২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৬ ও ৭  প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রতিবছরই রচনামূলক প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সে আলোকে আজ তোমাদের পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।অধ্যায়: ৬প্রশ্ন: একজন নেতা সমাজের জন্য কী করতে পারেন? উত্তর: কোনো কাজ যিনি সবার সামনে থেকে করেন, সবাইকে দিকনির্দেশনা দেন, তিনিই নেতা। মূলত যিনি কোনো একটি দলের নেতৃত্ব দেন, তিনিই নেতা। সমাজে নেতার প্রয়োজন রয়েছে। নেতা একটি বিশৃঙ্খল সমাজকে জাগিয়ে তুলতে পারেন। সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা দিতে পারেন। এতে করে সামাজিক শৃঙ্খলা ফিরে আসবে। অর্থনৈতিক উন্নয়ন হবে। সমাজের সবার জীবন সুন্দর হবে। নেতা তাঁর যোগ্যতা ও দক্ষতা দিয়ে সমাজে কাজ সুষ্ঠুভাবে সমাধা করেন। অধ্যায়: ৭প্রশ্ন: নাগরিক কাকে বলে? নাগরিকের দায়িত্ব ও কর্তব্যগুলো লেখো।উত্তর: বিশ্বের সব মানুষই কোনো না কোনো দেশের নাগরিক। নাগরিক হলো তারা, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে। রাষ্ট্রের প্রতি অনুগত থাকে। রাষ্ট্রের কল্যাণ কামনা করে। রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। নাগরিকের দায়িত্ব ও কর্তব্য: অধিকার ভোগের পাশাপাশি রাষ্ট্রের প্রতি নাগরিকের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। নাগরিক যদি রাষ্ট্রের প্রতি তার কর্তব্য যথাযথভাবে পালন না করে, তাহলে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, শান্তি নষ্ট হবে এবং রাষ্ট্রের উন্নতি ব্যাহত হবে। তাই নাগরিককে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। নিচে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হলো—আনুগত্য: নাগরিকরে প্রথম ও প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। আনুগত্য বলতে রাষ্ট্রের প্রতি অনুগত থাকা বোঝায় এবং এটি রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা ও উন্নতির জন্য অত্যাবশ্যক। সততার সঙ্গে ভোট দান: এটি নাগরিকের একটি অবশ্য কর্তব্য। এর মাধ্যমে একজন নাগরিক রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করে। আইন মেনে চলা: নাগরিকদের জীবন যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এ জন্য রাষ্ট্র বিভিন্ন প্রকার আইন প্রণয়ন করে। এসব আইন যথাযথভাবে মেনে চলা প্রতিটি নাগরিকের কর্তব্য। কর দেওয়া: দেশের শাসনকার্য পরিচালনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অর্থের প্রয়োজন। নাগরিকদের ওপর কর আরোপ করে রাষ্ট্র এই অর্থ সংগ্রহ করে। ধর্মীয় সহিষ্ণুতা: বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্যান্য ধর্মের প্রতি সম্মান দেখানো প্রতিটি নাগরিকের কর্তব্য। রাষ্ট্র প্রদত্ত দায়িত্ব পালন: দেশের কল্যাণের জন্য রাষ্ট্র মাঝেমধ্যে নাগরিকদের কিছু দায়িত্ব পালনের নির্দেশ দেয়। এ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা প্রতিটি নাগরিকের কর্তব্য। সন্তানকে সুশিক্ষা দান: সন্তানদের উপযুক্ত শিক্ষা দিয়ে সুনাগরিক করে গড়ে তোলা প্রতিটি নাগরিকের অন্যতম কর্তব্য। এসব কর্তব্য পালন ছাড়াও সুনাগরিক হতে হলে নাগরিকের তিনটি প্রধান গুণ থাকতে হবে। এ তিনটি গুণ হচ্ছে, বিভিন্ন কর্মকাণ্ডে বুদ্ধি, বিবেক ও সংযম প্রদর্শন করা।প্রশ্ন: নাগরিকের কেন কর প্রদান করা উচিত? কর প্রদান না করলে কী অসুবিধা হয়? উত্তর: নাগরিক রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন অধিকার ভোগ করে। পাশাপাশি প্রতিটি নাগরিকের রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। দেশের শাসনকাজ পরিচালনা ও উন্নয়নমূলক কাজ করার জন্য অর্থের প্রয়োজন। নাগরিকদের ওপর কর আরোপ করে রাষ্ট্র এই অর্থ সংগ্রহ করে। তাই রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নাগরিকের কর প্রদান করা উচিত। কর প্রদান না করলে অসুবিধা: নাগিরকেরা রাষ্ট্রের কাছ থেকে যেরূপ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে থাকে, তেমনি রাষ্ট্রের প্রতি নাগরিকেরও কিছু কর্তব্য পালন করতে হয়। সমাজে সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য আমাদের অর্থনৈতিক অধিকার প্রয়োজন। নাগরিকদের জীবন সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ও রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ করার জন্য রাষ্ট্রের অর্থের প্রয়োজন হয়। নাগরিকদের ওপর কর আরোপ করে রাষ্ট্র এই অর্থ সংগ্রহ করে। তাই নিয়মিত কর প্রদান করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। কর প্রদান না করলে রাষ্ট্রের শাসনকাজ পরিচালনা করতে অসুবিধা হবে এবং দেশের উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটবে।