের কাজ নিজে করার আনন্দ উপভোগ করব। এভাবে সবাই বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করলে আমাদের পরিবেশ সুন্দর থাকবে এবং শ্রমের মর্যাদাও প্রতিষ্ঠিত হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল