অধ্যায়-৭ প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রতিবছরই রচনামূলক প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সে আলোকে আজ তোমাদের পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।প্রশ্ন: সুষ্ঠু নির্বাচনে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য কী? নাগরিক এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে কী সমস্যা দেখা দিতে পারে? উত্তর: নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে বিভিন্ন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য নিম্নরূপ—১. নির্বাচনের মাধ্যমে সৎ, ন্যায়পরায়ণ ও উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করতে হবে। ২. প্রতিটি ভোটাধিকারপ্রাপ্ত নাগরিককে ভোট প্রদান করতে হবে। ৩. সততার সঙ্গে সব নাগরিককে ভোট দিতে হবে। ৪. নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রণীত সব আইন মেনে চলতে হবে। ৫. নির্বাচন পরিচালনাসংক্রান্ত সব আচরণবিধি মেনে চলতে হবে। নাগরিকের দায়িত্ব পালনে ব্যর্থ হলে সৃষ্ট সমস্যা: নির্বাচনে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত না হলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। অনেক সময় সুষ্ঠু নির্বাচনের অভাবে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করা সম্ভব হয় না। এতে দেশের ক্ষতি হয়। তাই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করা নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। প্রশ্ন: নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কী কী অধিকার ভোগ করে? লেখো। উত্তর: নাগরিকেরা রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে। আমরা বাংলাদেশের নাগরিক। সে কারণে আমরাও রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকি। এসব সুযোগ-সুবিধা ভোগ করা আমাদের অধিকার। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেসব মৌলিক অধিকার ভোগ করি, সেগুলো প্রধানত তিন প্রকার। যথা: ক. সামাজিক অধিকার: সামাজিক জীবনের বিকাশের জন্য রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেসব অধিকার ভোগ করি, তাকে সামাজিক অধিকার বলে। আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ সামাজিক অধিকার হলো—ক) জীবন রক্ষার অধিকার খ) সম্পত্তি ভোগের অধিকার গ. নিজের মতামত প্রকাশের অধিকার ঘ. শিক্ষা লাভের অধিকার। খ. রাজনৈতিক অধিকার: দেশের রাজনীতি ও শাসনকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যক্ষ ও পরোক্ষ সুযোগকে রাজনৈতিক অধিকার বলে। এ অধিকারগুলো না থাকলে কোনো ব্যক্তিকে নাগরিক বলা যায় না। নাগরিকের রাজনৈতিক অধিকারগুলো হলো— ক) নির্বাচিত হওয়ার অধিকার বা নির্বাচনের ভোট দেওয়ার অধিকার। খ) রাষ্ট্রের যেকোনো স্থানে বসবাসের অধিকার গ) সরকারি চাকরির অধিকার ঘ) সরকারের সমালোচনা করার অধিকার গ. অর্থনেতিক অধিকার: জীবনধারণের জন্য আমরা যে কাজগুলো করি, সেগুলোই অর্থনৈতিক অধিকার। যেমন, আমরা কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি আবার কেউবা রিকশা চালাই। এগুলো আমাদের অর্থনৈতিক অধিকার। এ ছাড়া আরও রয়েছে ন্যায্য মজুরি লাভের অধিকার ও অবকাশ লাভের অধিকার।